জলে ভাসা কাঠে জীবিকা

গোলগাল লাল সূর্যটা একটু একটু করে রোদ ছড়াতে শুরু করেছে। সকালের নরম নরম রোদ আঁচল বিছিয়েছে নদীর বুকে। ভদ্রা, ঢাকী আর চুনকুড়ি নদীর মোহনায় দাকোপ খেয়াঘাটের দক্ষিণ পারে একদল নারী-পুরুষ নদীতে নামার অপেক্ষায় দাঁড়িয়ে। তাঁদের সবার হাতে জালের তৈরি বিশেষ ব্যাগ। বেশ বড়। ভাটার টানে দ্রুত পানি নেমে যাচ্ছে। পানি আরেকটু কমতেই সারিবদ্ধভাবে সবাই নেমে পড়লেন নদীতে। সাতসকালে তাঁদের পানিতে নামার উদ্দেশ্য, নদীর তলদেশে পড়ে থাকা কাঠ সংগ্রহ।
তিন নদীর মোহনায় এমন দৃশ্য রোজকার। ভরা জোয়ারের সময়টুকু বাদে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ সংগ্রহ করে নারী-পুরুষ ও শিশুরা। কাঠ সংগ্রহে নারীরা এগিয়ে। ছোট ছোট শিশুরাও বড়দের চেয়ে কম যায় না। স্থানীয় লোকজন নদীতে ভেসে আসা এই কাঠকে বলে ‘মুড়ো কাঠ’।
নদীতে নামার ঘণ্টাখানেক বাদে জাল দিয়ে তৈরি বিশেষ ব্যাগ ভর্তি কাঠ নিয়ে কূলে ফিরে এলেন মমতাজ বেগম। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, সব ঋতুতেই এই কাঠ সংগ্রহের কাজ চলে। শীতকালে লোকজন একটু কম হলেও গরমকালে প্রায় প্রতিদিন ৬০ থেকে ১০০ জন মানুষ এই কাজ করেন।

পুরো এক ভাটিতে একেকজন দেড় থেকে আড়াই মণ কাঠ সংগ্রহ করতে পারেন। কখনো কখনো কমও হয়। এসব কাঠ সুন্দরবনের শিবসা নদী দিয়ে জোয়ারে গড়িয়ে গড়িয়ে ঢাকী নদীতে আসে। এ ছাড়া প্রতিনিয়ত জোয়ার-ভাটায় ঢাকী নদীর তলদেশের পুরোনো গাছের শিকড় উঠে ভেসে আসে। ভদ্রা নদী দিয়েও আসে। এসব কাঠ খুলনার দাকোপের তিন নদীর মুখে ডুবোচরে আটকে গেলে তা সংগ্রহ করা হয়।
কথা বলতে বলতে তিনি বিভিন্ন আকারের কালো কালো মসৃণ কাঠগুলো রোদে শুকোতে দিচ্ছিলেন। এরপর আবার নেমে পড়েন নদীতে।
ওই সময় দুটি বড় ব্যাগ ভরে কাঠ নিয়ে তীরে আসেন হীরা বেগম ও কামাল গাজী। জানালেন, কাঠের গুঁড়িগুলো মূলত সুন্দরবনের বাইন, সুন্দরী, পশুর, ওড়া ও কেওড়াগাছের। কপাল ভালো হলে মাঝেমধ্যে মিলে যায় গোটা গাছ। নিজেরা জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি এর বেশির ভাগই ২২০ থেকে ২৫০ টাকা মণ দরে বাজারে বিক্রি করেন তাঁরা। জ্বালানি হিসেবে ব্যবহারের পরও তা আবার কয়লা হিসেবে বিক্রি করেন প্রতি মণ ৩০০ থেকে ৪০০ টাকা দরে।

হাজিরা খাতুন নামের আরেক নারী বলছিলেন, ‘গাংয়ে চর পড়ে গ্যাছে। এই গাংই আমাগো বাঁচায়ে রাখছে। গাং দিয়ে কাঠ না আসলি ভাত পাতাম কেম্মায়। এই কাঠ খুটেই ভাত জোগাড় করতি হয়।’
মো. খোরশেদ গাজী জানান, নদীতীরের বারুইখালী, বসুন্দিয়া, কামারখোলা এবং আশপাশের গ্রামের গরিব মানুষ এই কাঠ কুড়ায়। নদীর মধ্যে বড় বড় ডুবোচর। বালির চরে পা দিয়ে খুঁজতে খুঁজতে পায়ে কাঠ ঠেকলে হাত দিয়ে তুলতে হয়। এ সময় নদীর ওপর দিয়ে ভেসে যাওয়া ছোট কাঠও কুড়িয়ে নেওয়া যায়।
নদীতে মাঝখানে নেমে কাঠ তুলতে ভয় লাগে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না! ভয় লাগে না।’ আবার বলেন, গরিব ও নদীপারের মানুষের ভয় কম। আর এই কাজ করতে কোনো দিন দুর্ঘটনাও ঘটেনি।
দাকোপের চালনা মহিলা কলেজের শিক্ষক জয়তীশ রঞ্জন মণ্ডল বলেন, এ অঞ্চলের জীবন ও জীবিকা কৃষি ও নদীকেন্দ্রিক। ভূমিহীন গরিব পরিবারগুলো নদীতে মাছ ধরা, কাঠ সংগ্রহ, এসব কাজ করেই বেঁচে থাকে।