জাতীয় স্কুল ভলিবলে খাগড়াছড়ি বালিকা উচ্চবিদ্যালয় জয়ী
খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ৩৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল ইভেন্টের শিরোপা জিতেছে। ২৪ মার্চ সকালে খুলনা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে গঠিত বকুল অঞ্চলের সেরা এই বিদ্যালয় গতবারের জয়ী চাঁপা অঞ্চলের সিরাজগঞ্জ বালিকা বালিকা উচ্চবিদ্যালয়কে ২-০ সেটে হারিয়ে এই গৌরব অর্জন করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক। উল্লেখ্য, দেশের ছয়টি বিভাগের চার অঞ্চলের চারটি শীর্ষস্থানীয় দল লিগ ভিত্তিতে চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। অপর দল দুটি হলো ঢাকা বিভাগের পদ্ম অঞ্চল ও খুলনা বিভাগের গোলাপ অঞ্চল। চট্টগ্রাম জেলার কোচ শামীম আহমেদের প্রশিক্ষণপুষ্ট খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এই নিয়ে জাতীয় স্কুল ভলিবলে দ্বিতীয়বার শিরোপা জিতল। খাগড়াছড়ি দলের খেলোয়াড়রা হলেন: মরিয়ম (অধিনায়ক), রাজিনা, রুমা, তুষি, মুক্তা, বেবি ও রেহেনা। ব্যবস্থাপক অমল মুৎসুদ্দী ও কোচ শামীম আহমেদ।অভিনন্দন: খাগড়াছড়ি বালিকা উচ্চবিদ্যালয় জাতীয় স্কুল ভলিবলে জয়ী হওয়ায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদিকা নুসরাত ইকবাল, অধ্যাপিকা হামিদা চৌধুরী, আ জ ম নাছির উদ্দিন ও মো. সরওয়ার হোসেন দলের খেলোয়ার ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি।