জলের জাদুঘর

আমার একটা নদী ছিল জানল না তো কেউ
এই খানে এক নদী ছিল জানল না তো কেউ
নদীর জল ছিল না, কূল ছিল না; ছিল শুধু ঢেউ...।
শৈশব-কৈশোরের প্রিয় নদীর একটুখানি ছোঁয়া পেতে পারেন এখানে। কেননা বাংলাদেশের অনেক নদীর পানি রাখা হয়েছে পানি জাদুঘরে। ভিন্নমাত্রার এই জাদুঘরের অবস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পখিমারা বাজারের কাছে। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাশেই এই জাদুঘর।
নানা কারণে হারিয়ে গেছে অনেক নদী। ভরাট হয়েছে অনেকগুলো। তারই প্রতীক হিসেবে জাদুঘরের সামনেই মাটিতে রাখা হয়েছে একটি নৌকা। নদীকেন্দ্রিক জীবনযাপনের নানা উপকরণও রাখা হয়েছে পানি জাদুঘরে। গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এই জাদুঘরের উদ্বোধন করেন। অ্যাকশনএইড বাংলাদেশ এই জাদুঘর প্রতিষ্ঠা করে।
পানি জাদুঘরের প্রতি অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে। বাংলাদেশের নদীগুলোর উত্স নেপাল, ভারত ও মিয়ানমার থেকে। ৫৪টি নদী ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এসেছে। বাকি তিনটি নদী এসেছে মিয়ানমারের ওপর দিয়ে। জাদুঘরে গিয়ে দেখা গেল আন্তদেশীয় নদীর একটি পূর্ণাঙ্গ তালিকা রয়েছে। এই নদীগুলো দেশের কোন কোন জেলায় প্রবাহিত, তারও উল্লেখ আছে তালিকায়।

জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো নদীর জলের সংগ্রহ। রায়মঙ্গল, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, ইছামতী, মাথাভাঙ্গা, আত্রাই, পুনর্ভবা, করতোয়া, টাঙ্গন, নাগর, ডাহুক, তিস্তা, ধরলা, জিমজিরাম, ভোগাই, যাদুকাটা, নোয়াগাঙ, পিয়াইন, সুরমা, কুশিয়ারা, খোয়াই, সোনাই, লংলা, সালদা, ডাকাতিয়া, সিলোনিয়া, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরি, নাফ নদীসহ ৫৭টি নদীর পানির নমুনা রাখা হয়েছে কাচের বোতলে। সেগুলোতে নদীর নাম এবং পানির নমুনা যিনি সংগ্রহ করেছেন, সে তথ্য তারিখসহ লেখা রয়েছে। এগুলোর বাইরে নেপালের নাবায়নী ও মহাকালী নদীর পানির নমুনাও আছে। অ্যাকশনএইডের ল্যান্ড অ্যান্ড ওয়াটার রাইটস ব্যবস্থাপক শমশের আলী বলেন, ‘কোনো কোনো নদীর পানি কালো, আবার কোনোটির পানি ধূসর, লালচে অথবা ছাই রঙের। কোনো কোনো নদীর পানিতে পলি, বালু বা পাথর রয়েছে। পানি শুধু পানি নয়, এর সঙ্গে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান এবং জীববৈচিত্র্য রয়েছে। পানির সঙ্গে বিভিন্ন অঞ্চলের মাটির ভূ-প্রাকৃতিক সম্পর্ক রয়েছে। যে কারণে পানির রঙে এমন বৈচিত্র্য।’
১৮ শতাংশ জমিতে গড়ে উঠেছে পানি জাদুঘর। আপাতত দোতলা একটি আধা পাকা ভবন তৈরি করা হয়েছে। স্থপতি রাজন দাস এই জাদুঘরের স্থাপত্য নকশা তৈরি করেছেন। তাঁর সঙ্গে স্থপতি অমিতাভ মঙ্গল জাদুঘরের নির্মাণকাজ বাস্তবায়ন করেন। ভবিষ্যতে পানি জাদুঘর যাতে পুরোপুরি একটি গবেষণামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়, সে জন্য বড় পরিসরে পাঠাগার প্রতিষ্ঠা এবং মিলনায়তন তৈরির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
নদীর সংখ্যা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী জনপদেও এসেছে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের পরিবর্তন। নানা উপকরণ এবং ছবির মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। যেমন, মাছ ধরার চাকতি, হাঁড়ি, পাতিল, কলস, মাটির গ্লাস, মটকা, মুড়ি ভাজার তাওয়া, মালসা, চাড়ি, কাঁসার ঘটি-বাটি, কেটলি, কড়া, বদনা, জলদানি, কলস জাদুঘরে স্থান পেয়েছে। মাছ ধরার উপকরণের মধ্যে কাঁকড়া, কুঁচে ও অন্য মাছ ধরার চাই, খাড়ই, জাল রাখা হয়েছে জাদুঘরে। মাটি দিয়ে কলাপাড়া উপজেলার একটি মানচিত্র তৈরি করে তা দেখানো হচ্ছে এখানে। আবার এলইডি পর্দায় দেখানো হচ্ছে পৃথিবীর পানির উত্স, পানির প্রবাহ, নদীকেন্দ্রিক বসতিসহ নানা কিছু। নদ-নদীবিষয়ক জার্নাল, গবেষণাধর্মী বইয়েরও একটি কর্নার রয়েছে জাদুঘরে।
১৮ অক্টোবর সকালে দেখা গেল একদল শিক্ষার্থী পানি জাদুঘর দেখতে এসেছে। এরা স্থানীয় আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। সবার কৌতূহল জাদুঘরের বিভিন্ন সামগ্রীর দিকে। তাদের সঙ্গে এসেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শাহ সুজা উদ্দিন। শিক্ষার্থীদের সবকিছু বুঝিয়েও দিচ্ছিলেন। তিনি বললেন, ‘সবকিছু দেখে মনে হয়েছে, এটা সৃজনশীল চিন্তার ফসল। এই জাদুঘরে নদী আর পানির সঙ্গে জড়িত কয়েকটি শিল্পের অস্তিত্বের কথা তুলে ধরা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে।’

কলাপাড়ার পানি জাদুঘরের দেখভাল করছে স্থানীয় অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশন ফর সোসাইটি (আভাস)। সহায়তা করছে উপকূলীয় জনকল্যাণ সংঘ, কৃষক মৈত্রী এবং গণগবেষণা দল। অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর মুঠোফোনে এ জাদুঘর সম্পর্কে বলেন, আমাদের দেশের অনেক মানুষের বসবাস নদীকে কেন্দ্র করে। অথচ যাঁরা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁরা উন্নয়ন বলতে বোঝেন রাস্তাঘাট, সেতু, অট্টালিকা, শিল্প-কারখানা ইত্যাদি। আগামীর উন্নয়ন পরিকল্পনায় পানির গুরুত্ব বিবেচনা করে নদীকে প্রাধান্য দিয়ে যেন সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়, জাদুঘর প্রতিষ্ঠা করে আমরা সে কথাই বলতে চাই।
জাদুঘর নিয়ে ভাইবারে কথা হয় অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে। তিনি জানান এই জাদুঘর নদী ও পানিসম্পদ রক্ষায় আমাদের চিন্তাকে একদিকে যেমন প্রসারিত করবে, অন্যদিকে পানিসম্পদ ব্যবস্থাপনায় সরকারকে দিকনির্দেশনা প্রদানের ক্ষেত্রেও অবদান রাখবে। ইমতিয়াজ আহমেদ বললেন, ‘এই জাদুঘরের উদ্দেশ্য নদী ও পানিসম্পদ রক্ষায় নীতিনির্ধারকদের উদ্যোগী করা এবং মানুষকে সচেতন করা। এটি শিক্ষার মাধ্যম হিসেবে কাজ করবে।’
পানি জাদুঘর সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য শিক্ষার্থীদের জন্য ১০ টাকা, পটুয়াখালী জেলার বাসিন্দাদের জন্য ২০ টাকা এবং অন্য এলাকার বাসিন্দাদের জন্য ১০০ টাকা।