জাতীয় ই-তথ্যকোষের শুভ জন্মদিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরে পা দিয়েছে জাতীয় ই-তথ্যকোষ। বয়স বাড়লেও ওয়েবসাইটটির মান বাড়েনি। www.infokosh.bangladesh.gov.bd ঠিকানার ওয়েবসাইটটি উদ্বোধনের পর এটি ছিল বাংলা ভাষায় অবিন্যস্ত ও দুর্বল মানের তথ্যের বড় এক ভান্ডার।সেই অবস্থার খুব একটা হেরফের হয়নি। ৫০ হাজার পৃষ্ঠা নিয়ে যাত্রা শুরু করা ওয়েবসাইটে গত বৃহস্পতিবার পর্যন্ত হিট সংখ্যা চার লাখ দুই হাজারের বেশি। দিনের হিসাবে গড় হিট সংখ্যা এক হাজার ৫১ হলেও দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় এটি মোটেই উৎসাহব্যঞ্জক সংখ্যা নয়। এমনকি দেশের শিক্ষিত জনগোষ্ঠীর প্রায় ৪৭ শতাংশ বেকারের কথা ভাবলেও বলতে হয়, ‘জীবন-জীবিকাভিত্তিক’ তথ্য নিয়ে সাজানো এই ওয়েবসাইটে মানুষের আনাগোনা খুবই কম। পাতার পর পাতা ঘুরে দেখলাম, এমন কোনো বিষয় নেই, যেটাতে ১০০-এর বেশি হিট হয়েছে। গড় হিট সংখ্যা প্রতি পৃষ্ঠায় দশেরও কম। মনে প্রশ্ন জাগে, এই ওয়েবসাইটটি মানুষের কাছে পৌঁছাতে পারেনি কেন? সবচেয়ে জুতসই উত্তরটি হতে পারে, ওয়েবসাইটটি মানুষের মনে আস্থা তৈরি করতে পারেনি। কারণ, এখানে দেওয়া তথ্যের দায়দায়িত্ব গ্রহণ না করার মাধ্যমে ওয়েবসাইটটি এর গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই তথ্যকোষ এখানে রাখা তথ্যের সঠিকতার দায়িত্ব নিচ্ছে না, যা মূল পাতায় রাখা ‘ব্যবহারের শর্তাবলি’ বোতামের মধ্যে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, আপনি এই সাইটে প্রবেশ করামাত্র কিছু শর্ত মেনে নিচ্ছেন। যেমন, ‘এই তথ্যকোষের তথ্য এবং লিংককৃত তথ্যকোষের তথ্য ব্যবহার করার ফলে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ক্ষতির সম্মুখীন হলে তার দায়দায়িত্ব এ-টু আই প্রকল্প গ্রহণ করবে না।’ একদিকে বলা হচ্ছে, এটি হলো সরকারের সেবা-সংক্রান্ত হালনাগাদ তথ্য সরবরাহের একটি উদ্যোগ, যার মাধ্যমে দেশের জনগণের জীবন ও জীবিকা উন্নত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এখানে দেওয়া তথ্যের দায়দায়িত্ব নিচ্ছে না প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু আই প্রকল্প (বর্তমানে সাপোর্ট টু ডিজিটালবাংলাদেশ)। এই বৈপরীত্যের মধ্যে তথ্যকোষে আশা প্রকাশ করা হয়েছে, ‘এখানকার তথ্যগুলো জনগণের ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তার মানে কী? জনগণ নিজ দায়িত্বে তথ্যগুলো ব্যবহারের মাধ্যমে উপকৃত হবেন এবং ভুল তথ্য ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন?মূল পাতার নিচের দিকে থাকা ‘সদস্য হোন’ বোতাম চেপে আপনি তথ্যকোষের কনটেন্ট পার্টনার হতে পারেন। এ পর্যন্ত ২৮৯টি সংস্থা সদস্য হয়েছে। তবে এই তালিকায় ত্রুটি রয়েছে। যেমন, ইপসার (www.ypsa.org) নাম দুবার রয়েছে। এটি ওয়েবসাইটটি যারা রক্ষণাবেক্ষণে নিয়োজিত, তাঁদের অবহেলা ও অযত্নের সবচেয়ে ক্ষুদ্র উদাহরণ। তথ্যবিন্যাসগত সমস্যা, বানান ভুলসহ আরও অনেক কিছুর দিকেই নজর দেওয়া দরকার। কোষটি সম্পর্কে মতামত দেওয়ার ব্যবস্থা আছে। তবে সেই মতামত দেখে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় কি না, সন্দেহ আছে। কারণ, এক বছর পরও সাইটটির এই অবস্থা ভিন্ন কিছু মনে করিয়ে দেয়। উদ্বোধনের পর দেখা গেছে, তথ্য খোঁজার নিয়মাবলির পাতায় উদাহরণ হিসেবে ‘ধান চাষ’ লিখে খোঁজার কথা বলা হয়েছে। সে সময় ধান চাষ লিখে মোট ৬০টি ফলাফল পাওয়া গিয়েছিল, যার মধ্যে ৮ ও ৯ নম্বরে ছিল আলু চাষ-সংক্রান্ত। দশমটি ছিল আনারস চাষ-সংক্রান্ত। এক বছর পর ‘ধান চাষ’ লিখে খোঁজার পর মোট আটটি ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ৬ নম্বরটি হলো বসতবাড়িতে সবজি চাষ-সংক্রান্ত একটি ভিডিও। গুগলে ধান চাষ লিখে সার্চ করে ৭৭ হাজার ৫০০ ফলাফল পেয়েছি। ফলে তথ্যকোষটি নিয়মিত হালনাগাদ করার কথা বলা হলেও সেটি যে হচ্ছে না, তা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে।‘সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন’ প্রশ্ন শাখায় দাবি করা হয়েছে, ‘জাতীয় ই-তথ্যকোষ বাংলা ভাষায় সর্ববৃহৎ জীবন-জীবিকাভিত্তিক তথ্যভান্ডার। এই তথ্যকোষটি তৈরি করা হয়েছে সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকারিভাবে পরিচালিত দেশের চার হাজার ৫১০টি ইউনিয়ন তথ্যকেন্দ্র এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচালিত আরও দুই হাজার কেন্দ্রকে তথ্যসেবা দেওয়ার জন্য।’ অথচ দেখা যাচ্ছে, রক্ষণাবেক্ষণের নামে ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইটটি অনেক দিন ধরে বন্ধ রয়েছে। তথ্যকোষে দাবি করা হয়েছে, সমৃদ্ধকরণ একটি চলমান প্রক্রিয়া। এই কথার সঙ্গে সবাই একমত, কিন্তু স্মরণ করিয়ে দিতে চাই, সমৃদ্ধকরণের চলমান প্রক্রিয়ায় ন্যূনতম মান থাকাও আবশ্যক। [email protected]