বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, পূর্ণিমার জোয়ারের পানি আর জলোচ্ছ্বাসে কক্সবাজারের সাগরদ্বীপ সোনাদিয়া ছয় খণ্ড হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে ছয়টি খাল। বিলীন হয়ে গেছে ১৯টি বসতবাড়ি। সাত বর্গমাইলের এই দ্বীপের বালিয়াড়িতে অপরিকল্পিতভাবে ঝাউবাগান সৃজনের ফলে এই বিপর্যয় দেখা দিয়েছে বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।দ্বীপের লোকজন জানান, ৩ জুলাই দুপুরে পূর্ণিমার জোয়ারে সোনাদিয়ার পশ্চিম অংশে (পশ্চিমপাড়ায়) বিশাল বালিয়াড়ি বিলীন হয়ে দ্বীপের ওই অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে সৃষ্টি হয়েছে খাল। এই খালে এখন জোয়ার-ভাটা হচ্ছে। খালের কারণে বিলীন হয়ে গেছে এন্দাজ মিয়া, সোনাই বেগম, শামসুল আলম, রেজাউল করিম, সরুক মিয়া, জমির হোসেনসহ ১৯ ব্যক্তির বসতবাড়ি।পরিবেশ অধিদপ্তরের সোনাদিয়া গ্রাম সংরক্ষণ দলের সভাপতি গিয়াস উদ্দিন জানান, গত কয়েক দিনের পূর্ণিমার জোয়ার ও জলোচ্ছ্বাসে সোনাদিয়া দ্বীপের ছয়টি স্থানে খালের সৃষ্টি হয়ে বিভিন্ন অংশে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভাঙনের মুখে পড়েছে আরও ৪০টির বেশি বসতবাড়ি।মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) সোনাদিয়া ওয়ার্ডের সদস্য আবদুল গফুর বলেন, গত ৪০ বছরে সোনাদিয়া দ্বীপের এই নাজুক পরিস্থিতি আর দেখা যায়নি। বন বিভাগের লোকজন এলাকাবাসীর কথা উপেক্ষা করে সৈকতের বালিয়াড়িতে কয়েক লাখ ঝাউগাছ রোপণ করেছেন। ফলে দ্বীপের বালিয়াড়ি ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করে ছয়টি ভাঙা অংশের মুখ বন্ধ করা না হলে চলতি বর্ষায় এই দ্বীপে লোকবসতি হুমকির মুখে পড়বে।এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের মহেশখালীর জীববিদ সংরক্ষক আবদুল কাইয়ুম বলেন, বন বিভাগের কর্মীরা অবৈধভাবে ঝাউবাগান তৈরির ফলে বালিয়াড়ির বাঁধ ভেঙে যাচ্ছে। কারণ সোনাদিয়া দ্বীপের বালিয়াড়ি ঝাউগাছের উপযোগী নয়। এখন ঝাউগাছের শিকড় কাছিমের ডিমের গর্ত পর্যন্ত পৌঁছে ডিমও নষ্ট করছে। ফলে লোকালয়ে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, অন্যদিকে কাছিম প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। ঝাউবাগান কেটে ভাঙনকবলিত অংশে বেড়িবাঁধ নির্মাণ করা না হলে অচিরেই এই সোনাদিয়া দ্বীপটি সাগরগর্ভে বিলীন হয়ে যেতে পারে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর ও সহযোগী সংস্থা নেকম এবং সুখী বাংলা ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে এ পর্যন্ত সোনাদিয়ার বালিয়াড়িতে প্রায় তিন লাখ নিশিন্দাকাণ্ড রোপণ করে উঁচু বালিয়াড়ি সৃষ্টি করে। সোনাদিয়ার সৈকত ও বালিয়াড়ি বিপন্ন জলপাই বর্ণের ‘অলিভ রিডলে’ সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার উপযোগী স্থান। এখানে সামুদ্রিক সবুজ কাছিম ও হকসবিল কাছিমও ডিম পাড়তে আসে। ২০০৮ থেকে ২০১২ সালের জুন পর্যন্ত প্রায় ৫০ হাজার সামুদ্রিক কাছিমের ডিম সংগ্রহ করে বাচ্চা ফোটানো হয়েছে।জীববিদ সংরক্ষক আবদুল কাইয়ুম বলেন, বন বিভাগ সোনাদিয়া দ্বীপে নারকেলগাছ লাগানোর কথা ছিল। কিন্তু তারা তা না করে প্রায় ছয় লাখ ঝাউগাছ রোপণ করে। ফলে সামুদ্রিক কাছিমের প্রজননক্ষেত্র হিসেবে ব্যবহূত বেলেকেরদিয়া, মগচর, মাঝের ভিটা প্রভৃতি এলাকা ঝাউগাছে আবৃত হয়ে পড়ে। সামুদ্রিক কাছিম সমুদ্রের সর্বোচ্চ ঢেউয়ের শেষসীমা ১০০ থেকে ১৫০ মিটার উন্মুক্ত সৈকত এবং বালিয়াড়িতে নিরাপদে ডিম পাড়ে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘নিয়ম লঙ্ঘন করে অতীতে সোনাদিয়ায় কয়েক লাখ ঝাউগাছ রোপণ করা হলেও এখন চারা রোপণ বন্ধ রয়েছে। তা ছাড়া দ্বীপে রোপিত কয়েক লাখ ঝাউগাছ কাটা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ, গাছ কাটার বিপরীতে বহু টাকা দরকার। সে রকম কোনো বরাদ্দ আমাদের কাছে এখন নেই।’