জসিমের ‘পাট দানব’
মুখের চারপাশ ঢেকে আছে জট পাকানো লম্বা সোনালি চুলে। ভাঁজ পড়া কপাল, তার ছায়ায় জ্বলজ্বল করছে একজোড়া উজ্জ্বল চোখ। কালো হাতে চুল সরাচ্ছে, আর দেখো, হাসছে। এখনই বুঝি বলে উঠবে, হাঁউ মাঁউ খাঁউ...। তা অবশ্য হওয়ার নয়। নামে ‘পাট দানব’ হলেও তার প্রাণ বাঁধা আলোকচিত্রের চারকোনা জীবনে। জুট মনস্টার নামের এই ছবিটি এ বছর ২৯ মে আবুধাবি থেকে ছিনিয়ে এনেছে ষষ্ঠ এমির্যাট্স ফটোগ্রাফি কম্পিটিশনের প্রথম পুরস্কার। আন্তর্জাতিক এই সম্মান বয়ে আনা মানুষটি অন্য কেউ নন, আমাদের বাংলাদেশের ছেলে জসিম সালাম।‘আমার ফটোগ্রাফির হাতেখড়ি চট্টগ্রামের ফটো আর্টস ইনস্টিটিউটে। ওখানেই খবর পেলাম প্রতিযোগিতাটার। তিনটি বিভাগে প্রতিযোগিতা চলবে। সাদাকালো, সাধারণ আর কর্মরত মানুষ। শেষ মুহূর্তে সাদাকালো বিভাগে পাঠিয়ে দিলাম জুট মনস্টারকে। কিছুদিন পর এমির্যাট্স কর্তৃপক্ষ জানাল, ১৩৪টি দেশের ১৪ হাজার ৯৯৮টি ছবিকে হারিয়ে জসিম সালামের জুট মনস্টার প্রথম হয়েছে।জুট মনস্টার মূলত কুড়িগ্রামের এক পাটচাষি। জসিম সালামের চিন্তা ও ক্যামেরার ফ্রেম জুড়ে থাকে দেশ ও দেশের খেটে খাওয়া মানুষেরই ছবি।‘দেশের ভেতরে বা বাইরে, আমাদের মানুষ যেকোনো কাজ সর্বোচ্চ চেষ্টায় করে। সাধারণ মানুষেরা নিজের কাজ ভালোবাসে এবং নিজের ক্ষেত্রে সবাই দক্ষ। এটাই তাদের গর্ব, বীরত্ব। এদের কাছেই শেখার আছে অনেক। দেশের জন্য খেটে খাওয়া মানুষেরাই কাজ করে। আমি এসব অচেনা বীরদের তুলে ধরার চেষ্টা করি মাত্র।’ জানান জসিম।শখের বশে ফটোগ্রাফি শুরু করলেও জসিমের বর্তমান পুরোটাই ফটোগ্রাফিকে ঘিরে। অভিজ্ঞতা আর দক্ষতার সুতোয় বোনা ঝুলিতে আরও আছে ষষ্ঠ হিউম্যানিটি ফটো অ্যাওয়ার্ড, ৬৯তম ইন্টারন্যাশনাল আসাহি সিমবুনি (জাপান) অ্যাওয়ার্ড, সিডও ফটো অ্যাওয়ার্ড, সিজিএপি মাইক্রো ইকোনোমিক্স ফটো অ্যাওয়ার্ডসহ আরও অনেক সম্মাননা।তরুণ প্রজন্মে ডিজিটাল ফটোগ্রাফি বিষয়টা বেশ উপভোগ করেন জসিম। এ বিষয়ে জসিমের মত, ‘ডিজিটাল ক্যামেরার যুগে এখন সবাই ফটোগ্রাফার। অনেকেই অনেকভাবে ছবি তোলেন এবং একেকজনের দেখার চোখও একেক রকম। অনেকেই হয়তো জানি না, ক্রিকেটের পর ফটোগ্রাফিই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি আন্তর্জাতিক সম্মাননা বয়ে এনেছে। তাই তরুণ ফটোগ্রাফারদের মধ্যে দেশপ্রেম থাকাটা খুব প্রয়োজন।’জসিম সালামের অবসর কাটে ফটোগ্রাফিকে ঘিরেই। সময় পেলেই দেখেন দেশি-বিদেশি ফটোগ্রাফারদের ছবি। আর পড়েন ‘পাঠশালা’র পড়া। ‘আমি এখনো ফটোগ্রাফি শিখছি। স্নাতক করছি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমিতে। এখানে এসে বুঝতে পারছি, ফটোগ্রাফির রং ও দৃষ্টির সীমানা আসলে কতটা বিস্তৃত। জসিম তাঁর অনুপ্রেরণা বলে মানেন পাঠশালার অধ্যক্ষ শহিদুল আলমকে। আলোকচিত্রকে ঘিরে তাঁর ভালো লাগা ও কাজের বিস্তৃতি জসিমকে সব সময়ই মুগ্ধ করে। শহিদুল আলমও গর্বিত জসিমের প্রাপ্তিতে। বললেন, ‘জসিম সালাম শুধু পাঠশালা নয়, দেশেরও গর্ব। পাঠশালা শুধু ভালো আলোকচিত্রী তৈরিই নয়, বরং দেশের রাজনীতি, গণমাধ্যম ও শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারা ভালো মানুষ তৈরিরও প্রতিষ্ঠান। ’জসিম সালাম একজন ফ্রিল্যান্স পেশাজীবী ফটোগ্রাফার। বর্তমানে ব্যস্ত সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় একটি ছবি প্রদর্শনী এবং বৈশ্বিক উষ্ণায়নবিষয়ক আলোকচিত্রমালা তৈরির কাজে। যে কেউ চাইলেই তাঁর ছবিগুলো দেখতে পারেন, www.jashimsalam.com এই ওয়েবসাইটে লগ-ইন করে।