জাইকার অর্থায়নে ২০ প্রকল্প বাস্তবায়নের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের অবকাঠামো উন্নয়নে ২২২ কোটি টাকা ব্যয়ে ২০টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হতে যাচ্ছে। জাপানি সংস্থা জাইকার অর্থায়নের এসব প্রকল্পের অধীনে নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও নালা নির্মাণ এবং সংস্কার করা হবে।
আগামী সপ্তাহে সরকারের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের ওয়েবসাইটে প্রকল্পের ই-দরপত্র বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। চটগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জাপানি অর্থ সহায়তা সংস্থা জাইকা ‘ইনক্লুসিভ সিটি গভর্ন্যান্স’ প্রকল্পের আওতায় এই অর্থ দিচ্ছে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে সিটি করপোরেশন। করপোরেশনের ইতিহাসে এটি অন্যতম বড় প্রকল্প। প্রকল্প কার্যক্রম শুরুর অংশ হিসেবে গত রোববার জাইকার প্রতিনিধি রবিউল হোসেন প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় নগরের জাকির হোসেন সড়কের ৪ দশমিক ৪ কিলোমিটার অংশে কংক্রিটের ঢালাই করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৪০ লাখ টাকা। নগরের সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত বিমানবন্দর সড়কের ৩ দশমিক ৭ কিলোমিটার অংশে পিচঢালাই, ফুটপাত ও নালা নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১০ কোটি ৫৯ লাখ টাকা। একই সড়কের কাঠগড় থেকে সমুদ্রসৈকত অংশ পিচঢালাই, ফুটপাত ও নালা নির্মাণ করা হবে। ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক সংস্কারে ব্যয় হবে ৪০ কোটি টাকা।
এ ছাড়া প্রকল্পের পাঁচটি খালের পাশে প্রতিরোধ–দেয়াল নির্মাণ এবং কর্ণফুলী নদীর পাশ দিয়ে চলে যাওয়া মেরিনার্স সড়কসহ বেশ কয়েকটি সড়ক সংস্কার করা হবে। পাশাপাশি নগরের বিভিন্ন খালের ওপর সাতটি সেতু নির্মাণ করা হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২০–এর জুন পর্যন্ত।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প তত্ত্বাবধায়ক মুনিরুল হুদা গত সোমবার প্রথম আলোকে বলেন, জাইকার অর্থায়নে নগরের উন্নয়নে ২০টি প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম খুব শিগগির শুরু হবে। গত মাসে এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের নির্দেশনায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ প্রক্রিয়া বন্ধ রাখতে হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষ করে এক মাসের মধ্যে নির্বাচিত ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হবে।
মুনিরুল হুদা আরও জানান, চট্টগ্রাম নগরের উন্নয়নে জাইকা দুটি প্যাকেজের মাধ্যমে ৫৮৫ কোটি টাকা দেবে। প্রথম প্যাকেজে ২২২ কোটি টাকা দেওয়া হচ্ছে। পরবর্তী প্যাকেজের টাকা বছরের শেষের দিকে দেওয়া হবে। প্রকল্পের বাকি কাজগুলো তখন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরের দৃশ্যপট পাল্টে যাবে।