জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শোক দিবস পালন

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট বাংলাদেশের স্থায়ী মিশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে একত্র করে যখন দেশ গড়ার সংগ্রামে নিয়োজিত হন, ঠিক তখনই ঘাতক চক্র তাঁকে কাপুরুষের মতো নির্মমভাবে হত্যা করে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের অস্তিত্ব বিলীন করাই ছিল তাদের মূল লক্ষ্য।
ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী চক্র হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করা হয়। হত্যাকারীদের পুরস্কৃত করে বিদেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি দেওয়া হয়। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। কয়েকজনের সাজা কার্যকর হয়েছে। বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা হবে। হত্যাকারী কেউ শাস্তি থেকে রেহাই পাবে না।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সাংসদ শিরীন আখতার, সাবেক সাংসদ মনিরুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট ফকির ইলিয়াস ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নিউইয়র্কের সভাপতি খালেদ আনোয়ার বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।