জলে গড়া জীবনের শেষ যেখানে...
নিজের পড়ালেখার খরচ জোগাতে ছয় মাস আগে মৎস্য প্রকল্পে মাছ ধরার কাজ নিয়েছিল লিটন চন্দ্র দাস। সন্ধ্যা থেকে রাত তিনটা-চারটা পর্যন্ত কাজ করে ঘুমাতে যেত সে। সকালে ঘুম থেকে উঠে আবার বিদ্যালয়। ছয় মাস আগে বাবা কেশব চন্দ্র দাস অসুস্থ হওয়ার পর লিটন পণ করেছিল—যেভাবেই হোক এসএসসি পাস করে চাকরি করবে সে। মৎস্য প্রকল্পের সেই বড় জলাধার লিটনের প্রাণ কেড়ে নিতে না পারলেও ট্রাক উল্টে গত সোমবার ছোট্ট ডোবায় সলিল সমাধি হলো তার। গত বুধবার জলদাসপাড়ায় কুঁড়েঘরের সামনে মা মণিবালা দাস চিৎকার করে বলছিলেন ছেলের কথা—‘মেট্রিক পাস করে চাকরি করার ইচ্ছে ছিল আমার লিটনের। চাকরির পয়সায় একটা মোবাইল ফোন আর সাইকেল কিনবে বলে সব সময় বলত আমাদের।’ তাঁর কথা শেষ না হতেই প্রতিবেশী শ্রীমতী বলে উঠলেন, ‘পড়ালেখা হইরবাল্লাই হোলাডার জানপ্রাণ আছিল’ (পড়ালেখার প্রতি প্রবল টান ছিল ছেলেটার)।একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ধ্রুব নাথের অভিমান নিয়ে কষ্টে দিন পার করছেন তাঁর মা সুপ্রীতি নাথ। সন্তানের পড়াশোনায় ক্ষতি হবে ভেবে গত রোববার রথযাত্রা দেখতে দেননি মা। এ কারণে দুর্ঘটনার আগের দিন মায়ের সঙ্গে অভিমান করে সে। ছেলের অভিমান দেখে মা দুপুরে খাওয়ার জন্য বড় মাছ রান্না করে রাখেন। বড় মাছ ছেলের পছন্দ। কিন্তু কে জানে অভিমানী ছেলেটি আর ফিরে আসবে না। এই অভিমানের কথা মনে করে কাঁদছেন ধ্রুবর মা। হাউমাউ করে কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, ‘ছেলেটা বড়ই অভিমানী। জেএসসিতে বৃত্তি পেলে ল্যাপটপ কিনে দেওয়ার বায়না ধরেছিল। তার কথা রেখেছিলাম। আমি সব হারালাম। অভিমান ভাঙাতে পারলাম না।’ ধ্রুবর বাবা একটি জুট মিলের শ্রমিক। আর্থিক অসচ্ছলতার কারণে বেশির ভাগ সময় তার মামার বাসায় থেকে পড়াশোনা করত। প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলায় মেধা তালিকায় তৃতীয় হয়েছিল ধ্রুব। সেই বৃত্তির দুই হাজার ৭০০ টাকা পেয়েছিল দুর্ঘটনার তিন দিন আগে। মায়ের হাতে দুই হাজার ২০০ টাকা তুলে দিয়ে ৫০০ টাকা রেখে দিয়েছিল সে। প্রিয় ফল কাঁঠালের স্বাদ নিতে সেদিনই বাজার থেকে দুটি কাঁঠাল কিনে এনে মামা-মামির হাতে তুলে দেয়। সেই কাঁঠাল শেষ হয়নি, মামার বাসায় ফ্রিজে এখনো পড়ে আছে সেই কাঁঠাল। হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে মামা পঙ্কজ দেব নাথ জানালেন এ কথা। মামা জানালেন, মেধাবী হলেও সে ছিল খুবই সরল। তার চেয়ে ছোটদের সঙ্গে মার্বেল খেলত। ধ্রুব বা লিটনের সহপাঠীরা এখনো ভুলতে পারে না সেই বিভীষিকার কথা। দুর্ঘটনার সময় ধ্রুবর সঙ্গে একই ট্রাকে ছিল একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র প্রান্ত নাথ। ট্রাক উল্টে যাওয়ার সময় কীভাবে যে ছিটকে পড়েছিল সে কথা মনে পড়লে এখনো আঁতকে ওঠে সে। প্রান্ত নাথ এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। উঠানে চুপচাপ দাঁড়িয়ে থেকে আনমনে তাকাচ্ছিল সে। তার স্বজনেরা জানালেন, এখনো ধকল কাটিয়ে উঠতে পারেনি বাচ্চা ছেলেটি। খেলার প্রতি টান ছিল আবুতোরাব বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাজীবের। খেলতে খেলতে হাত-পাও একবার ভেঙে ছিল সে। বাবা আনোয়ার পাশা সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। ছেলে বড় হয়ে বাবার দুঃখ-দুর্দশা দূর করবে—এমন ইচ্ছে ছিল রাজীবের। সেই কথা মনে পড়লেই কাঁদেন তার বাবা। এ কান্না যেন শেষ হওয়ার নয়।