সাম্পানটা কর্ণফুলীর তীরে ভিড়তেই অপার বিস্ময়! নদীর কোলজুড়ে ছোট পাহাড়, পাহাড়ে সবুজের লুটোপুটি। জেটিঘাট আর বড় দুটি মাঠ পেরিয়ে সামনে এগুতেই একসঙ্গে কয়েকটি ভবন। ভবনের নামগুলো বড়ই অচেনা ঠেকে! একটির নাম ‘ফোর টপ’। অন্যটি ‘মেইন টপ’ আর শেষেরটি ‘মিজেন টপ’। জাহাজের মাস্তুলের নামে ভবনের নাম রাখার মাজেজা কী? তখনই মার্চপাস্ট করে একদল তরুণ তুর্কি ঢুকে গেল একতলা একটি ভবনে। এ ভবনের নাম গ্যালি। বারান্দার মতো যেটি আছে সেটির নাম গ্যাংওয়ে। মনে পড়ল এগুলো তো জাহাজের বিভিন্ন অংশের নাম। কিন্তু পাহাড়ের বুকে সমুদ্রের জাহাজ ঢুকে পড়ল কেন?সেটাই স্বাভাবিক, আমরা যে এসেছি মেরিন একাডেমিতে! স্বপ্ন ও স্বপ্ন পূরণের গল্পঢাকার ছেলে মো. ওয়াহিদুজ্জামান বললেন, ‘মেরিন একাডেমিতে ভর্তি হয়েছি দ্রুত প্রতিষ্ঠিত হওয়ার জন্য। দুই বছর পড়াশোনা করে মেরিন অফিসার হয়ে ৫০০ আমেরিকান ডলার বেতন পাওয়া যায়। আর এখানকার জীবনের পরতে পরতে শৃঙ্খলা। জীবনে যেমন শৃঙ্খলা থাকা দরকার, তেমনি দরকার জাহাজেও। জলজীবনের সেই শিক্ষাটা আমরা এখানেই পাচ্ছি।’ আগের জীবনের সঙ্গে এ জীবনের পার্থক্য কতটুকু?মো. নাজিমুদ্দীন তালুকদারের নির্ভীক জবাব, ‘কলেজে পড়ার সময় আমি ঘুম থেকে উঠতাম সকাল নয়টায়, এখন উঠি ভোর পাঁচটায়। ’রাইসুল ইসলাম সমর্থন করলেন নাজিমুদ্দীনকে। যোগ করলেন, ‘শৃঙ্খলা আমাদের রক্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাই আমাদের ভবিষ্যতের পাথেয়।’ নাজিমুদ্দীনের বাড়ি রাজবাড়ীতে আর রাইসুলের নোয়াখালীতে।পরিবারের জন্য মন কাঁদে না? ওয়াহিদুজ্জানের উত্তর ‘প্রথম দিকে একটু কাঁদত, তবে পিছুটান বেশি থাকা ভালো না।’অ্যাডজুটেন্ট একেএম ইকরামুল হোসেন তাঁর ঘরে এই তিনজন ক্যাডেটকে নিয়ে আসেন। তারপরই আড্ডাটা জমে ওঠে। আমার বাহারি সেই চুল আর নেই ক্যাডেটরা ল্যান্ডফোন বা মুঠোফোন ব্যবহার করতে পারেন না। পারেন শুধু চিঠি লিখতে। তাও আবার সেন্সর করে পাঠানো হয়। আর প্যারেন্টস ডে তে মা-বাবা এসে দেখে যান ছেলেদের।আচ্ছা ক্যাডেটরা কী লেখেন চিঠিতে? এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশ না করে একজন কর্মকর্তা বলেন, ‘ভর্তি হওয়ার দুই দিন পর এক ক্যাডেট তাঁর মাকে চিঠিতে লেখে, “মা আমার সেই বাহারি চুল আর নেই। নাপিত কেটে ছিলা করে দিয়েছে”।’’একাডেমির শিক্ষা কর্মকর্তা জিন্নাত আরা শিক্ষকতার অভিজ্ঞতা বর্ণনা করেন এভাবে—‘প্রথম দিকে শিক্ষার্থীরা একটু ভীত থাকেন। কিন্তু দিনে দিনে তা কেটে যায়। অভিভাবকেরাও উদ্বিগ্ন থাকেন। আমাদের ফোন করে কেউ বলেন, “আমার ছেলেটা কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে।” কিন্তু পাসিং আউটের সময় তাঁরাই আবার গর্ব করে বলেন, “আমার ছেলে মেরিনার (নাবিক) হয়েছে, এবার সারা বিশ্ব ঘুরে বেড়াবে”।’যে জলে আগুন জ্বলে ঊর্ধ্বতন নৌপ্রশিক্ষক ক্যাপ্টেন কাজী এ বি এম শামীমের অভিজ্ঞতা চমকপ্রদ। শুনুন তা তাঁর মুখেই, ‘তখন আমি নতুন যোগ দিয়েছি। আরব মহাসাগরে ছুটে চলেছে আমাদের জাহাজ। গন্তব্য আফ্রিকার মোম্বাসা। হঠাত্ করে দেখলাম জাহাজের পাশে আলোর ঝড়! বিয়ের অনুষ্ঠানে যেমন নিয়ন বাতি জ্বলে সে রকমই। আমি তো অবাক। কর্মকর্তা ও ক্রুদের জানালাম। তাঁরা পরিষ্কার করলেন বিষয়টা। আসলে মেরিন গ্রোথে ফসফরাস থাকে। আমরা যে স্থান দিয়ে যাচ্ছিলাম সেখানে হয়তো তা বেশিই ছিল। আগুনের আভার মতো সেই ফসফরাস জ্বলে উঠেছে। আমি বিজ্ঞানের ছাত্র, মুহূর্তেই বুঝে গেলাম বিষয়টা।’ চাই মেরিটাইম ইউনিভার্সিটিএকাডেমির জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা খালিদ মোহাম্মদ জানান, ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর ২০০৯ সাল পর্যন্ত মেরিন একাডেমি থেকে দুই হাজার ৫৩ জন মেরিন অফিসার পাসিং আউট হয়েছে। এখন প্রতিবছর ২০০ জন বের হচ্ছে। ভর্তি করা হয় ২০০ জনকে। এখানে দুই বছর পড়াশোনার পর এক বছরের জন্য তাঁরা জাহাজে প্রশিক্ষণ নেন। তখন অবশ্য তাঁদের চাকরি শুরু হয়ে যায়। আরও ছয় বছর বিভিন্ন প্রশিক্ষণ ও পরীক্ষার পর একজন মেরিন অফিসার ক্যাপ্টেন (মাস্টার মেরিন) অথবা প্রধান প্রকৌশলী (মেরিন প্রকৌশলী) হন। বর্তমানে একজন নাবিকের গড় মাসিক বেতন ৭০০ আমেরিকান ডলার। একজন ক্যাপ্টেন ২২ হাজার ডলার পর্যন্ত বেতন পান। প্রতিবছর বের হওয়া নাবিকদের মেধাতালিকা একাডেমি কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন জাহাজ সংস্থার কাছে পাঠায়।তিনি আরও জানান, ১৯৯০ সালে মেরিন একাডেমি ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির সদস্য নির্বাচিত হয়। আর প্রশিক্ষণের মান ভালো হওয়ায় ২০০০ সালে আইএমওর সদস্য হয় বাংলাদেশ।একাডেমির কমান্ড্যান্ট নৌপ্রকৌশলী সাজিদ হোসেন বলেন, তারা চট্টগ্রাম মেরিন একাডেমিকে মেরিটাইম ইউনিভার্সিটিতে রূপান্তরের জন্য ১২ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন। কারণ এ সেক্টরে বাংলাদেশের বিপুল সম্ভাবনা আছে। ২০১২ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন জাহাজ সংস্থায় প্রায় এক লাখ নাবিক ও কর্মকর্তার পদ শূন্য হবে। এ সুযোগ নিতে হলে এখন থেকে প্রতিবছর কমপক্ষে ৫০০, সর্বোচ্চ এক হাজার মেরিন অফিসার তৈরি করা দরকার। আমাদের পাশের দেশ ভারত বছরে ১১-১২ হাজার ক্যাডেট তৈরি করছে। মেরিন একাডেমি থেকে বের হওয়া ক্যাডেটদের মান আন্তর্জাতিক বলে তিনি মন্তব্য করেন।মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতা(ক) বয়স: সর্বোচ্চ ২১ বছর(খ) শিক্ষাগত: মাধ্যমিক (বিজ্ঞান) অথবা ও লেবেল (গণিত ও পদার্থবিদ্যা) এবং উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) অথবা এ লেবেল (গণিত ও পদার্থবিদ্যা) উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত অবশ্যই থাকতে হবে এবং পাস নম্বর পেতে হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবে।(গ) শারীরিক: প্রার্থীকে অবশ্যই উত্তম শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সর্বনিম্ন উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার এবং সর্বনিম্ন ওজন ৫০ কেজি হতে হবে। প্রার্থীর নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং শাখার জন্য একাডেমির তথ্য পুস্তিকায় উল্লিখিত নির্ধারিত দৃষ্টিশক্তি ও কালার ভিশন অবশ্যই থাকতে হবে।(ঘ) সাঁতার: প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং স্ট্যান্ডার্ড সুইমিং টেস্টে উত্তীর্ণ হতে হবে। (ঙ) সাধারণ: অবিবাহিত পুরুষ নাগরিক হতে হবে।আবেদনপত্র সংগ্রহ ও নিয়মাবলী সংগ্রহনিচের যেকোনো অফিস থেকে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন পত্র ও নিয়মাবলী সংগ্রহ করা যাবে১. মহাপরিচালক, সমুদ্র পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ ভবন (অষ্টম তলা) ১৪১-১৪৩ মতিঝিল বা/এ ঢাকা ও২. অধ্যক্ষ, ঢাকা কলেজ, ঢাকা। ৩. কমান্ড্যান্ট, মেরিন একাডেমি, চট্টগ্রাম ৪২০৬ ৪. অধ্যক্ষ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম৫. অধ্যক্ষ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী৫. অধ্যক্ষ, আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনাবিশেষ দ্রষ্টব্য: সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে গৃহীত কমান্ড্যান্ট, মেরিন একাডেমি চট্টগ্রামের অনুকূলে এবং সোনালী ব্যাংক, মেরিন একাডেমি শাখা, চট্টগ্রাম বরাবরে নির্দিষ্ট ফি’র একটি ক্রসড ব্যাংক ড্রাফট আবেদনপত্রে সংযুক্ত করতে হবে।