মেক্সিকো উপসাগর। একটানা নীল জলরাশির দিকে তাকালে বুকে কাঁপন ধরে। বেনের ভয়ডর যদিও একটু কম। বিপদে ধীরস্থির থাকতে পারেন বলে সুনাম আছে বন্ধুমহলে। দলবেঁধে মাছ ধরার জন্য বের হয়েছেন আজ। ২০ ফুট উঁচু এক নৌকার ডেকে দাঁড়িয়ে আকাশ-পাতাল ভাবছিলেন বেন। সঙ্গে আছেন আত্মীয় গ্রাবিয়েল, জর্ডান, ফ্রাঙ্ক ডলিন ও তাঁর ১৩ বছর বয়সী ছেলে মিখাইল। মেঘের ছিটেফোঁটাও নেই আকাশে। গায়ে রোদ মাখছিলেন সবাই। হাসিঠাট্টায় কাটছিল সময়টা। নৌকাটা কেনা হয়েছে খুব বেশি দিন হয়নি। ১৯৭২ সালের পুরোনো ভিনটেজ মডেল। কম দামে কিনে সেটাকেই ঘষেমেজে করা হয়েছে ঝা-চকচকে। আকাশটা যেমন পরিষ্কার, তাতে বিপদের আশঙ্কা নেই। তবে বিপদ তো আর বলেকয়ে আসে না। পুরোনো বলে ভালো নয় ইঞ্জিন! যাত্রার শুরুতেই আঘাত করা হয়েছে ডুবোপাথরে। স্পেয়ার ট্যাংকে তাই দেখা দিয়েছে সমস্যা। নৌকা সম্পর্কে জ্ঞান ভালোই আছে বেনের। তবে সব জারিজুরি খতম এখন। হাজার চেষ্টায়ও ঠিক হলো না কিছু। কিছুক্ষণের মধ্যেই জল উঠতে শুরু করল নৌকায়। লাইফবোট নিয়ে জলে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় নেই আর কোনো। বালক মিখাইলকে নিয়ে ভয়। কতক্ষণ টিকে থাকতে পারবেন, কে জানে। দিন থাকতে থাকতে কোনো ট্রলার কিংবা নৌকার লোকজন যদি এসে উদ্ধার করে, তবে আর ভয় নেই। ততক্ষণে ডুবেছে নৌকা। একজন আরেকজনকে জড়িয়ে ধরে সবাই ভেসে আছেন জলে। কেউ যেন হারিয়ে না যান। কপালে আরও যন্ত্রণা ছিল সবার। তাই তো শিগগিরই জলের বুকে নেমে এল ভয়াবহ অন্ধকার এক রাত। নিজ জীবনের গল্পটা এমন হোক, তা কখনো চাননি বেন। আজ না হয় শোনা যাক, সাগরের জলে হারিয়ে যাওয়া বেনের পরিবারের এই অসহায় মানুষগুলোর কথা।শুধুই বিপদ‘জেগে থাকো, জেগে থাকো। ঘুমিয়ে পোড়ো না।’ চিৎকার করে করে নিজের ছেলেকে বলছিলেন ফ্রাঙ্ক ডলিন। ক্লান্ত সবাই। তাপমাত্রা কমে গেছে অনেকটা। সবার শরীরজুড়ে ব্যথা। একটানা বেশিক্ষণ এমন শীতল জলে থাকলে হাইপোথারমিয়ার আশঙ্কা আছে। এতে শরীরের তাপমাত্রা কমার পর ঘটে মৃত্যু। ঘুমিয়ে পড়লে আর রক্ষে নেই। কেননা, সে ঘুম না ভাঙার আশঙ্কাই বেশি। জানা নেই পথ। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তীর কোন দিকে তা ঠাওর করতে পারছিল না কেউ। বেনের মুঠোফোনটা ঢাকা ছিল একটা প্লাস্টিকের মোড়কে। নেটওয়ার্ক না থাকায় সাহায্য চাওয়া যাচ্ছিল না কারও কাছে। অনেক দূর থেকে চলে যাচ্ছিল কয়েকটি নৌকা। কিন্তু এই অন্ধকারে তাদের দৃষ্টি আকর্ষণ করার নেই কোনো উপায়। ফ্লাশলাইটের আলোও অতি দুর্বল। ক্ষুধা-তৃষ্ণায় কাতর সবাই। টের পাওয়া যাচ্ছিল জলে জেলি ফিশের আনাগোনা। পার হয়েছে ১২টি ঘণ্টা। এ বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। একটা সময় ঠিক ঠিক পুব আকাশে আড়মোড়া ভেঙে জেগে ওঠে সূর্যটা। সমুদ্রে নেমে আসে ভোর। তখনো বেঁচে আছে সবাই। ছেলে মিখাইলের কথা ভেবে কান্না পায় ফ্রাঙ্ক ডলিনের। কাহিল হয়ে পড়েছে একদম। কেন যে আনা হলো তাকে। জলের অনেক ওপর দিয়ে উড়ে যাচ্ছে কিছু পাখি। এগুলো মাছ শিকারি ফ্রিগেট নামে পরিচিত। এসব পাখির গতিবিধি দেখেই মাছ শিকারে নামেন বেশির ভাগ জেলে। ফ্রিগেট পাখি যে জায়গায় ওড়ে, সেখানে মাছ ধরা পড়ে প্রচুর পরিমাণে। যদিও এসব ঠুনকো যুক্তি। পাখিগুলোকে দেখে আশা জাগে সবার মনে। হয়তো ঘুরতে ঘুরতে কোনো একটা মাছ ধরার ট্রলার চলে আসবে এদিকে। ঢেউয়ের তোড়ে কোনো রকমে জলের ওপর ভেসে আছে মাথা। দূর থেকে দেখে কেউই ঠাওর করতে পারবে না তাদের। তাই জীবনটাকে ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে ভাসতে লাগল সবাই। উদ্দেশ্যহীনভাবে।অবশেষে মুক্তিফুলারটন তাঁর পরিবারের সঙ্গে বের হয়েছিলেন ফিশিং বোটটা নিয়ে। ঘুরতে ঘুরতে হাডসন নদীর তীর থেকে চলে এসেছিলেন ৩৫ মাইল দূরে। স্ত্রী আর সন্তানকে নিয়ে সময়টা উপভোগ করছিলেন খুব। সেই সঙ্গে মজা করে ধরা হচ্ছিল মাছ। আচমকা চিৎকার করে ওঠেন তাঁর স্ত্রী। দূরে নাকি ভাসতে দেখা যাচ্ছে কিছু মানুষ। শুরুতে হেসেই উড়িয়ে দিলেন স্ত্রীর কথা। বিশ্বাস করারও কথা নয়। কে-ই বা আসবে এত দূরে মরতে। হয়তো কোনো শিকারি পাখি কিংবা কুমির দেখে হয়েছে দৃষ্টিভ্রম। কিন্তু স্ত্রী অনুরোধ করল নৌকা নিয়ে লক্ষ্যবস্তুর দিকে যেতে। সে অনুরোধ উপেক্ষা করলেন না ফুলারটন। কাছে যেতেই দেখলেন, পাঁচটি মৃতপ্রায় মানুষ কোনো রকমে ভেসে আছে জলে। কী আজব! সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়লেন জলে। ভালো সাঁতারু তিনি। নৌকায় উঠতে সাহায্য করলেন সবাইকে। শরীর থেকে মুছে দিলেন জল। সবাই ধাতস্থ হওয়ার পর তাদের মুখে তুলে দেওয়া হলো খাবার। গোগ্রাসে খেতে লাগল সবাই। এমন খিদে পায়নি কখনো আগে। এ যাত্রায় বেঁচে গিয়ে সবার মুখেই হাসি। আনন্দে ছেলেকে জড়িয়ে ধরে তো কেঁদেই ফেললেন ফ্রাঙ্ক ডলিন।‘বলতেই হবে, ভাগ্য সুপ্রসন্ন ছিল আমাদের। তীর থেকে এত দূরে এসে আমাদের উদ্ধার করাটা যে কাকতালীয়, তাতে সন্দেহ নেই।’ হাসতে হাসতে কথাগুলো বলছিলেন বেন। জীবনে আর কখনো আশা ছাড়তে রাজি নন তিনি। নিজের ওপর বিশ্বাস থাকলে সব বিপদ থেকেই মুক্তি পাওয়া সম্ভব। নৌকাটা আর খুঁজে পাওয়া যায়নি। একদিক থেকে ভালোই হয়েছে। পুরোপুরি ভুলে যাওয়া যাবে দুঃসহ স্মৃতিগুলো। আর সন্দেহ নেই, এতেই হলো সবার মঙ্গল।সূত্র: রিডার্স ডাইজেস্টভাষান্তর: কিঙ্কর আহ্সান