জাতীয় ই-তথ্যকোষ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর ইন্টারনেটে চালু হয়েছে জাতীয় ই-তথ্যকোষ। এর আগে বেশ কয়েক মাস ধরে চলেছে এ তথ্যকোষ গড়ে তোলার কাজ। কর্মশালা, প্রশিক্ষণ ইত্যাদিও হয়েছে। তাই চালু হওয়ার পর পরই সবার আগ্রহ এটা ব্যবহার করে দেখার। এ কারণেই দেখা হলো তথ্যকোষের সাইটটি। ইন্টারনেটে দেখে মনে হয়েছে, বাংলা ভাষায় অবিন্যস্ত ও দুর্বল মানের তথ্যের এক ভান্ডার হলো জাতীয় ই-তথ্যকোষ। এখানে জাতির জনক শেখ মুজিবুর রহমান লিখে খুঁজলে মোট ১১টি ফলাফল পাবেন। এর মধ্যে ছয় নম্বরে পাবেন ‘জাতীয় মহিলা সংস্থা পরিচালিত শহীদ আইভি রহমান কর্মজীবী মহিলা হোস্টেল’ পাতাটি। সাত নম্বরে পাবেন ‘ড্রাইভিং শেখা’। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দিয়ে খুঁজলে পাওয়া যাবে চারটি ফলাফল, যার মধ্যে ড্রাইভিং শেখার ব্যাপারটিও আছে। তথ্যকোষ তৈরি করেছেন যাঁরা, অর্থাৎ ‘অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম’ লিখে খুঁজলে ১০টি ফলাফল পাবেন। প্রথমটা হলো ‘নামাজের টুপি তৈরি’, পরেরটি ‘ইংলিশ ফর টুডে: সবুজ ধরিত্রী দাখিল (৯)’ এবং সর্বশেষটি হলো ‘গোপালগঞ্জ জেলার দর্শনীয় স্থান’। কোনোটাই এটুআই প্রকল্প সম্পর্কিত নয়। এই প্রোগ্রামটি এটুআই নামে বেশ পরিচিত। এবার দেখা যাক ‘এটুআই’ লিখে কিছু পাওয়া যায় কি না। না, পাওয়া যায়নি। খোঁজার ফলাফল লেখা হয়েছে, ‘কোনো ফলাফল পাওয়া যাইনি’।তথ্যকোষের মূল পাতাটি তথ্য খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের অনুকরণে তৈরি করা হয়েছে। গুগলেও বাংলায় তথ্য খোঁজা যায়। গুগলে শেখ মুজিবুর রহমান দিয়ে সার্চ দিলে দুই লাখ ১৬ হাজার, শেখ হাসিনার নামে ছয় লাখ ৯৯ হাজার, অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের জন্য ২৩ হাজার ৯০ ও এটুআই লিখে পাওয়া গেল আট হাজার ৫০টি ফলাফল। এখানেই শেষ নয়; গুগলে নৌকা লিখে পেলাম এক লাখ ৭৮ হাজার, আর তথ্যকোষে কোনো ফলাফল পাওয়া যায়নি। নদী লিখে দুটি ওয়েবসাইট পেলাম। দুটিই ভাসমান খাঁচায় মাছ চাষসংক্রান্ত। এবার মাছ চাষ লিখে খুঁজলাম। এখানে মোট ৯৪টি ফলাফলের মধ্যে পঞ্চমটি হচ্ছে ‘একজন মাছুরা’ নামে একটি ভিডিও। এই ভিডিওর বিষয়বস্তু হলো প্রতিবন্ধী নারী ও তাদের অধিকার। সবচেয়ে মজার ব্যাপার হলো, কীভাবে খুঁজতে হবে তার বর্ণনা লেখা পাতায় উদাহরণ হিসেবে ‘ধান চাষ’ লিখে খোঁজার কথা বলা হয়েছে। যখন ধান চাষ লিখে খুঁজলাম, সেখানে মোট ৬০টি ফলাফলের মধ্যে আট ও নয় নম্বর হলো আলু চাষসংক্রান্ত এবং দশমটি হলো আনারস চাষসংক্রান্ত।ডিজিটাল বাংলাদেশ দেখায় ৯৩টি ফলাফল, যার চতুর্থটি হলো বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের উৎপাদিত পণ্যের গ্যালারি। মুক্তিযুদ্ধ নিয়ে খুঁজে পেলাম পাঁচটি তথ্যপাতা। এ মুহূর্তে যে অবস্থায় আছে ই-তথ্যকোষ তা হতাশার। ২০১০ সালের মে মাস থেকে প্রায় ১০ মাসের পরিশ্রমে গড়ে তোলা একটি কাজের ফল যদি হয় এই, তাহলে তো হতাশ না হয়ে উপায় নেই। কারণ, সরকারি ও বেসরকারি প্রায় ২০০ প্রতিষ্ঠান তাদের তৈরি করা তথ্য এখানে জমা দিচ্ছে। সরকারি মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটেও হাজার হাজার তথ্য আছে। এটি সরকারি ও বেসরকারি তথ্য সমন্বয় করে ডেটাবেইস তৈরি করা হয়েছে, তাহলে এখানে কেন তথ্যের এত সংকট হবে? তা ছাড়া বাংলা উইকিপিডিয়াতেও তো অনেক তথ্য আছে।এই তথ্যকোষ তৈরি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প। এটুআইয়ের জাতীয় কর্মসূচি পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘ইন্টারনেটে কোনো কিছু খুঁজতে গিয়ে যখন সার্চ ইঞ্জিনে খোঁজ করি, দেখা যায়, যা কিছু পাওয়া যায়, সবই ইংরেজিতে। এমনকি বাংলাদেশ সম্পর্কেও সবই ইংরেজিতে। অথচ বাংলাদেশে ইংরেজি পড়ার মানুষের সংখ্যা খুবই সীমিত। এ অবস্থায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য বাংলা কনটেন্টের (বিষয়বস্তু) যে অভাব, সেটি পূরণ করতে এ তথ্যকোষ তৈরি করেছি। এখানে ৫০ হাজার পৃষ্ঠা কনটেন্ট আছে, যা আগামী দুই বছরে এক লাখ পৃষ্ঠায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।’কনটেন্ট তৈরির কাজটি কারা করছেন, সে সম্পর্কে তিনি জানান, ‘এত বড় একটি কাজ পুরোপুরি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হচ্ছে। যেহেতু সরকারের বাজেট সীমিত, তাই এমন একটি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, কনটেন্ট তৈরি করার জন্য কোনো অর্থের প্রয়োজন হবে না। অর্থ ব্যয় হবে এর ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও অন্য দেশের একই ধরনের কাজ দেখার জন্য। যেমন, উইকিপিডিয়া বা এই জাতীয় বিশ্বকোষগুলোর প্রধান কার্যালয় পরিদর্শন করে আমাদের স্বেচ্ছাসেবকেরা সমৃদ্ধ হবেন।’জানা গেল, এই তথ্যকোষ মূলত এটুআই প্রকল্পের অধীন সারা দেশে প্রতিষ্ঠিত চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র ব্যবহার করবে। তবে এটি সবার জন্য উন্মুক্ত। নজরুল ইসলাম খান বলেন, ‘তথ্যকোষের বর্তমান অবস্থা নিয়ে আমরা এখনো সন্তুষ্ট নই। কারণ, এটি আরও উন্নয়নের সুযোগ আছে। একে সন্তুষ্টির পর্যায়ে নিয়ে যেতে আরও অন্তত দুই বছর সময় লাগবে।’আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পরও যেহেতু এটি সন্তোষজনক পর্যায়ে নয়, তাই এই সাইটে ‘নির্মাণাধীন ও পরীক্ষামূলক এবং এটি তৈরিতে আপনাদের সহযোগিতা কাম্য’ লিখে রাখা ভালো। তথ্যকোষটি কার্যকর ও সমৃদ্ধ করতে কিছু বিষয় ভেবে দেখা যেতে পারে। এক. কনটেন্টের মান, মানসম্পন্ন কনটেন্ট নেই বললেই চলে। বাংলা ভাষায় সববৃহৎ ও সর্বাধিক মানসম্পন্ন তথ্যকোষ বাংলা উইকিপিডিয়াকে এখানে সব ধরনের তথ্য খোঁজার সঙ্গে যুক্ত করা উচিত। গুগল সেটা করেছে। দুই. তথ্যের মান যাচাই করার ব্যবস্থা থাকা। এ জন্য একটি দক্ষ দল তৈরি করতে হবে। যেমন, শেখ হাসিনা লিখে সার্চ দিলে চিত্রের অধীন নয়টি চিত্র পাওয়া যায়। যার কোনোটিরই ক্যাপশন নেই। তিন. এখানে যাঁরা তথ্য যোগ করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান, তাঁদের একটি সদস্য ফরম পূরণ করতে হয়। এটি পূরণ শেষে লেখা দেখা যায় আপনার তথ্যাবলি সঠিকভাবে পাঠানো হলো। প্রশ্ন হলো কোথায় পাঠানো হলো। এখন আমি কী করব? চার. এখানে বলা আছে জাতীয় ই-তথ্যকোষে সন্নিবেশিত তথ্যাবলি সাময়িক এবং চূড়ান্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারের তথ্য হিসেবে বিবেচিত হবে না। কিন্তু এ কথা বলা হয়নি, বাংলাদেশ সরকার এ ধরনের লাখ লাখ তথ্য কী প্রক্রিয়ায় চূড়ান্ত করবে এবং এটি আদৌ সম্ভব কি না?পাঁচ. এই ওয়েবসাইটের ঠিকানা হলো www.infokosh.bangladesh. gov.bd। যেখানে সবকিছুই বাংলায়, সেখানে ‘ইনফোকোষ’ কেন? এটি তো শুধু ‘কোষ’ হতে পারে। বাংলা-ইংরেজির মিশ্রণ বিভ্রান্তি আরও বাড়াবে। সবশেষে যে প্রশ্নটি না করলেই নয় সেটি হলো, এই তথ্যকোষ তৈরি করাটা এটুআই প্রকল্পের জন্য কতটা জরুরি কাজ, সেটি আবার ভেবে দেখা দরকার। কারণ, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার এই সরকারের রয়েছে, সেটি পূরণ করতে হাতে যে সময় আছে, তাতে নতুন নতুন কর্মকাণ্ডে নিয়োজিত না হয়ে বরং জাতীয় ওয়েব পোর্টাল আরও সমৃদ্ধ করা, ইউনিয়ন তথ্যকেন্দ্রগুলো জোরদার করা এবং জেলা তথ্য বাতায়নকে ঠিক করার মধ্যে নজর দেওয়া উচিত। একটি জাতীয় তথ্যকোষ তৈরি তখন আরও বেশি মর্যাদাসম্পন্ন কাজ হবে।জাতীয় ই-তথ্যকোষের তথ্যগুলোকে মোট ১১টি বিষয়ে সাজানো হয়েছে। বিষয়গুলোর অধীনে তথ্যের মোট সংখ্যা হলো দুই হাজার ৩১৯টি। বিষয়ভিত্তিক তথ্যের দুর্বলতা বোঝার জন্য ছোট দুটি শাখা শিল্প ও বাণিজ্য এবং কর্মসংস্থান দেখা যেতে পারে।বিষয় সংখ্যা কৃষি ৬৫৭ স্বাস্থ্য ৫১৪ শিক্ষা ২১৮আইন ও মানবাধিকার ২৭৬ নাগরিক সেবা ২৩৪অকৃষি উদ্যোগ ১২৮ পর্যটন ৭৮পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৭৫বিজ্ঞান ও প্রযুক্তি ১১৯শিল্প ও বাণিজ্য ১২কর্মসংস্থান ০৮সর্বমোট ২৩১৯