জাগাও প্রাণের সুপ্ত শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক’—রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কৃষ্ণকলি’ কবিতাটি কালো নারীর সৌন্দর্যের শাশ্বত বয়ান হয়ে থাকবে বাঙালি পাঠকের কাছে। বোধন আবৃত্তি পরিষদের পুনম দাশের কণ্ঠে কবিতাটি আরও একবার জীবন্ত হয়ে উঠল। উপস্থিত দর্শক-শ্রোতারা ফিরে গেলেন পূর্ব বাংলার ময়নাপাড়ার মাঠে।
গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে আয়োজিত আবৃত্তি অনুষ্ঠানে পুনম দাশসহ চার নবীন আবৃত্তি শিল্পীর পরিবেশনা দিয়ে সাজানো হয়েছিল আসর। তাঁদের পাশাপাশি আবৃত্তি করেন আমন্ত্রিত দুই আবৃত্তিশিল্পী। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি কামরুল হাসান বাদল। সঞ্চালনা করেন অনুপম শীল।
আবৃত্তির আসরের প্রথমে পর্বে ছিল চার নবীন আবৃত্তিশিল্পীর পরিবেশনা। পুনম দাশ আবৃত্তি করেন পার্থ সারথি বড়ুয়া, মল্লিকা সেনগুপ্ত, তসলিমা নাসরিনের কবিতা। মীর মাশরুর জামান আবৃত্তি করেন সলিল চৌধুরী, সুবোধ সরকার, মল্লিকা সেনগুপ্ত ও হুমায়ুন আজাদের কবিতা। এরপর বেনজির বিনতে শওকত আবৃত্তি করেন মহাদেব সাহা, আদিত্য অনীক, আবু মুসা চৌধুরী, মানজুর মুহাম্মদ, কাজী নজরুল ইসলামের কবিতা। সবশেষে সুছন্দা চৌধুরী আবৃত্তি করেন সুনীল গঙ্গোপাধ্যায়, শেখর বরণ, আসাফউদ্দোলা, সুকুমার রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।
নবীন শিল্পীদের পর আবৃত্তি করেন আমন্ত্রিত শিল্পী লুবাবা ফেরদৌসী ও মো. মনির হোসেন। লুবাবা ফেরদৌসী পরিবেশন করেন জয় গোস্বামীর ‘জল হাওয়ার লেখা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঝুলন’, কাজী নজরুল ইসলামের ‘কামাল পাশা’, শুভাশীষ শুভর ‘দ্রৌপদী’। এরপর মো. মনির হোসেন আবৃত্তি করেন শামসুর রাহমানের ‘বারবার ফিরে আসা’, আবু হাসান শাহরিয়ারের ‘তোমাদের কাচের শহর’, ‘বালিকা আশ্রম ১৪’, ‘কবিকে কথা বলতে দাও’ ও দিলীপ দাসের ‘পুঞ্জ মেঘ বজ্র হবার আগে’।