জাতীয় পরিচয়পত্র না থাকায় বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতা থাকলেও ভোটার হতে পারছেন না চট্টগ্রামের অন্তত সাড়ে তিন লাখ তরুণ-তরুণী। দুই বছর ধরে ভোটার তালিকা হালনাগাদ করা বন্ধ থাকায় তাঁরা ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না। পরিচয়পত্রের অভাবে পাসপোর্ট তৈরি, ভিসা নেওয়া, কিংবা বিভিন্ন দেশে পড়ালেখার জন্য আবেদন করাসহ ছোটখাটো অনেক কাজ করতে জটিলতা ও বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাঁদের।এসব তরুণ-তরুণীর বয়স ১৮ থেকে ১৯ বছর। ভোটার তালিকায় নাম সংযোজন এবং জাতীয় পরিচয়পত্রের জন্য প্রতিদিনই চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে ফিরে যাচ্ছেন তাঁরা। এমনই একজন ভুক্তভোগীর সঙ্গে গত বৃহস্পতিবার কথা হয় জেলা নির্বাচন কার্যালয়ে। মো. কামাল নামে ওই তরুণ জানান, ‘আমার বাবা অসুস্থ। চিকিৎসকেরা তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু জাতীয় পরিচয়পত্রের অভাবে আমার পাসপোর্ট বানাতে পারছি না। কোনোভাবেই নাকি এটা সম্ভব নয়। বাবার সঙ্গে যাওয়ার জন্য আর কেউ নেই।’নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ করা হয় ২০০৯ সালের মার্চ মাসে। ওই সময় আগের দুই বছরের নতুন ভোটার তালিকাভুক্ত করা হয়েছিল। ওই সময় নগরে এক লাখ ২৫ হাজার এবং ১৪ উপজেলায় নতুন ভোটার হয়েছিল প্রায় তিন লাখ। নির্বাচন কর্মকর্তাদের মতে, এই চার লাখ ২৫ হাজার ভোটারের মধ্যে ৯০ শতাংশই নতুন ভোটার অর্থাৎ যাঁদের বয়স ১৮ থেকে ১৯ বছর। সে হিসাবে গত দুই বছর অর্থাৎ ২০১০ ও ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত আরও অন্তত সাড়ে তিন লাখ তরুণ-তরুণী ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এ প্রসঙ্গে চট্টগ্রামের কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘২০০৯ সালে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ করা হয়। তখন যে পরিমাণ নতুন ভোটার হয়েছিল তার মধ্যে প্রায় সাড়ে তিন লাখের মতো একেবারে তরুণ। বাকিরা ২০০৭ সালে বাদ পড়া কিংবা প্রবাসী ভোটার। এখন প্রতিদিন এখানে অনেক লোক ভোটার হতে আসছেন। কিন্তু আমরা কেবল প্রবাসীদের ছাড়া আর কাউকে ভোটার করতে পারছি না।’নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বন্ধ রয়েছে। ভোটার তালিকা অধ্যাদেশ ২০০৭-এর ১১ ধারায় বলা হয়েছে, ‘প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একই ধারার ‘ক’ তে বলা হয়েছে ‘আগের বছরের দুই জানুয়ারি হতে যিনি ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার কারণে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন অথবা যোগ্য ছিলেন কিন্তু আগে তালিকাভুক্ত হননি, তাঁকে তালিকাভুক্ত করতে হবে।’ রাউজান পৌর এলাকার তরুণ রূপম ঘোষ সদ্য ১৮ বছর পার করেছে। কিন্তু তিনি এখনো ভোটার হতে পারছেন না। অথচ জাতীয় পরিচয়পত্রটি তাঁর খুব প্রয়োজন বলে তিনি জানান।বিষয়টি স্বীকার করে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. এজাহারুল হক বলেন, জাতীয় পরিচয়পত্র এখন অনেক কাজে লাগে এটা ঠিক। আগামী সপ্তাহে কমিশনে একটা সভা আছে। ওই সভায় তালিকা হালনাগাদসংক্রান্ত একটি সিদ্ধান্ত হতে পারে। অবশ্য নির্বাচন কমিশনের অপর একটি সূত্রে জানা গেছে, নতুনভাবে কমিশন গঠনের আগে আর ভোটার তালিকা হালনাগাদের সম্ভাবনা কম। ৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে।