কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে জাগ ফাঁদ ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। হ্রদের যেসব এলাকায় সাধারণ স্থানের চেয়ে ২৪ থেকে ৩২ ভাগ বেশি মাছ পাওয়া যায়, সেখানেই জাগ ফাঁদ ব্যবহার করা হচ্ছে। এতে হ্রদে মাছের প্রজনন ও উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) রাঙামাটি নদী গবেষণা উপকেন্দ্রের তিনজন মৎস্যবিজ্ঞানীর গবেষণা ফলাফলে এ তথ্য উঠে এসেছে। বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন ও সঞ্জীব বসাক দুই বছর মেয়াদি এই গবেষণা পরিচালনা করেন। সম্প্রতি এর ফলাফল চূড়ান্ত করেছেন গবেষকেরা।
গত মঙ্গলবার রাঙামাটি নদী গবেষণা উপকেন্দ্র কার্যালয়ে তিন গবেষক প্রথম আলোকে বলেন, ২০১৩ থেকে ২০১৫ সালে ‘কাপ্তাই হ্রদে উৎপাদন সম্ভাবনার ওপর জাগের প্রভাব’ শীর্ষক গবেষণা পরিচালনা করা হয়। গবেষণার উদ্দেশ্য ছিল জেলেদের দেওয়া জাগে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা ও প্রাচুর্য নির্ণয় এবং বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন সাফল্য ও মাছ আহরণের ওপর জাগের প্রভাব জানা।
গবেষণায় অন্তর্ভুক্ত ছিল চারটি উপজেলা। এগুলো হলো রাঙামাটি সদর, কাপ্তাই, বরকল ও লংগদু। গবেষণাকালে এসব উপজেলায় এক হাজারের বেশি জাগ পাওয়া গেছে। তবে হ্রদ এলাকায় মোট কতটি জাগ আছে, তা কোনো কর্তৃপক্ষ জানাতে পারেনি।
গবেষণায় দেখা গেছে, সাধারণভাবে কাপ্তাই হ্রদের প্রতি শতকে মাছের উৎপাদন দশমিক ৫০ কিলোগ্রাম। কিন্তু জাগ ফাঁদে প্রতি শতকে ১২ দশমিক ১৮ থেকে ১৫ দশমিক ৯৮ কিলোগ্রাম মাছ ধরা পড়েছে। এ ছাড়া জাগ ফাঁদে পানির ভেতর ডালপালাযুক্ত গাছ ও ওপরে কচুরিপানা দিয়ে ছায়া দেওয়া হয়। সেখানে মাছের খাদ্য দেওয়া হয়। পরে সেই স্থানটি জাল দিয়ে ঘিরে পরিষ্কার করা হয়। তারপর জাল টেনে সব মাছ তুলে ফেলা হয়। সে কারণে ডিমওয়ালা, পোনাসহ বিভিন্ন আকারের মাছ ধরা পড়ে।
গবেষকেরা জানান, জাগ ফাঁদ তৈরি করা হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে, যখন কাপ্তাই হ্রদে পানি কমে। আর মাছ ধরা হয় মার্চ থেকে মে মাসের দিকে। ওই সময়ে মা–মাছের পেটে ডিম আসে। এতে মাছের উৎপাদনে ব্যাঘাত সৃষ্টিসহ ব্যাপক হারে মা–মাছ ও পোনা শিকারে পরিণত হয়।
গবেষণায় দেখা গেছে, জাগে সবচেয়ে বেশি ধরা পড়ে কালিবাউশ মাছ। এ ছাড়া এই মাছের পাশাপাশি রাঙামাটি সদরে আইড়, শোল ও গজার; কাপ্তাইয়ে আইড়, শোল, গজার ও বাইম; বরকলে বাতা, আইড়, বাইম ও শোল এবং লংগদুতে বাতা, আইড় ও শোল মাছ বেশি ধরা পড়ে।
কাপ্তাই হ্রদে জাগ ব্যবহার সম্পর্কে মৎস্য অধিদপ্তরের রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, নদী বা হ্রদে যেকোনো ধরনের ফাঁদ ব্যবহার করে মাছ শিকার নিষিদ্ধ। কিন্তু কাপ্তাই হ্রদে জাগের মাধ্যমে ছোট–বড় নির্বিশেষে মাছ ধরা হয়। এতে মাছ উৎপাদনে ব্যাঘাত ঘটে। তিনি বলেন, কাপ্তাই হ্রদের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এ বিষয়ে তারা ব্যবস্থা নিতে পারে।
বিএফডিসির রাঙামাটি উপব্যবস্থাপক মো. মাসুদুল আলম জাগ দিয়ে মাছ শিকার আইনত নিষিদ্ধ বলে নিশ্চিত করেন। তিনি বলেন, এখন কাপ্তাই হ্রদে নৌ পুলিশ এসেছে। এবার জাগ বন্ধের প্রক্রিয়া শুরু করা হবে।