জাগো এবার জাগো
ঢাকার রাজপথে পা বাড়িয়েই দেখি, চারদিকে অজস্র হলুদের মেলা। জাগো ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবকেরা হলুদ টি-শার্ট পরে রাজপথে নেমেছেন যে। তাইতে এত ভিড়। ‘বছরের এই একটা দিন আমরা পথশিশুদের মতোই পথে থাকি। ফুল, পপকর্ন অথবা বেলুন বিক্রি করি। আর পথশিশুরা ওয়ান্ডারল্যান্ডে মজা করে।’ বলছিলেন ‘এ’ লেভেল পড়ুয়া মুহতাসিম ও সাদাফ।নর্থ সাউথে বিবিএ পড়ুয়া আসিফ বলেন, ‘ওরা যে কত কষ্ট করে তা কোনো দিন গাড়িতে বসে বোঝা যাবে না। আজ বুঝতে পারছি, ওরা নিয়তির কাছে কতটা অসহায়।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লিমা ও অপূর্ব অবশ্য নিয়তির চেয়ে বেশি দুষলেন মানুষের দৃষ্টিভঙ্গিকে। তাঁরা বলেন, পথশিশুদের প্রতি আমাদের আচরণ বদলালেই কেবল এদের ভাগ্য বদলানো সম্ভব। আর ছাত্রজীবন হলো কিছু করার সময়। তাই প্রতিটি তরুণের উচিত, জীবনের এই সময়ে পড়াশোনার বাইরে কিছু করা।নর্থ সাউথের রাইসা ও নাবিলা বলেন, জাগো ফাউন্ডেশনের প্রায় সব স্বেচ্ছাসেবক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। ক্লাস, পড়া বাদ দিয়ে এক দিনের জন্য হলেও পথশিশুদের জন্য কিছু করছি। এ দায়, শুধু মন থেকে আসা। বিইউপির আফরিন ও ইস্টওয়েস্টের সাকিব বলেন, ঘরে বসে সমালোচনা বা বিদ্রূপের বদলে সবার উচিত, অন্তত একটি ভালো কাজ করা। ‘এ’ লেভেলের সুদর্শনা যোগ করলেন, রাস্তায় ময়লা না ফেলা, মাদক ও ধূমপান থেকে বিরত থাকা, আয়কর পরিশোধ করা কিংবা ঘরের কাজে সাহায্যকারী শিশুটিকে কিছু শেখানো; এমন ছোট ছোট কাজগুলো করলেও তো দেশটা বদলে যায়। তাই আমরা সবাই আজ একসঙ্গে কাজ করছি পথশিশুদের জন্য। জাগো ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা করভী রাখসাদ বলেন, ‘২০০৬ সালে একটি ছোট মেয়ে পথশিশু আমার হাত জড়িয়ে ধরে বলেছিল, আমাকে তোমার সঙ্গে নেবে? আমার কেউ নেই, তুমি কী আমার বাবা হবে? তারপরই তাদের জন্য আমার জেগে ওঠা এবং জাগোর জন্ম নেওয়া। বর্তমানে জাগোতে প্রায় সাত হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। যাঁরা দেশকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। তাদের শিক্ষাদানের মাধ্যমে দেশের দারিদ্র্য দূর করার স্বপ্নই জাগোর অনুপ্রেরণা। জাগো ফাউন্ডেশনের কথা আরও জানতে ভিজিট করুন www.jaago.com.bd এই ওয়েবসাইটে।’জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার গুরুত্বপূর্ণ ক্ষেত্র ‘সবার জন্য প্রাথমিক শিক্ষা’কে মাথায় রেখে কাজ করছে জাগো। আসছে ২০ নভেম্বরের বিশ্ব শিশু দিবসের সচেতনতা তৈরির লক্ষ্যে এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিতেই ছিল জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের এক দিনের এই পদচারণে।swapno.lekhok @gmail.com