জাতীয় নাট্যশালায় তির্যক নাট্যমেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আগামীকাল ৫ জুন শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘তির্যক নাট্যমেলা’। চট্টগ্রামের তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে চলতে থাকা বছরব্যাপী কর্মসূচি এই নাট্যমেলার মধ্য দিয়ে শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে থাকবে তির্যকের ৪০ বছরের নাট্য স্মারক প্রদর্শনী, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন, চট্টগ্রামের লোকগান পরিবেশনা এবং নাটক প্রদর্শনী।
মেলায় ৫ জুন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে সফোক্লিস রচিত নাটক ইডিপাস এবং ৬ জুন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবী। নাটক দুটি নির্দেশনা আহমদ ইকবাল হায়দার।
৫ জুন বিকেল সাড়ে পাঁচটায় নাট্যমেলা উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। তির্যকের ৪০ বছরের নাট্য স্মারক প্রদর্শনী উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
৬ জুন বিকেল সাড়ে পাঁচটায় নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও নাসির উদ্দীন ইউসুফকে সম্মাননা জ্ঞাপন করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিজ্ঞপ্তি।