জাতি ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরপর মানুষ বাঁচাতে প্রথমেই ঝাপিয়ে পড়েছিল গ্রামের বাসিন্দারা। উচ্চবিত্ত, নিম্নবিত্ত, শিক্ষিত, অশিক্ষিত, ধর্ম-বর্ণনির্বিশেষে একটাই আকুতি ছিল সেদিন—‘মানুষ বাঁচাও’। ছোট্ট ডোবায় উল্টে যাওয়া মিনি ট্রাকের ফাঁদ থেকে ওঁরা দ্রুত তুলে আনেন একের পর এক শিক্ষার্থীর নিথর দেহ। তুলতে তুলতে কারও দেহে প্রাণের স্পন্দন টের পেলে চিৎকার করে বলেছেন ‘প্রাণ আছে, প্রাণ আছে। হাসপাতালে পাঠাও।’ সে কোন ধর্মের, কোন জাতের তা তাঁরা খোঁজেননি। এই দুর্ঘটনায় আবুতোরাবের মতো একটি প্রান্তিক জনপদের বাসিন্দাদের চিরন্তন মানবতাবোধটুকুই মূর্ত হয়ে উঠেছে। সোমবারের ওই দুর্ঘটনায় ৪০ জন শিশু-কিশোর নিহত হয়। যাদের বেশির ভাগই শিক্ষার্থী। হতাহতরা বিভিন্ন ধর্মের, নানা গোত্রের। তাদের শোকে সমব্যথী ছিল সব মানুষ। হাজারো মানুষ এগিয়ে এসেছে তাদের সাহায্যে। সোমবারের দুপুরের ঘটনার পর সন্ধ্যা ছয়টার মধ্যেই শেষ হয়ে যায় উদ্ধারকাজ। এর পরও সময় যত গড়ায় ততই বাড়তে থাকে মানুষের ভিড়। ভিড় ঘটনাস্থলে, ভিড় আবুতোরাব উচ্চবিদ্যালয়ে, ভিড় নিহত ছাত্রদের বাড়িতে। কারও কোনো কাজে আসতে পারলেই নিজেকে ধন্য মনে করছেন সমব্যথী মানুষেরা। চলে আলোচনা—‘কেমন করে ঘটল এই ঘটনা। কেন এত মৃত্যু? ইত্যাদি।’অন্যদিকে রাতের নীরবতা ভেঙে মধ্য মায়ানী, পূর্ব মায়ানী, মঘাদিয়াসহ কয়েকটি গ্রামের বিভিন্ন কোন থেকে বের হয়ে আসতে থাকে কান্নার রোল। চলে কবর ও সমাধি খোঁড়ার কাজ। কান্না আর কষ্টের মধ্যে দুঃস্বপ্নের মতো একটি রাত কাটিয়েছে এই কয়েকটি গ্রামের মানুষ। দুর্ঘটনার পরপর অন্যদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীও শোক বাণী দেন। শেষে একে একে ঘটনাস্থলে ছুটে এলেন এই দুই নেত্রী শোকার্ত মা-বাবাদের সান্ত্বনা দিতে। গত বৃহস্পতিবার বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বিদ্যালয়ের মাঠে অংশ নেন শোকসভায়। তিনি ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার জন্য বলেন। শোকার্ত পরিবারগুলোকে সমবেদনা জানানোর পাশাপাশি অন্য সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। কোনো রাজনৈতিক বক্তব্য তাঁর মুখে ছিল না। যদিও এর আগে দু-একজন ছোট নেতা এই ঘটনায় সরকারের সমালোচনা করেছিলেন, কিন্তু বিরোধীদলীয় নেত্রী একেবারে শোককথনই উচ্চারণ করে গেলেন। পরে সন্তানহারা মায়েদের জড়িয়ে ধরেও অশ্রুসজল চোখে সমবেদনা জানান। এর পরদিন স্বজনদের জড়িয়ে কান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাঁদের কান্নায় স্মরণসভায় উপস্থিত অনেকের চোখও ছলছল করে ওঠে। পরে শেখ হাসিনার দেওয়া বক্তব্যও ছিল শোকাবহ। সেখানে কারও সমালোচনা নেই, নেই কোনো রাজনীতি। এর আগে সরকারি দলের অন্য নেতারা ঘটনাস্থলে আসার জন্য বিরোধীদলীয় নেত্রীকে ধন্যবাদ জানান। বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে সেদিন ঘটনাস্থলে ছিলেন মিরসরাই উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিনও। দুই দল ও দুই নেত্রীর এই আচরণ প্রশংসিত হয়েছে। সচরাচর যেকোনো ঘটনা নিয়ে দুই দল একে অপরের সমালোচনায় মুখর হয়। দুই নেত্রীও এ থেকে বাদ যান না। কিন্তু মিরসরাইয়ের ৪০ প্রাণের বিনিময়ে আমরা সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতির নজিরও দেখলাম। এটাও কম কী?