জাকির হোসেন  রাঙ্গুনিয়া সদর ছিনতাইকারীর কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিঠি বিলির কাজে নিরন্তর ছুটে বেড়ান তিনি। সকাল আটটায় সাইকেল নিয়ে বেরিয়ে যান ঘর থেকে। ফেরেন রাত ১১টায়। সাইকেল নিয়ে সবখানে যাওয়া যায় না। কারণ কর্ম এলাকার বেশির ভাগই পাহাড়ি পথ। পেরোতে হয় নদীও। কখনো হেঁটে, যানবাহনে বা নৌকায় চড়ে চিঠি বিলি করেন তিনি। এতে প্রতিদিন টাকা খরচ হয় পকেট থেকে। তবে যাতায়াত ভাতা কী জিনিস তা তিনি জানেন না। অকেজো পথে রাত বেরাতে কাজ করতে গিয়ে ছিনতাইকারীদের কবলেও পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও ঝুঁকিভাতা নেই। পান না রেশনও।বলছিলাম রাঙ্গুনিয়া সদর ডাকঘরের পিয়ন জাকির হোসেনের কথা। ৩৯ বছর ধরে চাকরি করছেন তিনি। জাকির জানান, ডাক বিভাগ চট্টগ্রাম পূর্বাঞ্চলে ডাকপিয়ন হিসেবে চাকরি পান ১৯৮০ সালে। বিভাগীয় কার্যালয়ের আদেশে ফটিকছড়ির চারালিয়াহাট ডাকঘরে প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দেন। বোয়ালখালীর শাকপুরা গ্রামে তাঁর বাড়ি। তিনি ১৯৭৯ সালে এসএসসি পাস করেছিলেন।কাজের অভিজ্ঞতা বর্ণনা করেন এভাবে—‘যেসব ডাকঘরে কাজ করেছি বেশির ভাগেরই অবস্থা জীর্ণ। দুর্গম যোগাযোগের কারণে প্রাপকদের কাছে চিঠি বা জিনিসপত্র পৌঁছে দেওয়া খুবই কষ্টকর।’ তিনি জানান, পাহাড়-পর্বত, খাল-বিল পাড়ি দিয়ে কাজ করতে হয়। রাঙ্গুনিয়া পৌরসভার নয় ওয়ার্ড ও সরফভাটা ইউনিয়নে চিঠি বিলি করেন তিনি। একটি ছাড়া সব ওয়ার্ডই পাহাড়ি এলাকা। আর সরফভাটায় যেতে হয় কর্ণফুলী নদী পেরিয়ে।তিনি বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকা ও নির্জন বিলে হেঁটে প্রাপকের ঠিকানায় যেতে অনেক সময় ছিনতাইকারীর হাতে পড়েছি।’ এ রকম ঘটনায় অনেকের চাকরি গেছে। দিতে হয়েছে আর্থিক ক্ষতিপূরণও। উপজেলা সদর ডাকঘরের প্রধান আবদুল ওহাব মজুমদার বলেন, ‘ডাকপিয়নেরা রাতদিন পরিশ্রম করেন। এভাবে আর কোনো বিভাগের লোক কষ্ট করে চাকরি করেন কি না আমার জানা নেই। দেশ স্বাধীন হওয়ার পর ডাকপিয়নসহ অনেকে রেশন ও ঝুঁকিভাতা পেতেন। কিন্তু পরে সেটা বন্ধ করে দেওয়া হয়।’ রাঙ্গুনিয়া প্রতিনিধি