জাগরণের গানের তৃতীয় পর্ব
বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের সাক্ষী সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ১০ ডিসেম্বর দিনব্যাপী বসেছিল বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করার সেই সব গণসংগীতের আসর। দেশমুক্তির সব আন্দোলনে এ দেশের আপামর জনগণকে উজ্জীবিত করছে গণসংগীত। আর এমনই কালজয়ী বাছাই করা ৭১টি গণসংগীত নিয়ে জাগরণের গানের তৃতীয় সংকলন জাগরণের গান-৩ প্রকাশ করেছে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র। পৃষ্ঠপোষকতা করেছে দেশের মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। সহায়তায় ছিল প্রথম আলো, এবিসি রেডিও ও চ্যানেল আই। সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্টেপ মিডিয়া।স্বাধীনতা অর্জনের ৪০ বছর পূর্তি উদ্যাপন করা হচ্ছে। জাগরণের গানের তৃতীয় অ্যালবামে ৪০টি নতুন গণসংগীত সন্নিবেশিত করা হয়েছে। এ ছাড়া জাগরণের গানের প্রথম ও দ্বিতীয় অ্যালবাম থেকে আরও ৩১টি গান নেওয়া হয়েছে। জাগরণের গানের তৃতীয় অ্যালবামটি প্রকাশ করা হয় মোট ৭১টি গণসংগীত নিয়ে। ব্রিটিশ উপনিবেশবাদী শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত গাওয়া গণসংগীত থেকে বাছাই করা হয়েছে জাগরণের গান-৩ অ্যালবামের গানগুলো। সবগুলো গান ধারণ করা হয়েছে ছয়টি সিডিতে। আর সিডিগুলো রয়েছে সুন্দর ও সুদৃশ্য মোড়কে। এর সঙ্গে আছে গানগুলোর পূর্ণাঙ্গ কথা ও প্রাসঙ্গিক সব তথ্য।বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেশের প্রবীণ ও তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে জাগরণের গান-৩ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক শিহাব আহমেদ, জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের সভাপতি আবদুল খালেক, পরিচালক মোস্তাফা তৌহিদ খান প্রমুখ। বক্তারা বলেন, জাগরণের গান যেকোনো সংকটময় মুহূর্তে জাতিকে জাগিয়ে তুলতে সক্ষম। এসব গণসংগীত সব সময় বাঙালি জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে।সকাল থেকে মঞ্চের পাশে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ফুটে ওঠে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালা। জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীদের ‘মুক্ত দেশের গান’, ‘আমার বাংলা মায়ের গান’, ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’সহ বেশ কয়েকটি গান পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিল্পী কনকচাঁপা গেয়ে শোনান ‘যে দেশের মাটিতে শহীদ মিনার আছে’ ও ‘ঐ পতাকা আমার’। এ ছাড়া দিদারুল করিম ‘ও কোকিলা রে’, শওকত হায়াত খান ‘বাংলার গান বাংলার প্রাণ’, সারোয়ার জাহান ‘শাল পিয়ালের দোয়েল,’ মাহমুদুল হাসান ‘এ দেশ আমার এ মাটি আমার’ গানগুলো পরিবেশন করেন। স্পন্দন নৃত্যশিল্পীরা ‘ঘুম আয় রে আয়’, ভাবনার নৃত্যশিল্পীরা ‘আজি সত্য সাগরে’ ও ‘মারো জোয়ান হেইয়ো’ এবং নৃত্যমের শিল্পীরা ‘ধিতাং ধিতাং বোলে’ গানের সুরে নৃত্য পরিবেশন করেন। আবৃত্তি করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মাশকুর-এ ছাত্তার প্রমুখ।বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব স্বরকল্পনের বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয়। জাগরণের শিল্পীরা পরিবেশন করেন ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘ওরা আমাদের গান গাইতে দেয় না’সহ আরও কয়েকটি গান। স্পন্দন নৃত্যশিল্পীরা ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানে নৃত্য পরিবেশন করেন। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। এ ছাড়া অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী এবং জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের পরিচালক মোস্তাফা তৌহিদ খান প্রমুখ। সাংস্কৃতিক পর্বে গান গেয়ে শোনান ফাহিম হোসেন চৌধুরী, ডালিয়া নওশিন, বিশ্বজিৎ রায়, ফকির শাহাবুদ্দিন, রুমানা ইসলাম, নাসিমা খান প্রমুখ। আবৃত্তি সংগঠন ‘কথা’ বৃন্দ আবৃত্তি এবং বেলায়েত হোসেন একক আবৃত্তি পরিবেশন করেন। শিল্পী শ্রীকান্ত আচার্যের গান পরিবেশনের মাধ্যমে উৎসবের শেষ হয়। আয়োজনে সঞ্চালক ছিলেন মুর্শিদ আনোয়ার।বাংলাদেশে গণসংগীতের একটি গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। আমাদের জাতীয় আন্দোলনগুলোর প্রতিটি ধাপেই গণমানুষকে সব অনিয়ম, অনাচার ও দুঃশাসনের বিরুদ্ধে গণসংগীত অনুপ্রেরণা জুগিয়েছে এবং স্বাধীনতা অর্জনের পথ দেখিয়েছে। এই গণসংগীত সব সময়ই পরিবর্তনের পালাবদলে জনগণের সঙ্গে মিশে ছিল। সংগীতের এই ধারার অর্থাৎ গণসংগীতের ঋদ্ধ ঐতিহ্য স্মরণ করে বাংলালিংক ২০০৯ সালে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে জাগরণের গান শীর্ষক গণসংগীতের অ্যালবাম প্রকাশ করে, যাতে ৭১টি নির্বাচিত বিপ্লবী প্রেরণার গান ছিল। এরপর ২০১০ সালে একই ধরনের আরও ১০১টি গণসংগীত নিয়ে প্রকাশ করা হয় জাগরণের গান-২। স্বাধীনতা অর্জনের ৪০ বছর পূর্তির বছর ২০১১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো জাগরণের গান-৩ অ্যালবামটি। জাগরণের অঙ্গীকার দেশাত্মবোধক গান ও গণসংগীত সংগ্রহ, এর প্রকৃত রচয়িতা, সুরকার ও প্রথম গায়নের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণ করা। সংগৃহীত গণসংগীতের সঠিক গীতরূপ এবং সুর সংগ্রহ ও সংরক্ষণ করে দক্ষ শিল্পীদের কণ্ঠে বাণীবদ্ধ করা। নতুন প্রজন্মকে গণসংগীতের ধারার সঙ্গে সম্পৃক্ত করা। পেশাদারির ভিত্তিতে গণসংগীতের চর্চা এবং দেশব্যাপী গণসংগীতের স্কোয়াড গঠন করা। উদীয়মান কণ্ঠশিল্পীদের গণসংগীতের ধারায় সম্পৃক্ত করা এবং নতুন প্রজন্মের মধ্যে গণসংগীতের চর্চা ও পরিবেশনের সুযোগ সৃষ্টি করা। গণসংগীতের সঙ্গে সম্পৃক্ত নিবেদিতপ্রাণ সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা প্রদান করা। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্রকে গণসংগীত চর্চা ও পরিবেশনার একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। সর্বোপরি গণসংগীত ছাড়াও অন্যান্য সংগীত, কবিতা, নৃত্যচর্চা ও পরিবেশনের মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা।আল মামুন