জাগ্রত জাহাঙ্গীরনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন কে ছিল ঘরে? কি শ্রমিক, কি দিনমজুর, কি পথচারী, কি চায়ের দোকানি—বরং বলা ভালো সর্বস্তরের মানুষ সেদিন ছুটে গিয়েছিল সাভারের রানা প্লাজার সামনে। আর জীবনের মায়া ভুলে হাত লাগিয়েছিল উদ্ধারকাজে। সর্বসাধারণের সঙ্গে সেদিন উদ্ধারকজে ঝাঁপিয়ে পড়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী। সৈয়দ নাজিম সৌরভ, মাহমুদুল হাসান, বাপ্পি, কালবিন, আসিফ, আরিফুল ইসলাম, তানজিম হোসেইন, অরূপ, তাসফিয়া, গৌরব, রাজীব, সাজীদ, তূর্য, মওদুদ, ইউসুফ, আশিক, সামিসহ প্রায় ১৫০ জন। তাঁরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে পড়েন। আছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও। যেমন দর্শন বিভাগের মঈন; নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অয়ন, রাসেল ও শাওন এবং সাংবাদিকতা বিভাগের বিজয়। এই তরুণদের একটি ক্লাবও আছে, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব।গত ২৪ এপ্রিল রানা প্লাজার ধসে পড়ার দিনেই এই তরুণেরা ছুটে যান সেখানে। দুর্ঘটনার বীভৎসতা দেখে যেন হতবিহ্বল হয়ে পড়েন তাঁরা। হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। তাঁদের উদ্ধার করতে প্রাণপণ প্রতিজ্ঞা করেছেন শত শত স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী। আবার হাজার হাজার মানুষ ভিড় করে আছেন ধ্বংসস্তূপের সামনেও। এই ভিড় করা মানুষগুলো খুঁজে পাচ্ছেন না তাঁদের স্বজনদের। তাঁদের প্রিয় মানুষটি বেঁচে আছে নাকি মরে গেছে, তাঁর খবর জানতে একবার ছুটে যাচ্ছেন হাসপাতালে, একবার ছুটে যাচ্ছেন অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে।কিংকর্তব্যবিমূঢ় এই মানুষগুলোকে দেখে তাঁরাও যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ক্ষণিক পরেই অবশ্য সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই মানুষগুলোকে যেকোনোভাবে সাহায্য করতে হবে। ‘এ রকম ভাবনা থেকেই আমরা এনাম মেডিকেল কলেজের প্রধান ফটকের ভেতরে একটি তথ্য অনুসন্ধান কেন্দ্র স্থাপন করি। তারপর আমাদের প্রধান কাজ হয়ে দাঁড়াল বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে আহত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা, তথ্য অনুযায়ী তালিকা প্রস্তুত করা এবং স্বজনদের খোঁজে আসা মানুষদের সেই তালিকা মোতাবেক তথ্য জানিয়ে সাহায্য করা।’ বলছিলেন ক্লাবটির সদস্য সৈয়দ নাজিম সৌরভ। তবে এখানেই সীমাবদ্ধ ছিল না তাঁদের কর্মকাণ্ড। তাঁরা আহত ও নিখোঁজ ব্যক্তির তালিকার পাশাপাশি স্বজনদের খোঁজে আসা ব্যক্তিদেরও তালিকা করেন, যাতে পরবর্তীকালে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে তা জানানো যায়। এসব অপেক্ষমাণ স্বজনদের খাবারের ব্যবস্থাও করেন বলে জানান ক্লাবটির অন্যতম সদস্য তূর্য। ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান বলেন, ‘আমরা ঢাকা ও সাভারের মোট ২১টি হাসপাতাল ঘুরে একটি নির্ভরযোগ্য তালিকা তৈরির চেষ্টা করেছি। এই তালিকা আমাদের ওয়েবসাইটেও (www.swciba-ju.org) প্রকাশ করেছি, যাতে নিখোঁজের স্বজনেরা এখান থেকে তথ্য নিয়ে উপকৃত হতে পারেন।’ক্লাবটির সমন্বয়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক ড. শুদ্ধস্বত্ত্ব রফিক বলছিলেন, ‘আমাদের ছেলেমেয়েরা সাভারের বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রাণান্ত পরিশ্রম করেছে। তাদের এই পরিশ্রমের ফলে হয়তো একজন মা খুঁজে পেয়েছেন তাঁর সন্তানকে, একজন ভাই খুঁজে পেয়েছেন তাঁর বোনকে। তারুণ্যের মূল শক্তি এখানেই।’