
‘যখন তোমার প্রাপ্য ছিল প্রশংসার হীরক-চুম্বন/ তখন তোমার প্রাপ্য হয়েছে মৃত্যুহীরক বিষ/’ মঞ্চে নির্মলেন্দু গুণের ‘আফ্রিকার প্রেমের কবিতা’ শিরোনামের কবিতাটি আবৃত্তি করছিলেন হোসনে আরা। মিলনায়তনজুড়ে পিনপতন নীরবতা। শেষ হতেই করতালিতে ভরে উঠল পুরো মিলনায়তন।
৬ ডিসেম্বর এভাবেই কবিতা পরিবেশন করে মঞ্চ মাতিয়ে গেলেন হোসনে আরাসহ আরও পাঁচ আবৃত্তিশিল্পী। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিসন্ধ্যায় আবৃত্তি করেন তাঁরা।
আয়োজনের শুরুতে ওমর আলীর ‘বন্দী দশা থেকে’ কবিতাটি দিয়ে আবৃত্তি পরিবেশন করেন বোধনের আবৃত্তি শিল্পী মুক্তা বড়ুয়া। এরপর একে একে পরিবেশন করেন ‘ফ্লাইওভার’, ‘ভালোবাসার কঠিন বলয়’সহ চারটি কবিতা। শিশির চাকমার লেখা ‘গঙ্গারামের বুকে’ কবিতার আবৃত্তি দিয়ে পরিবেশনা শুরু করে অসীম দাশ। এরপর আরও চারটি কবিতা পরিবেশন করে অসীমের বিদায়ের পর মঞ্চে আসেন শ্রাবণী দাশগুপ্তা। একে একে আবৃত্তি করেন ‘ময়ূরপঙ্খী’, ‘সৃষ্টি সুখের উল্লাসে’, ‘শরশয্যা ২৩’ ও ‘আমার দুর্গা’ শিরোনামের চারটি কবিতা। এরপর আবৃত্তি পরিবেশন করেন শিল্পী হোসনে আরা। তিনি ‘শাপ মুক্তি’, ‘আফ্রিকার প্রেমের কবিতা’, ‘প্রিয়ার রূপ’সহ পাঁচটি কবিতা পরিবেশন করেন।
এরপর মঞ্চে ছিল কথামালার আয়োজন। বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিত রক্ষিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। বিশেষ অতিথি ছিলেন কবি মানজুর মুহাম্মদ। কথামালা শেষে কবিতার পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন অনুপম শীল। তিনি একে একে পরিবেশন করেন ‘শুধু তোমার জন্য’, ‘তফাত’, ‘হৃদ মাঝারের গান’, ‘আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে’ ও ‘কেউ দেখে না একলা মানুষ’ শিরোনামের কবিতাগুলো। সবশেষে আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন ঢাকার ত্রিলোক বাচিক পাঠশালার শিল্পী মাসুম আজিজুল বাসার। তিনি পরিবেশন করেন ‘বাবা’, ‘মা’, ‘ছন্নছাড়া’সহ ছয়টি কবিতা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী সোহেল আনোয়ার।