জাতিসংঘে আমাদের দুই তরুণ
নিজের দেশকে প্রতিনিধিত্ব করা যেকোনো নাগরিকের জন্য আনন্দের। আর তা যদি হয় সারা বিশ্বের সামনে, তা হলে আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত সপ্তম ‘অ্যানুয়াল ইয়ুথ অ্যাসেম্বলি ২০১০’-এ এবার ৩৫টি দেশের তরুণেরা এসেছিলেন নিজের মতামত জানাতে। বাংলাদেশের পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন মিফতাহুল জান্নাত চৌধুরী ও হাসিব রেজা।জান্নাত ও হাসিব দুজনেই বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী এবং বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্লাবের (আইএসি) সদস্য।‘২০০৭ সালে প্রতিষ্ঠিত এ ক্লাব তরুণদের দায়িত্ব ও সমাজে তাঁদের নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রগুলো সম্বন্ধে সচেতন করে তোলে। যার ফলে জাতিসংঘের ইয়ুথ অ্যাসেম্বলিতে আমাদের পরপর দুই বছর সাফল্যের সঙ্গে অংশগ্রহণ।’ বলছিলেন মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের প্রধান এবং আইএসির প্রধান উদ্যোক্তা জি এম শহিদুল আলম। ‘জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) আওতাভুক্ত এই প্রোগ্রাম তরুণদের নেতৃত্বের উন্নয়নের ওপরই প্রধানত জোর দিয়ে থাকে। এ বছর ইয়ুথ অ্যাসেম্বলিতে সারা পৃথিবী থেকে কয়েক শ তরুণ অংশ নেন। যেহেতু বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আসেন, ফলে তাঁদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে আমরা গ্লোবাল নেটওয়ার্কিং, সংস্কৃতির আদান-প্রদান, সামাজিক কর্মকাণ্ডগুলো সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা পেয়েছি, যা আমাদের জন্য সহায়ক হয়েছে। এ ছাড়া এই লিডারশিপ প্রোগ্রাম আমাদের পেশাগত উন্নয়নের ভিত্তিটিও মজবুত করছে। ইয়ুথ অ্যাসেম্বলি সারা পৃথিবীর তরুণসমাজকে জাতিসংঘের কর্মকাণ্ডের আওতায় কাজ করতে উদ্বুদ্ধ করে এবং প্রয়োজনীয় সাহস জোগায়। যাতে তরুণ হিসেবে তাঁরা নিজেদের উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক সৌহার্দ্য, শান্তি, কূটনৈতিক এবং মানুষের নিরাপত্তার মতো ব্যাপারগুলোর উন্নতি ঘটাতে পারেন।’ এভাবে নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন মিফতাহুল জান্নাত চৌধুরী। হাসিব রেজা বলেন, ‘যদিও আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সেখানে ছিলাম। দূরত্ব যতই হোক না কেন, একটি ব্যাপারে আমরা সবাই ছিলাম এক ও অভিন্ন। আর তা হলো আমাদের নিজেদের দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্বের উন্নয়ন। দেশ, সমাজের উন্নয়নে তরুণেরা কীভাবে অংশ নিতে পারেন, সেসব বিষয়ে মতবিনিময় হয়েছে এ সম্মেলনে। আমরা অনেকের কথা জেনেছি। মনে পড়ছে, গাম্বিয়ার লতিফের কথা। যুক্তরাষ্ট্রের জনের কথা। জন নিজের বেতনের টাকা জমিয়ে রাখতেন, যা দিয়ে তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবকের কাজ করতেন নিজের উদ্যোগেই। এ সম্মেলনের অভিজ্ঞতা আমাদের দেশের যুবসমাজের উন্নয়নে কাজে লাগাতে পারি।’