কক্সবাজারের রামু উপজেলার চাকমারকূল ইউনিয়নের শ্রীমুরা গ্রামের বাসিন্দা ও অটোরিকশা চালক জসিম উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে জসিমকে। পরদিন সকালে রামু থানার পুলিশ উপজেলার রশিদনগর কালিরছড়া এলাকা থেকে জসিমের গলাকাটা লাশ উদ্ধার করে। তিনি সৌদি প্রবাসী ফরিদুল আলমের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জসিমের সৎমা রহিমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্র জানায়।জসিমের মা নুর জাহান বেগম জানান, ১৯ ফেব্রুয়ারি রাতে স্থানীয় নুরুল আমিনসহ কয়েকজন যুবক ঘর থেকে জসিমকে ডেকে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে জসিমের সৎমা রহিমা বেগমের পরিকল্পনায় ওই হত্যাকাণ্ড ঘটেছে। মূলত প্রবাসী ফরিদুল আলমের সম্পত্তি এককভাবে গ্রাস করতে আগের পক্ষের একমাত্র সন্তান জসিমকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে। এদিকে জসিম হত্যার প্রতিবাদে সম্প্রতি চৌমুহনী চত্বরে রামু ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাকমারকূল ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার, উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামশুল আলম, চাকমারকূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিদুল আলম, ফতেখাঁরকূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রামু প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, শামশুল আলম, ইউনুছ রানা চৌধুরী প্রমুখ।