জাগরণের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে আমরা স্পষ্টতই দেখি, রাজনৈতিক আন্দোলন ও দ্রোহের সহচর জনজাগরণ জাগানো দেশপ্রেমের গান ও গণসংগীত। আমাদের বাংলাদেশেরই শুধু নয়, সারা বিশ্বেরই একই ইতিহাস—সংগীত ও সংগ্রাম একই সুতায় গাঁথা।সুনির্দিষ্টভাবে দেশপ্রেম বা স্বদেশপ্রেমের গান আমরা পেতে শুরু করি এ দেশে ইংরেজদের শাসন পুরোপুরিভাবে কায়েম হওয়ার পর থেকে। বস্তুত দেশপ্রেমের গানের মূলে আছে জাতি-রাষ্ট্রের চেতনা, জাতীয়তাবোধের প্রগাঢ়তা। ফলে ব্রিটিশ রাজের অত্যাচার এ দেশে যত তীব্র হয়েছে, তার বিরোধিতায় যেমন গড়ে উঠেছে পর্বে পর্বে গণ-সংগ্রাম, গণ-আন্দোলন, তেমনই সেসব সংগ্রামের আগে ও পরে রচিত হয়েছে গানের পর গান। আমাদের দেশপ্রেম বা গণসংগীতের গানের ভান্ডারটি তাই সুবিপুল। গর্ব করার মতো ঐশ্বর্য আছে গানের সেই ধারাটিতে।ঊনবিংশ শতক থেকে দেশপ্রেমের গানের যে জোয়ারের সৃষ্টি, তার অনুসৃত ধারাটি এখনো অব্যাহত আছে। স্বৈরশাসন ও শোষণের বিরুদ্ধে গড়ে ওঠা নানা পর্বের আন্দোলন ও গণসংগ্রামকে ভিত্তি করে রচিত ও গীত হয় গণসংগীত। কিন্তু সেসব গান হারিয়ে যেতে বসেছিল। ২০০৮ সালের ১ ডিসেম্বরে গড়ে ওঠা ‘জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র’ উদ্দীপনার সেসব গান সংগ্রহ করার ব্রত নিয়ে মাঠে নামে। শুধু তা-ই নয়, গানগুলোর প্রকৃত রচয়িতা, সুরকার এবং সেগুলোর সঠিক গীতরূপ উদ্ধারেও সচেষ্ট হয়। পাশাপাশি গানগুলো এ সময়কার দক্ষ শিল্পীদের দিয়ে গাওয়ানো এবং আধুনিক যন্ত্রানুষঙ্গে সেগুলো ধারণ করারও উদ্যোগ গ্রহণ করা হয়। সেই চেষ্টারই পরিণতি ২০০৯ সালের ডিসেম্বরে কালোত্তীর্ণ ৭১টি গণসংগীতের ছয়টি সিডির অ্যালবাম প্রকাশ। এবার প্রকাশিত হলো ১০১টি গণসংগীত নিয়ে জাগরণের গান-২ অ্যালবাম।আমাদের এই ঐতিহাসিক প্রয়াসের অবিচ্ছেদ্য অংশীদার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক। স্টেপ মিডিয়া লিমিটেড প্রকাশনার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ। প্রথম আলো, চ্যানেল আই এবং এবিসি রেডিও আমাদের এই প্রয়াসকে সফল করার লক্ষ্যে সহযোগিতার হাত প্রসারিত করায় আমরা তাঁদের কাছেও ঋণী। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি আমাদের এই উদ্যোগকে নানাভাবে উৎসাহ জুগিয়েছেন। তাঁদের প্রতিও রইল আমাদের প্রাণঢালা শুভেচ্ছা। জাগরণের গান-এর প্রথম অ্যালবামটি যেমন দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, এবারে প্রকাশিত জাগরণের গান-২ অ্যালবামটিও একই রকম সাড়া জাগাবে বলে আমাদের দৃঢ়বিশ্বাস। প্রতিটি গণসংগীতের রচয়িতা, সুরকার ও শিল্পী—প্রত্যেকেই ইতিহাসের একেকজন কারিগর। তাঁদের আন্তরিক অংশগ্রহণেই এবারও সম্ভব হলো দ্বিতীয় এই অ্যালবামটির প্রকাশনা। তাঁদের প্রত্যেকের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে, যা আমাদের গোচরে আনা হলে কৃতজ্ঞ হব।