জাতিসংঘে বাংলাদেশ নিয়ে বিতর্ক!

আটটি দেশের প্রতিনিধিদল উপস্থিত। জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে শুরু হলো অধিবেশন। ‘জাতিসংঘের হস্তক্ষেপই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান’ বিষয়ের ওপর হবে তর্কের লড়াই। প্রতিটি দেশের প্রতিনিধিরা তুলে ধরলেন তাঁদের বক্তব্য। পরিষ্কার করলেন তাঁদের দেশের অবস্থান। তাঁদের কারও কাছে জাতিসংঘের হস্তক্ষেপ যথাযথ, আবার কারও কাছে এটি একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার। জমে উঠল যুক্তি-তর্কের যুদ্ধ। জাতিসংঘের কোনো পরিষদে এখনো পর্যন্ত এমন বিতর্ক না হলেও চট্টগ্রামের বিতার্কিকেরা তারই মহড়া দিলেন যেন।
১০ ডিসেম্বর বিকেলে নগরের জেলা শিল্পকলা একাডেমীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত আন্ত ক্লাব বির্তক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এভাবেই জমে ওঠে বিতর্কের আসর। বিতর্ক আয়োজনে সহযোগিতা করে রোটারি ক্লাব অব ইসলামাবাদ ও ইপসা। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় চট্টগ্রামের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি দল অংশ নেয়। এর মধ্যে আটটি দল চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।
চূড়ান্ত পর্বে ভারতের প্রতিনিধিত্বকারী ইউএসটিসি দল চ্যাম্পিয়ন, পাকিস্তানের প্রতিনিধিত্বকারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় রানারআপ এবং যুক্তরাজ্যের প্রতিনিধিত্বকারী দৃষ্টি চট্টগ্রাম দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
মঙ্গলবার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে বিদেশিরা কথা বলার সুযোগ পাচ্ছে। এটা আমাদের জন্য খুব সুখকর নয়। নিজের দেশের ভেতর পক্ষ-বিপক্ষ থাকবে, কিন্তু সেটা নিয়ে বাইরের কারও হস্তক্ষেপ খুব একটা ইতিবাচক নয়।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ইসলামাবাদের সভাপতি খোরশেদুল আলম। দৃষ্টির সভাপতি কশসাফুল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন দৃষ্টির সহসভাপতি বনকুসুম বড়ুয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, আবৃত্তি সম্পাদক উর্মি আচার্য্য, সহসম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী এবং দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল।