জাকাতের কাপড় যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকাতের নিয়ম সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। নগদ টাকার পাশাপাশি জাকাত হিসেবে অনেকেই পোশাক বিতরণ করেন। সে ক্ষেত্রে যাঁরা নিয়মিত জাকাত দিয়ে আসছেন কিংবা জাকাত দেবেন বলে ভাবছেন, তাঁদের জন্য রইল তেমনই কিছু পোশাকের খোঁজখবর।

.
.

শাড়ি
রাজধানী ঢাকার ইসলামপুরে জাকাতের শাড়ি পাবেন ২৮০ থেকে ৫০০ টাকায়। বঙ্গবাজার, গুলিস্তানে শাড়ির দাম শুরু ২৫০ টাকা থেকে। ফার্মগেট সুপার মার্কেটে শাড়ির দাম শুরু ৩০০ টাকা থেকে। নিউমার্কেটে জাকাতের শাড়ি পাবেন ৩০০ থেকে ৫০০ টাকায়; নিউমার্কেটের উল্টো পাশে অবস্থিত ধানমন্ডি হকার্স মার্কেটে শাড়ির দাম শুরু ২৮০ টাকা থেকে। নুরজাহান সুপার মার্কেটে (ধানমন্ডি হকার্স মার্কেটের পাশে) জাকাতের জন্য ছাপা শাড়ি পাবেন ৩৩৫ থেকে ৯৫০ টাকায়। ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে (গ্রিন রোড, গ্রিন লাইফ হাসপাতালের বিপরীতে) জাকাতের শাড়ি পাবেন ৩৩৫ থেকে ৭০০ টাকায় আর টাঙ্গাইলের তাঁতের শাড়ি পাবেন ৫৫০ থেকে ৭ হাজার টাকায়।

.
.

লুঙ্গি
ইসলামপুরে জাকাতের লুঙ্গি পাবেন ২০০ থেকে ২৫০ টাকায়। বঙ্গবাজার, গুলিস্তানে লুঙ্গির দাম শুরু ১৫০ টাকা থেকে। ফার্মগেট সুপার মার্কেটে লুঙ্গি পাবেন ২০০ থেকে ৩০০ টাকা। নিউমার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটে লুঙ্গি পাবেন ১৫০ থেকে ২৫০ টাকায়। নুরজাহান সুপার মার্কেটে জাকাতের জন্য ছাপা লুঙ্গি পাবেন ২১০ থেকে ৩০০ টাকায়। ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে লুঙ্গি মিলবে ২৪০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।

অন্যান্য
পরিধেয় শাড়ি, লুঙ্গির পাশাপাশি দিতে পারেন জায়নামাজ, পাজামা-পাঞ্জাবি, থ্রি–পিস ইত্যাদি। ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে জাকাত হিসেবে দেওয়ার জন্য পাঞ্জাবি পাবেন ৩৫০ থেকে ১ হাজার ৫৫০ টাকায়; পায়জামা ২৫০ টাকা থেকে ৫০০ টাকা; থ্রি–পিস পাবেন ৪৫০ থেকে ১ হাজার ৯০০ টাকা পর্যন্ত। জায়নামাজের জন্য যেতে পারেন বায়তুল মোকাররম মার্কেট, নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান ও পুরান ঢাকার ইসলামপুরে। সে ক্ষেত্রে দেশি জায়নামাজের দাম শুরু ১০০ টাকা থেকে। আমদানি করা চীনা জায়নামাজ পাবেন ১৩০ থেকে ১৭০ টাকায় ও তুর্কি জায়নামাজ পাবেন ৩৩০ থেকে ৭৫০ টাকায়।