ভিতরে সরগরম, বাইরে নীরবতা

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ২৪ সেপ্টেম্বরে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন। বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সদস্য রাষ্ট্রগুলোর অনেক রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিয়েছেন এতে।
২৪ সেপ্টেম্বর অনেকটা মনের টানেই গেলাম ওদিকে। সাবওয়ে থেকে বেরিয়ে সামনের দিকে এগোতেই টের পেলাম নিউইয়র্ক সিটির অন্য এলাকার তুলনায় এখানকার পরিবেশ অনেকটাই আলাদা। চারদিকে পুলিশের কড়া নিরাপত্তাবেষ্টনী। এরই মাঝে দেখা গেল সেকেন্ড অ্যাভিনিউয়ের একপাশে কিছু মানুষ ব্যানার হাতে যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন। তাঁদের পাশে পুলিশের আনাগোনা। সামনে এগিয়ে দেখলাম বিশ্ব জলবায়ু রক্ষার ব্যানার হাতে আরেক দিকেও কয়েকজন অবস্থান করছেন। কাছেই ব্যানার নিয়ে চায়নিজরাও রয়েছেন। তাঁদের সামনে ধূম্রকুণ্ডলীময় কারখানার চিমনির প্রতিকৃতি বসানো।
আমি এগিয়ে চললাম, লক্ষ্য সদর দপ্তরের কাছে যাওয়া। দূর থেকে দেখতে পেলাম আকাশচুম্বী জাতিসংঘ ভবন। ওখানে পুরো এলাকাজুড়ে সুনসান নীরবতা। ওদিকটায় সাধারণের প্রবেশ নিষেধ। দেখলাম, এলাকার প্রায় প্রতিটি রাস্তায় পুলিশ, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। আমি পুলিশের অনুমতি নিয়ে সদর দপ্তরের ছবি তুললাম।
কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম, তাবৎ বিশ্ববাসীর মঙ্গলের জন্য রাষ্ট্র ও সরকারপ্রধানেরা বসেছেন একসঙ্গে। মনে মনে কামনা করলাম শুভ ও সফল হোক জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন।