জলিল মিয়ার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রণালয়ের সভাকক্ষে সাদেক সাহেবের বিদায়ী সংবর্ধনা। সাদেকুর রহমান, অতিরিক্ত যুগ্ম সচিব। আগামীকাল থেকে অবসরপ্রাপ্ত। চাকরিজীবনে তাঁর মতো সৎ, কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল কর্মকর্তা আজকের দিনে দুর্লভ। সংবর্ধনায় এই বিশেষণগুলোই উঠে আসছে বারবার, খুব সম্ভবত অধিকাংশেরই হূদয় থেকে। সচিব সাহেবের কথাতেই এর প্রমাণ পাওয়া যায়। ‘সাদেক সাহেবের মতো লোক ডিপার্টমেন্টের গৌরব, দেশের সম্পদ। তাঁর মতো সততার অনুসারী আমাদের আজ খুব বেশি দরকার...।’এবার বলার পালা সাদেক সাহেবের। কী বলবেন তিনি? বিদায়বেলা এমন প্রাণবন্ত সংবর্ধনা তাঁর চিন্তার অতীত। ছলছল কিন্তু দারুণ গর্বিত চোখে তিনি শুরু করলেন, ‘আপনাদের এই হূদয় নিংড়ানো ভালোবাসার প্রতিদান দেওয়ার ভাষা আমার জানা নেই...।’ অনেক কথা, সুখস্মৃতি আজ তার চোখের সামনে। অনেক অনুভূতিই আজ মূর্ত হয়ে উঠবে। কিন্তু হঠাৎ পেছনের দরজার পাশে বয়স্কমতো একজন লোককে দেখতে পেলেন, তাঁর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, হাসিটাও কেমন বাঁকা মনে হলো। চোখাচোখি হতেই বের হয়ে চলে গেল লোকটি। কেমন যেন চেনাচেনা মনে হলো লোকটিকে। বক্তৃতার খেই হারিয়ে ফেললেন সাদেক সাহেব। সংবর্ধনা পর্বের এখানেই সমাপ্তি।বাড়ি ফিরে আরও বিস্ময় অপেক্ষা করছে তার জন্য। ছেলে, ছেলের বউ, মেয়ে মিলে বাড়িটাকে সাজিয়ে তুলেছে। বিশাল এক কেক এনেছে, তাতে লেখা ‘আজ আমাদের ছুটি’। সন্ধ্যায় কেক কাটতে গিয়ে আবার অন্যমনস্ক হলেন সাদেক সাহেব। সেই লোকটির মুখ, হাসি ভেসে উঠল চোখে। ‘কী হলো আব্বু, কেকটা কাটো না’ মেয়ের তাড়া।রাতে বিছানায় গিয়ে কেমন অস্থির লাগছে। স্ত্রী প্রথমে ভাবলেন হয়তো এত দিনের কর্মস্থল, বন্ধুদের ছেড়ে আসায় মন খারাপ লাগছে, পরে নিজেই বললেন, ‘হ্যাঁ, মন তো খারাপ হবেই, এত দিনের সম্পর্ক।’ ‘কিন্তু জানো, এক লোক বয়স পঞ্চাশ-পঞ্চান্ন হবে, সাদা চাপ দাড়ি, আগে কোথায় যেন দেখেছি...’ এরপর দিনের ঘটনাটা খুলে বললেন তিনি। স্ত্রী অভয় দিলেন এসব মনের ভুল।কিন্তু দুই দিন যেতেই তার অস্থিরতা চরমে উঠল। সারা দিন শুধু ওই অদ্ভুত লোকটার ছবি চোখের সামনে ভেসে ওঠে। ঠিকমতো খাওয়া-দাওয়া, ঘুমও হচ্ছে না। আর থাকতে না পেরে পরের দিনই ছুটলেন অফিসের দিকে।সবাইকে জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ এমন অচেনা কাউকে দেখেইনি। বিষণ্ন মনে বাসায় ফিরে এলেন। হঠাৎ রাতে ঘুমের সময় চিৎকার দিয়ে উঠলেন, ‘পেয়েছি, আরে এ তো পিয়ন জলিল মিয়া, কিন্তু ও এ তো বছর পর...? সকাল হতেই আবার ছুটলেন অফিসের দিকে। যেভাবেই হোক খুঁজে পেতে হবে জলিল মিয়াকে, সমাধান করতে হবে এই হাসির রহস্যের। পুরোনো ফাইল ঘেঁটে বের করলেন জলিল মিয়ার গ্রামের ঠিকানা। যাক, এবার পেলেই হয় ব্যাটাকে।গ্রামে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল জলিল মিয়ার ঘর। ‘বাবা তো মারা গেছেন বছর দশেক হলো, আপনি এত দিন পর বাবার খোঁজ করছেন?’ অসম্ভব, এ কী করে হয়? কিন্তু সব জিজ্ঞেস করে, ছবি দেখে নিশ্চিত হলেন আসলেই এই সেই জলিল মিয়া। এমনকি ছেলেটি কবরও দেখাল। এখন তাহলে?খেতের আইল ধরে বিধ্বস্ত শরীর, মন নিয়ে ফিরে চলছেন সাদেক সাহেব। রহস্য সমাধানের বদলে আরও জটিল হলো। কিন্তু হঠাৎ তপ্ত দুপুরে, একা খেতে আবার আবির্ভূত হলো জলিল মিয়া।আশ্চর্য, তাকে দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেলেন সাদেক সাহেব। জলিল মিয়াই বলা শুরু করলেন, ‘স্যার, মনে আছে ৩০ বছর আগের কথা? আপনার বউয়ের অপারেশন, টাকার দরকার। কিন্তু আপনি সৎ মানুষ, ঘুষ খান না, হাতে এত টাকা নেই। বাধ্য হয়ে আমার দেখা ওই একবারই ঘুষ নিয়েছিলেন, মাত্র ১০ হাজার টাকা। মনে পড়ে স্যার? আমি দেখে ফেলেছিলাম। আপনার সেকি ভয় আর লজ্জা। আমি স্যার কাউকে বলিনি, কোনো দিনই না। আপনি তো সৎ, আর কোন পরিস্থিতিতে ওই কাজ করেছিলেন সে তো আমি জানি স্যার। কিন্তু ওই দিন সংবর্ধনায় সবাই যখন আপনার সততার প্রশংসা করছিল আর আপনিও ওই দিনটার কথা বেমালুম ভুলে গেলেন, তখন খুব কষ্টের হাসি পেল, স্যার। পাপ তো পাপই, স্যার। অনুশোচনা থাকতে হয় স্যার, ভুলে গেলে চলে না।’অবাক চোখে বাকরুদ্ধ সাদেক সাহেব। শুধু দেখলেন এই শূন্য মাঠে তপ্ত দুপুরে কোথায় যেন মিলিয়ে গেল জলিল মিয়া। ঠোঁটে সেই অবাক হাসি।  আহাদ আদনান হাসনাবাদ, ঢাকা জুট মিলস, দ. কেরানীগঞ্জ, ঢাকা।