জাগাও প্রাণের সুপ্ত শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পিতা আজ আমাদের শাপমুক্তি/আজ তোমার হত্যা মামলার রায়/আজ আমার মা, ভাই, বোনদের হত্যা মামলার রায়’ মুহাম্মদ সামাদের শাপমুক্তি কবিতাটি আবৃত্তি করছিলেন হোসনে আরা। তার আবৃত্তির মধ্য দিয়েই শুরু হয় বোধনের আবৃত্তি সন্ধ্যার। গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে বোধন আয়োজন করেছিল ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি—৩১’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের। এ সন্ধ্যায় আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের নিজস্ব ও আমন্ত্রিত শিল্পীরা। সেই শৈশব থেকে বোধনের সঙ্গে যুক্ত হোসনে আরা। তিনি বর্তমানে বোধনের শিশু বিভাগের নির্দেশকের দায়িত্ব পালন করছেন। শাপমুক্তি ছাড়াও তিনি শোনান কামিনী রায়ের ‘কত ভালোবাসি’, রবীন্দ্রনাথ ঠাকুরের ভুলুরাম শর্মা, ভিক্টর ইয়োগো-এর অনুবাদ কবিতা ফাংগাস। অনুপম শীল আবৃত্তি করেন নির্মলেন্দু গুণের ‘তোমার চোখ এত লাল কেন’, আহমেদ কামালের ‘আঞ্জলির শাঁখা’, লুৎফর রহমান রিটনের ‘আমার আবুল হাসে’, অরণি বসুর ‘ছেলেটা’, মেঘের ‘কেউ দেখে না একলা মানুষ’। পিংকী চৌধুরী করেন ‘নিয়াজী যখন আত্মসমর্পণ লিখছে’, শুভ দাশগুপ্তের ‘অন্যরকম’, হেমেন্দ্র কুমার রায়ের ‘শান্ত ছেলে’, সুভাষ মুখোপাধ্যায়ের ‘মেজাজ’। আমন্ত্রিত শিল্পী জোবায়ের জুয়েল আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীর পুরুষ’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কবির মৃত্যু’, ভাস্কর চৌধুরীর ‘আমার বন্ধু নিরঞ্জন’, পূর্ণেন্দু পত্রীর ‘সোনার মেডেল’।শারমিন মৃত্তিকা আবৃত্তি করেন মহাদেব সাহার ‘জুঁইফুলের চেয়ে সাদা ভাতই অনেক সুন্দর’, কাজী নজরুল ইসলামের ‘ব্যথা গরব’, ‘প্রীতিলতা ওয়াদ্দাদার লিখিত শেষ বিবৃতি ছাড়াও আরও কয়েকটি কবিতা। আবৃত্তি শুনতে এসেছিলেন নৃত্যশিল্পী জাহানারা ফারুক। তিনি বলেন, ‘অনুষ্ঠান ভালোই লাগছে। নতুনরা বেশ ভালো করছে।’ আগ্রাবাদের ফিরোজা খানম বলেন, ‘আবৃত্তি অনুষ্ঠান সব সময়ই খুব ভালো লাগে, তাই দেখতে আসি। আজ মূলত এসেছি শিমুল মুস্তাফার কারণে। সামনাসামনি তাঁর আবৃত্তি শুনতে।’ সব শেষে মঞ্চ আসেন শিমুল মুস্তাফা। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে হতাশা কাজ করছিল নতুন শিল্পী তৈরি হচ্ছে না বলে, আজকের নতুন শিল্পীরা আশার আলো দেখালেন’ তিনি তাঁদের আবৃত্তি ও কবিতা নির্বাচনের প্রশংসা করেন। শিমুল মুস্তাফা আবৃত্তি করেন আনিসুল হকের ‘তুই কি আমার দুঃখ হবি’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’, জয়দেব বসুর ‘নেকড়ে’, হুমায়ুন আজাদের ‘আমি সম্ভবত ছোট্ট কিছুর জন্য মারা যাব’সহ আরও কয়েকটি কবিতা। অনুষ্ঠানটির আবহসংগীত পরিকল্পনায় ছিলেন শিমুল নন্দী ও সঞ্চালনায় ছিলেন প্রণব চৌধুরী।