জাতিতাত্ত্বিক জাদুঘর দর্শনে বন্ধুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইতিহাসের সন্ধানে’ শিরোনামে শুরু হওয়া চট্টগ্রাম বন্ধুসভার ধারাবাহিক আয়োজনে বন্ধুরা এবার নোঙর ফেলেছিলেন নগরের আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘরে। এশিয়ার দেশগুলোর পাশাপাশি আমাদের দেশের আদিবাসী সম্প্রদায়ের জাতিতাত্ত্বিক উপাদান, সামাজিক জীবনধারা ও সংস্কৃতির ইতিহাস সম্পর্কে জানাই ছিল এবারের আয়োজনের লক্ষ্য। সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুজ্জামান।বন্ধুরা ২৫ নভেম্বর সোনালি রোদমাখা বিকেলে মিলিত হন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই জাদুঘরের সামনে। এরপর ভেতরে গিয়ে এক এক করে জেনে নেন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার কেন্দ্রবিন্দুতে ১ দশমিক ২৫ একর জমিতে জাদুঘরটি স্থাপনের সংক্ষিপ্ত ইতিহাস।১৯৭৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ, পাকিস্তান, কিরগিজস্তান ও অস্ট্রেলিয়ার ৩৬টি আদিবাসীর প্রায় এক হাজার ৫০০ জাতিতাত্ত্বিক উপাদান নিয়ে এই জাদুঘরের যাত্রা শুরু। এতে ছয়টি গ্যালারিতে ভাগ করে রাখা হয়েছে চাক্মা, মারমা, তঞ্চঙ্গ্যা, খুমি, মুরং, সাওতাল, গারো, চাক, কোচ, বম, মণিপুরি, পালিয়া, ত্রিপুরা, হাজনাগ ও শিমিজ আদিবাসীদের সমৃদ্ধ নানা উপকরণ।আরও আছে ভারতীয় আদিবাসী, পাকিস্তানি পাঠান, সিন্ধি, পাঞ্জাবি, অস্ট্রেলিয়ার অস্ট্রাল ও কিরগিজদের বিভিন্ন আলোকচিত্র। একটি গ্যালারিতে সংরক্ষিত রয়েছে প্রাচীন বার্লিন সীমানার খণ্ডিত অংশবিশেষ। নাসিরাবাদে দেশের প্রথম পাওয়া প্রাণীর জীবাশ্ম রাখা হয়েছে এখানে। জাদুঘর পরিদর্শনের পর বন্ধুরা মিলিত হন মতবিনিময় সভায়। সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন খোকনের সঞ্চালনায় জাদুঘরের ভেতরেই সভায় মূল বক্তা ছিলেন অধ্যাপক আশরাফুজ্জামান। তিনি আদিবাসী সম্প্রদায়কে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এগিয়ে আসার জন্য বন্ধুদের প্রতি আহ্বান জানান। মতবিনিময়ে অংশ নেন জি এম সুমন, হামিদুল হক, নূর নাহার বেগম, মাহমুদা বেগম, নুরুল আবরার, নাহিদা সাহিদী, সেলিনা শেলী, রিমঝিম আহমেদ, মো. রুবেল, প্রিয়াংকা মহাজন, নুসরাত জাহান, তুষার শুভ্র, ফারহানা, ফাইজা, শাহেদ, সামির, পলাশ, মোজাম্মেল, মামুন প্রমুখ।