>সম্প্রতি ফেসবুকের তথ্য চুরি হওয়ার ঘটনা স্বীকার করে মার্ক জাকারবার্গ হতাশা ব্যক্ত করেছেন। এতে উদ্বিগ্ন অনেক বাংলাদেশি ফেসবুক গবেষক। তেমনই এক গবেষক স্বয়ং জাকারবার্গকে দিলেন ফেসবুক ভালোভাবে সামলানোর কিছু অমূল্য পরামর্শ। রস+আলোর জন্য উপস্থাপন করলেন রাফি আদনান
ডার্ক হ্যাকারবার্গ (সিএসই)
শুনলাম ফেসবুক থেইকা নাকি মানুষের তথ্য চুরি হইছে আর এইটা নিয়া আবার জাকারবার্গ খুব হতাশ। মার্ক জাকারবার্গের মতো একজন লিজেন্ডের হতাশা দেখে তো আমার ভাল্লাগতেছে না। ড্রপ আউট সফল ব্যক্তিদের হতাশ হতে নাই, তাঁরা আমাদের অনুপ্রেরণা। আমার মাথায় এটা নিয়া কিছু চিন্তাভাবনা চলতেছে কয়েক দিন ধরে। ফেসবুকের মতো একটা জিনিস কীভাবে নিরাপদ রাখতে হয়, সেটা জাকারবার্গ না জানলেও আমি জানি। জাকারবার্গের জন্য আমার কয়েকটা পরামর্শ
১. ফেসবুক ইউজারদের যেসব তথ্য ফেসবুকের কাছে আছে, সেগুলো কোনো ক্লাউড স্টোরেজে রাখা যাবে না। সবকিছুতে আধুনিকতা ভালো না। প্রত্যেক ইউজারের জন্য আলাদা করে হিসাবের খাতা বানাইয়া রাখতে হবে। আমার সঙ্গে অ্যাঞ্জেল জরিনার যে চ্যাট হিস্টোরি আছে, সেটা প্রিন্ট আউট করে সেই খাতায় রাখবেন। আমার সব তথ্য জাকারবার্গ হিসাবের খাতায় তোলার পর ক্লাউড থেকে ডিলিট করে দিতে হবে।
২. ফেসবুকে একটা রিসাইকেল বিন ফোল্ডার বানালে এই সমস্যা আমরা ইউজাররাই দূর করতে পারব। আমার যেই সব তথ্য ফেসবুক থেকে একদম লুকাইয়া ফেলতে চাই, সেগুলো রিসাইকেল বিন থেকে চিরতরে ডিলিট কইরা দেব। ব্যস, মামলা খালাস।
৩. প্রিয় জাকারবার্গ, কাজের ব্যস্ততা আর টাকার লোভে আপনি গুগল ভুইলা গেছেন, প্লেস্টোর ভুইলা গেছেন। তারপরও বলব, আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, প্লেস্টোরে ঢোকেন। ‘পনেরো দিনে হ্যাকার হউন’ অ্যাপটা ডাউনলোড কইরা মনোযোগ দিয়া পড়লেই আজকে আপনার ফেসবুকের এই হাল হইত না। আপনি জানেন না ভর্তি পরীক্ষায় বুয়েটে বিবিএ না পাইয়া আমি হতাশ হইছিলাম। তারপর সন্ধান পাইলাম ত্রিশ দিনে কম্পিউটার ইঞ্জিনিয়ার হউন বইটা। ব্যস, তারপর মাত্র এক মাসেই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইছি, আর আমার বন্ধুরা টিউশনি কইরা টাকা জমাইয়া আমার দোকানে মোবাইল ফোন ঠিক করায়।
৪. আপনার লাখ লাখ ফলোয়ার থাকলেও কোনো লাভ নাই। আপনার দরকার বাংলাদেশি কয়েকটা উঠতি পোলাপান, যারা ভবিষ্যৎ হ্যাকার। এই বয়সেই তারা অন্যের আইডি রিপোর্ট করে উড়ায়া দেয়। সময় থাকতে চালাক হন, ‘লাভ’ দেবে জনগণ।
৫. Love শব্দ লেখা পাসওয়ার্ড আপনার ফেসবুক থেকে ব্যান করেন। আমাদের অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড দেয় iluvuxaan20, এই একটা শব্দ যদি পাসওয়ার্ডে দেওয়া না যায়, নিরাপদ হবে কোটি কোটি আইডি। সবচেয়ে বেশি দরকার বায়োমেট্রিক সিস্টেম তৈরি করা। আঙুলের ছাপ দিয়া ফেসবুকে ঢোকার সিস্টেম থাকলে আপনার আর হতাশ হইতে হবে না। নিরাপত্তাসংক্রান্ত কিছু ইউটিউব টিউটোরিয়াল ভিডিও পাবেন আমার নিজস্ব চ্যানেলে। বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।
অ্যানোনাইমাস পাগলা অসাধারণ হইছে ভাই! কপি করলাম, কার্টেসি দিমু না। জাকারবার্গের একটা শাস্তি হওয়া দরকার। বাংলাদেশ হ্যাকার সমিতির
পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।

সিকিউরিটি বাবা আমার স্মার্ট কার্ড হারাইয়া গেছে ব্রো। ন্যাশনাল আইডি খুলতে কত ট্যাকা লাগে?
খুব প্যারায় আছি...
ইমোশনাল হ্যাকার এসব বলে কী হবে? একদিন তো মরেই যাব।