ডাক্তারি পড়ার সময়ই জণস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা ছিল জিনিয়া সুলতানার। সে সুযোগ এল এমবিবিএস শেষ করেই। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর ২০০৯ সালে তাদের প্রজনন স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির জন্য স্বেচ্ছাসেবক খুঁজছিল। আবেদনের পর কক্সবাজারে ২০০৯ সালে রোহিঙ্গাদের শিবিরে কাজের সুযোগ পান জিনিয়া। মাঝে স্নাতকোত্তরের জন্য কিছুদিন দেশের বাইরে ছিলেন। আবার ফিরে এসে যোগ দেন ইউএনএইচসিআরে। দেশের বাইরে প্রথম এই প্রতিষ্ঠানের হয়ে গেলেন আফ্রিকার দেশ লাইবেরিয়ায়। তখন পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস।
জিনিয়া সুলতানা বলছিলেন, ‘যেদিন আমি ঢাকা থেকে লাইবেরিয়া রওনা হলাম, সেদিনই দেশটিতে ইবোলার কারণে জরুরি অবস্থা জারি হলো। আমার পরিবার ও বন্ধুরা খুব চিন্তা করছিল। তবে তারা সমর্থনও দিয়েছিল।’
শরণার্থীদের জন্য কাজের স্পৃহা থামেনি জিনিয়ার। লাইবেরিয়া থেকে রুয়ান্ডা, তারপর ইথিওপিয়া। করোনা মহামারির মধ্যেই আবার ছুটে যেতে হয়েছে মিসরে। এখন তিনি সেখানেই আছেন।
অনেকে ভাবেন, জাতিসংঘ মানে শুধুই বিদেশিদের বাংলাদেশে এসে কাজ করা। কিন্তু জিনিয়ার মতো এমন অনেক বাংলাদেশি আছেন, যাঁরা ইউএনএইচসিআরের হয়ে অন্য অনেক দেশে কাজ করেন। তাঁরা ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। চাইলে যে কেউ প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে এ সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন।
অভিজ্ঞতা অনন্য
১৯৫০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্য নিয়ে ইউএনএইচসিআরের যাত্রা শুরু। ৭০ বছর ধরে সংস্থাটি বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে শরণার্থীদের জন্য। মোট ১৩৫টি দেশে আছে এই সংস্থার কার্যক্রম। এখন এসব দেশের মধ্যে ইথিওপিয়ায় কাজ করছেন বাংলাদেশের আশিস দাস। গত বছর সেখানে যোগ দিয়েছেন। কিন্তু ইউএনএইচসিআরের সঙ্গে আছেন এক দশকের বেশি সময় ধরে। শরণার্থীদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর স্মৃতিপটে বারবার ফিরে আসে ১৯৭১ সালে নিজের উদ্বাস্তু হওয়ার দিনগুলোর কথা। তখন তিনি পাঁচ বছরের শিশু। তবু তাঁর মনে আছে নির্যাতন থেকে পালানো, সাত দিন ধরে হেঁটে সীমান্তে পৌঁছানোর কথা। আশিস দাস বলছিলেন, ‘মনে আছে ভারতের ঘনবসতি ক্যাম্পের জীবনের কথা। এই অভিজ্ঞতা আমাকে অনেকখানি উদ্বুদ্ধ করেছে ইউএনএইচসিআরে হতভাগ্য মানুষ অর্থাৎ শরণার্থীদের জন্য কাজ করতে।’
বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ আছেন, যাঁরা খোদ ইউএনএইচসিআরের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় কাজ করছেন। এমন একজন মো. মাকসুদ হোসেন। ধাপে ধাপে মেধার স্বাক্ষর রেখে এই জায়গায় পৌঁছেছেন তিনি। মাকসুদ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন। ইউএনএইচসিআরে যোগ দেন ১৯৯৪ সালে। ঠিক এর আগে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করতেন। একদিন সেই অফিসে গিয়ে ইউএনএইচসিআরের নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেন। ফাইন্যান্স অ্যাসোসিয়েটস পদে লোক খুঁজছিল সংস্থাটি। মাকসুদ আবেদন করলেন। লিখিত ও মৌখিক পরীক্ষা দিলেন। এরপর ডাক এল জাতিসংঘের এই সংস্থায়। ২০০১ সালে তাঁর সুযোগ আসে জাতিসংঘের আন্তর্জাতিক পেশাগত পরীক্ষায় (ইন্টারন্যাশনালে প্রফেশনাল এক্সাম) অংশ নেওয়ার। পাকিস্তানে গিয়ে সে পরীক্ষা দিতে হয়। অংশ নেওয়া ১১ জনের মধ্যে তিনিসহ দুজন পাস করেছিলেন। ইরান অফিসে চাকরি হলো। তিন বছরের চাকরির চুক্তি শেষ হলে আবার চাকরির চেষ্টা করে ইউএনএইচসিআরের পাকিস্তান অফিসে নিয়োগ পান। সেখান থেকে হাঙ্গেরির বুদাপেস্ট, কেনিয়ার নাইরোবি হয়ে এখন আছেন জেনেভায়। তিনি বলেন, ‘কাজ আর অভিজ্ঞতাই আজ আমাকে আজকের মাকসুদ হোসেন বানিয়েছে। আমি কখনো শেখা বন্ধ করিনি। এখনো প্রতিদিন কিছু না কিছু শিখছি।’
সেবার সুযোগ
শেখার তো কোনো বয়স নেই। যেমন সেই ছোটবেলায় মা-বাবাকে পানি আনতে, রান্না করতে থালাবাসন বা কাপড় ধুতে সাহায্য করার কথা ভুলতে পারেন না উ এ মং। আর এই কাজ ও মানুষের প্রতি ভালোবাসা রাঙামাটির কাপ্তাইয়ের গ্রাম নারাংগিরিমুখ গ্রামের মংকে নিয়ে গেছে আন্তর্জাতিক এই সংস্থার হয়ে কাজের জন্য তানজানিয়ার কিবন্দো এলাকায়। উগান্ডা, অ্যাঙ্গোলা, দক্ষিণ সুদান, কেনিয়া ও ইথিওপিয়াসহ নানা দেশে। অনেক অভিজ্ঞতা হয়েছে। কখনো তা কষ্টের। মং বলেন, ‘ইথিওপিয়ার হিলাওয়েন ও কোবে শরণার্থীশিবিরে কাজ করেছি। সেখানে দুর্ভিক্ষের কারণে অনেক সোমালি শিশু মারাত্মক অপুষ্টির শিকার হয়। প্রতি সপ্তাহে নতুন করে কবর গুনতাম, তখন দুঃখে বুক ভেঙে যেত।’
এই পরিস্থিতির মধ্যে কাজ করতে গেলে মানবিক মূল্যবোধ আর শরণার্থীদের জন্য নিবেদিতপ্রাণ থাকাটা দরকার, মনে করেন উ এ মং।
মানুষের সেবার এই সুযোগ পেতে হলে কী করতে হবে, তা বাতলে দিয়েছেন বাংলাদেশে ইউএনএইচসিআরের গণসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র মোস্তফা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ইউএনএইচসিআরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম চাকরির বিজ্ঞাপন থাকে। কখনো একদম নবীনদের জন্য ইন্টার্নশিপ, কখনোবা ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মানুষের জন্য বিদেশে উচ্চপদস্থ কোনো পদ থাকে। শিক্ষাগত যোগ্যতা, প্রোফাইল আর অভিজ্ঞতা মিলে গেলে যে কেউই আবেদন করতে পারেন।
বাংলাদেশে ইউএনএইচসিআর-এর শূন্য পদ সম্পর্কে জানতে পারেন এই ঠিকানায়।
আর আন্তর্জাতিক ক্ষেত্রে ও ইউএনএইচসিআরে ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইলে ভিজিট করুন তাঁদের ওয়েবসাইট।
বাংলাদেশে ইউএনএইচসিআর-এর কাজ সম্পর্কে জানতে পারেন তাঁদের ফেসবুক পেজ থেকে।