জাকাতের জন্য
>আয় ও সম্পদের হিসাব অনুযায়ী জাকাত দিতে হবে কি না, তা নিশ্চয়ই জেনে নিয়েছেন। যাঁরা নিয়মিত জাকাত দিয়ে আসছেন কিংবা জাকাত দেবেন বলে ভাবছেন, তাঁদের জন্য রইল কিছু জাকাতের পোশাক–পণ্যের খোঁজখবর


শাড়ি
ঢাকার ইসলামপুরে জাকাতের শাড়ি পাবেন ৩০০ থেকে ৩৬০ টাকায়; বঙ্গবাজার, গুলিস্তানে শাড়ি পাবেন ২৬০ থেকে ৩৫০ টাকায়। ফার্মগেট সুপার মার্কেটে ৩০০ থেকে ৩৫০ টাকায়। নিউমার্কেটে শাড়ি পাবেন ৩০০ থেকে ৩৫০ টাকায়। ধানমন্ডি হকার্স মার্কেটে (নিউমার্কেটের বিপরীতে) ২৬০ থেকে ৩৫০ টাকা। নুরজাহান সুপার মার্কেটে (নিউমার্কেটের বিপরীতে) জাকাতের জন্য ছাপা শাড়ির দাম শুরু ২৯৫ থেকে ৪৫০ টাকা। ঢাকা আহসানিয়া তাঁত ঘরে (গ্রিনরোড, গ্রিন লাইফ হাসপাতালের বিপরীতে) জাকাতের শাড়ি পাবেন ৩৩৫ থেকে ৭০০ টাকায়; আর টাঙ্গাইলের তাঁতের শাড়ি মিলবে ৫৫০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত।
লুঙ্গি
ইসলামপুরে জাকাতের লুঙ্গি পাবেন ২০০ থেকে ২৮০ টাকায়, ফার্মগেট সুপার মার্কেটে ২০০ থেকে ২৫০ টাকায়। গুলিস্তান, বঙ্গবাজারে লুঙ্গি মিলবে ১২০ টাকা থেকে ২৫০ টাকায়, নিউমার্কেটে ১৫০ থেকে ২৫০ টাকায়। নুরজাহান সুপার মার্কেটে ছাপা লুঙ্গি পাবেন ১৯৫-২২৫ টাকা। ধানমন্ডি হকার্স মার্কেটেও লুঙ্গি পাবেন ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। আর ঢাকা আহসানিয়া তাঁত ঘরে লুঙ্গি পাবেন ২২০ থেকে শুরু করে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত।
জায়নামাজ
অনেকে শাড়ি, লুঙ্গির পাশাপাশি জায়নামাজও দিয়ে থাকেন। সে ক্ষেত্রে যেতে পারেন বায়তুল মোকাররম মার্কেট, নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও ইসলামপুরে। বায়তুল মোকাররম মার্কেট, নিউমার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটে জায়নামাজের দাম শুরু ১০০ টাকা থেকে। এ ছাড়া ইসলামপুরে মিলবে ১৩০ থেকে ১৭০ টাকায় চীনা ও ৩৩০ টাকা থেকে ৭৫০ টাকার তুর্কি ও পাকিস্তানি জায়নামাজ।