জাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনামটা শুনলে ঢাকাই ফোক ছায়াছবির সংলাপের মতো লাগে। কমলার বনবাস অথবা রহিম বাদশা রূপবান কিংবা বেদের মেয়ে জোছনা ছবির সংলাপ হিসেবে বেশ মানিয়ে যায়—তোরা ছোট জাতের লোক, বেরিয়ে যা...। পুরোনো দিনের লোককাহিনিভিত্তিক ছবিতে এমন সব ঘটনা আকসার ঘটে থাকে বলে আমরা জানি। জমিদারকন্যার সঙ্গে রাখাল বালকের প্রেম। অতএব ছবির ক্লাইমেক্সের এক জায়গায় গিয়ে দাম্ভিক জমিদার কর্তৃক ‘ছোটজাত’ কিংবা ‘ছোটলোক’ আখ্যা দিয়ে দরিদ্র রাখাল বালককে অর্ধচন্দ্র প্রদান। এমনতর ঘটনা ছায়াছবির পর্দায় আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন।ঘুরেফিরে ফোক কিংবা লোককাহিনিভিত্তিক ছবির কথা বলছি কারণ আদতে হালের ঢাকাই ছবিতেও আর এসব সংলাপ চলে না। কে না জানে, উঁচু জাত নিয়ে দম্ভ করার দিন ফুরিয়েছে কবে! অন্তত এতকাল সে রকমই জানতাম। জানতাম বলেই ৩ এপ্রিল প্রথম আলোয় এমন একটা শিরোনাম পড়ে আর সহজে চোখ সরতে চায় না। গণ্যমান্য অতিথিদের জন্য আয়োজিত অনুষ্ঠানের শ্রীহানি ঘটবে বলে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে দলিত সম্প্রদায়ের ৭০ জন শিক্ষার্থীকে।ঘটনাটা যশোরের মনিরামপুরের ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।দলিত সম্প্রদায়ের শিশু বলে ওদের আলাদা করার ভাবনাটা এই সময়ে এসে কেউ একজন ভেবেছিলেন। এই ভাবনা সত্যিই মাথানত করে দেওয়ার মতো। দলিত সম্প্রদায়ের মানুষজন এই অন্যায়ের প্রতিবাদ করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে। দেরিতে হলেও তাঁরা বুঝতে পেরেছেন বাস্তব দুনিয়াটা লোককাহিনির যুগে থেমে নেই। মৌখিক ক্ষমা চাওয়ার সঙ্গে অন্তর থেকেও তাঁরা সব শিক্ষার্থীকে এখন থেকে সমান মমতা নিয়ে দেখতে শিখবেন—এই আশা করি।— ইকবাল হোসাইন চৌধুরী