জাতিসংঘে বিতর্কের আমন্ত্রণ

জীবনে প্রথম বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে হার। সঙ্গে বিচারকদের তীব্র সমালোচনা। কষ্ট নিয়ে বাড়ি ফিরেছিলেন। তবে দমে যাননি। বিতার্কিক হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা ছিল নিরন্তর। মানুষের অসাধ্য কি কিছু আছে! সেই কথাটি হাড়ে হাড়ে বোঝালেন রবিউল হোসেন চৌধুরী।
আট বছরের ব্যবধানে সেই রবিউল যাচ্ছেন যুক্তরাষ্ট্রে জাতিসংঘে বিতর্কে অংশ নিতে। আগামী ১৯ থেকে ২৩ মার্চ আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠেয় ছায়া সম্মেলন ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তিনি। তরুণদের অংশগ্রহণমূলক মর্যাদাপূর্ণ এই সম্মেলনে রবিউলকে পৃষ্ঠপোষকতা করছে জার্মানির ইউনিভার্সিটি অব জিগেন।
জাতিসংঘের ছায়া সম্মেলন বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম আকর্ষণ। এই সম্মেলনে জাতিসংঘের আদলে বিভিন্ন বৈশ্বিক বিষয়ের সমঝোতা ও কূটনৈতিক তৎপরতা শেখানো হয় নির্বাচিত তরুণদের। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মেধাবীরা তুলে ধরেন জাতিসংঘ নিয়ে তাঁদের ভাবনা, বিতর্ক ও প্রস্তাবনা। বিগত ছায়া সম্মেলনটি উদ্বোধন করেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুন।
এবার ফিরে আসি রবিউলের গল্পে। চট্টগ্রামের ছেলের জন্য জার্মান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা কেন? কারণ, রবিউল ইউনিভার্সিটি অব জিগেনে রসায়নে স্নাতকোত্তর করছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে ২০১৪ সালে ফার্মেসি বিষয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষায় জার্মানিতে যান তিনি। সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।
বিজ্ঞানের ছাত্র হয়েও বিশ্বরাজনীতি সম্পর্কিত সম্মেলনে আগ্রহ কেন? রবিউলের ব্যাখ্যা—‘ফার্মেসি কিংবা রসায়নের মাধ্যমে বিশ্বরাজনীতির কিছু জানতে পারব না। তাই এই ধরনের সম্মেলনে অংশগ্রহণের বিকল্প নেই। এ ছাড়া জাতিসংঘের ছায়া বিতর্কে বৈশ্বিক প্রেক্ষাপট জানা, কূটনৈতিক আলোচনার ধরন, সমঝোতা ও নিজের চিন্তাধারা প্রতিষ্ঠা করার দক্ষতা অর্জনে খুবই কার্যকরী।’
রবিউল মনে করেন, একজন বিতার্কিকদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে সব সময় যুক্ত থাকা উচিত। তা ছাড়া একজন বিতার্কিকের ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো শ্রোতা হওয়া খুব জরুরি। যেকোনো বিষয়ের ‘কেন’ এবং ‘কেন নয়’ দুটি প্রশ্নেরই উত্তর বিতার্কিকের জানা থাকা দরকার।
হার দিয়ে বিতর্ক শুরু হলেও রবিউলের অর্জন কম নয়। ২০১২ সালে দৃষ্টি প্রিমিয়ার িলগ চ্যাম্পিয়ন ও সেরা বিতার্কিক হন। চ্যাম্পিয়ন হন ২০১৩ সালে মানবাধিকার বিতর্ক ও সিভাসু জাতীয় বিতর্ক প্রতিযোগিতায়। একই বছর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও পরিবেশ দিবস বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপের খেতাব পান। ২০১৬ সালে তাঁর ঝুলিতে যুক্ত হয়েছে বিতর্কের আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার পেয়েছেন জার্মানিতে অনুষ্ঠিত জাতিসংঘের ছায়া সম্মেলনে। তারই ধারাবাহিকতায় রবিউলের বিতর্ক এবার পৌঁছে যাবে তরুণদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে। জিগেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে এই সুযোগ গ্রহণের জন্য ইউরোপে শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলতে হয়েছে তাঁর। তাঁর অংশ নেওয়া আন্তর্জাতিক অন্যান্য জাতিসংঘ ছায়া সম্মেলনগুলো হলো জার্মানি ও ইউরোপে অনুষ্ঠিত জিগমুন ২০১৫ ও ২০১৬, পাডারবনমুন ২০১৬ এবং মিউনিখে আইজারমুন ২০১৬।
রবিউলের জন্ম চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে। বাবা আবুল হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং মা নুর জাহান বেগম ছিলেন গৃহিণী। প্রয়াত মায়ের স্বপ্ন ছিল রবিউল উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরবেন। তাই মায়ের স্বপ্ন পূরণ করতে চট্টগ্রামে ফিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চান তিনি। রবিউল চট্টগ্রামকে নিয়েও অনেক স্বপ্ন দেখেন। তিনি মনে করেন, শিক্ষা, বাণিজ্য ও গবেষণায় চট্টগ্রামই বাংলাদেশ প্রধান শহর হিসেবে পরিচয় পাবে। চট্টগ্রামের তরুণেরা আরও অনেক বেশি সৃজনশীল হবে, যা পুরো দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।