দিন বদলের খেলায় সাগর তার রূপ বদলায়, বদলায় রংও। কিন্তু যে জলরাশি দিনে চোখের জলের মতোই স্বচ্ছ, সূর্য ডুবলেই সেই জলের রং কেন ধবধবে সাদা! তা নিয়ে মনে কৌতূহল জাগতেই পারে। কিন্তু জলের বিরল রূপ তো দেখতে হবে আগে তারপর রহস্য ভেদ। তার জন্য যেতে হবে সেন্ট মার্টিনে, আমাদের প্রবালদ্বীপে। সকালে গিয়ে বিকেলে চলে আসা যাবে না, কাটাতে হবে রাতটুকু, দেখতে হবে দ্বীপরাজ্যের রূপটুকু। সাগরে একটি ঢিল ছুড়ে মারলে যেখানে পড়বে, সেখানে সাদা হয়ে পানি উছলে উঠবে। নৌকা নিয়ে সাগরে নেমে আলো ফেললে দেখা যাবে চারদিকে সাদার রাজত্ব, যেদিকে যাবেন সব সাদা। অনেকে কূলে দাঁড়িয়ে ছড়া কাটেন—সাদা সাদা আরও সাদা! সাগরে নৌকাভ্রমণরাতে ডিঙি নৌকায় সাগরভ্রমণের প্রতিযোগিতায় নামেন পর্যটকেরা। অন্ধকার রাত বলে ভয়ের কিছু নেই। কারণ এ সময় সাগর থাকে শান্ত। স্থানীয়রা নৌকা নিয়ে সাগর দেখান বিনোদনপ্রেমীদের। ২০-৩০ মিনিট ঘুরে বকশিশ দিতে হবে ৫০ টাকা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে নৌকাভ্রমণ। রাত ১০টা। সৈকতের পূর্ব অংশ। বেশ কিছু পর্যটক ডিঙি নৌকা নিয়ে সাগরে নেমেছেন, মেতে উঠেছেন আনন্দে। মাঝিরা বইঠা দিয়ে নৌকা ছেড়েছেন। নৌকায় বসে তরুণ-তরুণীরা হইচই করছেন, কেউ গান ধরেছেন, ‘মাঝি বাইয়া যাওরে...।’ শুধুই কি নৌকাভ্রমণ? অনেকে আবছা আলোতে বালুচরে কুড়িয়ে নেন শামুক-ঝিনুক। সৈকতের পাথরে বসেন প্রেমিক জুটি। অনেকে মুঠোফোনে সাগরের গর্জন শোনান আপনজনদের। কেউ উচ্চৈঃস্বরে বলছেন, ‘মা, সেন্ট মার্টিন সৈকতে বসে আছি। খুব মজা হচ্ছে। আমার পরে আর বাংলাদেশ নেই।’সাধের লাউ ...রাত তখন নয়টা। বালুচরে বসে বেশ কিছু লোক নাচানাচি করছেন। কাছে গিয়ে দেখা গেল, চলছে গানের আসর। স্থানীয় শিল্পী আবদুর রহিম গাইছেন, ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী/লাউয়ের আগা খাইলাম/ ডগা গো খাইলাম...।’ তরুণ-তরুণীরা কণ্ঠ মেলাচ্ছেন। একটা শেষ হলে ‘ওয়ান মোর, ওয়ান মোর।’ প্রশংসা পেয়ে সেন্ট মার্টিন নিয়ে নিজের লেখা গান ধরেন মো. আলম ‘সেন্ট মার্টিন নইলে সোনার বাংলা ন চিনিব...।’ তারপর সৈয়দ আলম ‘মন মজাইয়ারে।’ মো. হামিদের কণ্ঠে ‘তুমি আরেকবার আসিয়া।’ গায়কদল কিন্তু রাতেই গানবাজনা করেন। সৈকতে ঘুরেফিরে নেচে নেচে গান করেন তাঁরা। হোটেল মোটেলেও বসে গানের আসর। পর্যটকেরা যা বকশিশ দেন, তা নিয়েই তাঁরা খুশি। গায়কদলের প্রধান আবদুর রশিদ বলেন, ‘সন্ধ্যা সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত সৈকতে ঘুরে ঘুরে গান করি। প্রতিদিন এক-দুই হাজার টাকা পাই। ওই টাকা ভাগ করে নিই।’ তরতাজা মাছে রসনাবিলাসসৈকতের একপাশে গানবাজনা, অন্য পাশে চলে ভোজন পর্ব। টেবিলে সাজানো নানা রঙের মাছ। একটু আগেও এগুলো সাগরে সাঁতরে বেড়িয়েছে। মাছ খেতে দারুণ স্বাদ।দ্বীপে বিদ্যুত্ নেই। সন্ধ্যার পর পুরো এলাকা আঁধারে ডুবে যায়। যাঁরা সচ্ছল তাঁদের বাড়িতে রাত ১০টা পর্যন্ত জেনারেটরের বাতি জ্বলে। ৩০টির বেশি আবাসিক হোটেল মোটেলেও একই ব্যবস্থা। রাত নয়টার পর হোটেল-রেস্তোরাঁয় চলে খাবারের আয়োজন। সৈকতের দোকানেও বিক্রি হয় ভাজা মাছ। জেটিঘাটের পাশে আধুনিক সুযোগ-সুবিধার হোটেল ব্লু মেরিন। রাত সাড়ে ১০টায় এই হোটেলে দেখা গেল এলাহি কাণ্ড। মোমের আলোয় টেবিলে থরে থরে সাজানো হরেক সামুদ্রিক মাছ। লব স্টার, কাঁকড়া, কোরাল, রুপচাঁদা, চিংড়ি, টেকচাঁদা—সবই আছে। ভাবছেন, মজাদার এই মাছের দাম কত হতে পারে? তাহলে বলি—লব স্টার প্রতিটি (বড়) দুই থেকে আড়াই হাজার। ছোট ৭০০ থেকে এক হাজার টাকা। কাঁকড়া প্রতি প্লেট ৩০০-৫০০ টাকা। রুপচাঁদা ২০০-২৫০, কালচাঁদা ১০০-১২০, টেকচাঁদা ৮০-১০০, কোরাল ১০০-১৪০, সুন্দরী ৮০-১০০, পাখি ৫০-৭০, কোরাল ও টেকচাঁদা বার বি কিউ ৪০০-৬০০ টাকা। রাত ১২টায় দ্বীপের একেবারে পশ্চিমে দেখা গেল, অনেকে সৈকতের পাথরে বসে গল্প করছেন। বেশির ভাগই জোড়ায় জোড়ায়। কয়েকজন বালুচরে রাজকাঁকড়া ধরার চেষ্টা করছেন। ধরতে গেলেই গর্তে ঢুকে যায় কাঁকড়া। কাঁকড়া ধরা সহজ কাজ নয়। রাতে স্থানীয় কাউকে ঘোরাঘুরি করতে দেখা যায় না। পর্যটকেরাই ভোররাত পর্যন্ত থাকেন, কুকুরের ডাক শুনেন। তাঁদের কাছে দ্বীপের কুকুরের কদর বেশ। অনেকে কুকুরের বাচ্চা কিনে নেন। প্রতিটির দাম এক-আড়াই হাজার টাকা। টেকনাফ থেকে একাধিক জাহাজে করে প্রথমে ১৪ কিলোমিটার নাফ নদী পরে আরও ২১ কিলোমিটার বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যেতে হয় সেন্ট মার্টিন দ্বীপে। দিনে জাহাজে চড়ে যাওয়ার সময় দেখা মেলে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্ত, নাসাকার চৌকি। সীমিতসংখ্যক পর্যটকের জন্য রাতযাপনের ব্যবস্থা রয়েছে। তাই বেশির ভাগ পর্যটককে দুপুরে গিয়ে বিকালে ফিরতে হয়।