শোক দিবসের অনুষ্ঠানে সিটি কলেজের অধ্যক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি
সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড নিছক কোনো ঘটনা নয়। ষড়যন্ত্র শুধু দেশে ছিল না, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। বঙ্গবন্ধুর আত্মত্যাগের বিনিময়ে আমরা এ সোনার বাংলা পেয়েছি। আর তাই শেখ মুজিবুর রহমানকে ছাড়া বাংলাদেশের ইতিহাস রচিত হতে পারে না। শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন ত্যাগের জন্য। বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিনই ১৫ আগস্টে কাঁদবে।’ জাতীয় শোক দিবসে সিটি কলেজের উদ্যোগে ‘বাংলাদেশের অভ্যুদয় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় শোক দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক হরিশংকর জলদাসের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পড়েন কলেজের শিক্ষক মুজাহিদ বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ বদরুল হাসান মাহমুদ। আলোচনা করেন শিক্ষক ক্লাবের সম্পাদক মো. জহিরুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মো. দৌলতুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, সৌরভ কুমার বড়ুয়া, মোস্তফা কামরুল আকতার, আকতার আলম চৌধুরী প্রমুখ। উপাধ্যক্ষ বদরুল হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবদরদি নেতা। তাঁর মৃত্যুতে বাঙালি আজ শোকাহত। এ শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠন করতে হবে। এ ছাড়া কলেজে সাত দিনব্যাপী রক্তদান কর্মসূচি, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আবৃত্তিতে প্রথম পুরস্কার পান রয়েল বড়ুয়া, রচনা প্রতিযোগিতায় (স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে) মাহফুজুর রহমান এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে সৃষ্টি বিশ্বাস। বঙ্গবন্ধুর জীবনভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মহসিন।