জাগো বাঙালি জাগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগরণের গান নিয়ে শুক্রবার নগরের জেলা শিল্পকলা একাডেমীতে হয়ে গেল ‘জাগো বাঙালি জাগো’ নামে জাগরণের গানের অনুষ্ঠান। প্রথম আলো বন্ধুসভা এ অনুষ্ঠানের আয়োজন করে। গান, নাচ, একাত্তরের চিঠি পাঠ আর কথামালায় সাজানো ছিল অনুষ্ঠান। সিরাজুম মুনীরার সাবলীল উপস্থাপনায় শুরুতেই গান শোনান বন্ধুসভার সাংস্কৃতিক দলের সদস্যরা। তাঁরা ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ ও ‘জয় বাংলা বাংলার জয়’ গেয়ে অনুষ্ঠান জমিয়ে তোলেন। জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন অনুষ্ঠান। ‘আজ যত যুদ্ধবাজ’, ‘মাঠে মাঠে সোনালি ধান’, ‘হেই সামালো হেই সামালো’, ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ’ গানে নৃত্যে জাগরিত হওয়ার অনুপ্রেরণা দিলেন শিল্পীরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের সদস্যরাও।আকর্ষণীয় পর্ব ছিল জাগরণের গান নিয়ে দর্শক কুইজ। পর্বটি পরিচালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিত্ চৌধুরী। তিনি বিভিন্ন গানের গীতিকার ও সুরকারের নাম জানতে চান। সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেন পাঁচজন দর্শক। এর মধ্যে বায়েজিদ ফেরদৌস ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি গেয়ে তাক লাগিয়ে দেন। একাত্তরের চিঠি বই থেকে দুটি চিঠি পাঠ করেন আবৃত্তিকার রাশেদ হাসান ও শুভ্রা বিশ্বাস।অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, বাংলালিংকের আঞ্চলিক বাণিজ্যিক প্রধান বিশ্বজিত পাল ও অরিত্র রতন সরকার।