জাতীয় কবিতা পরিষদের নেতৃত্বে সামাদ-সুজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি মুহাম্মদ সামাদ (বাঁয়ে) কবি তারিক সুজাত (ডানে)
কবি মুহাম্মদ সামাদ (বাঁয়ে) কবি তারিক সুজাত (ডানে)

কবিতা উৎসব আর বইমেলায় আবাহন হলো রক্তরাঙা ফেব্রুয়ারির। ফেব্রুয়ারির প্রথম দুদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে হয়ে গেল জাতীয় কবিতা উৎসব। এ আসরেই জাতীয় কবিতা পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কবি মুহাম্মদ সামাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি তারিক সুজাত।

২৯তম জাতীয় কবিতা উৎসবের মঞ্চ থেকেই ২ ফেব্রুয়ারি নতুন কমিটির নাম ঘোষণা করেন জাতীয় কবিতা পরিষদের প্রধান উপদেষ্টা কবি সৈয়দ শামসুল হক। নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আসাদ চৌধুরী, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, মুহাম্মদ নুরুল হুদা, কাজী রোজী, শিহাব সরকার ও আসলাম সানী।

২০১৫-১৭ বর্ষের জন্য নবনির্বাচিত এই কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীতে আছেন যুগ্ম সম্পাদক আমিনুর রহমান সুলতান, সাংগঠনিক সম্পাদক কাজল বন্দ্যোপাধ্যায়, অর্থ সম্পাদক বুলবুল মহলানবীশ, প্রকাশনা সম্পাদক হানিফ খান, প্রচার সম্পাদক হালিম আজাদ, দপ্তর সম্পাদক আয়াত আলী পাটওয়ারী, তথ্য ও গবেষণা সম্পাদক নাহার ফরিদ খান, সাংস্কৃতিক সম্পাদক নিপু সাহাদাত, সেমিনার সম্পাদক ফয়জুল আলম পাপ্পু ও আন্তর্জাতিক সম্পাদক হারিসুল হক।

এ আসরেই কবিতা পরিষদের একটা নতুন উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন কবি সৈয়দ শামসুল হক। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন কবি বেলাল চৌধুরী, রফিক আজাদ, রবিউল হুসাইন, রুবী রহমান, হাবীবুল্লাহ সিরাজী ও নূহ-উল-আলম-লেলিন।