জাতীয় স্বার্থ ছাড়া ভরাট করা যাবে না
পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম উপাদান হিসেবে জলাশয় সংরক্ষণে সবাই এগিয়ে আসা জরুরি বলে মত দিয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম। জাতীয় স্বার্থ ছাড়া কোনো জলাশয় ভরাট করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।জাফর আলম বলেন, ‘২০০১ সালে প্রণীত আইন অনুযায়ী স্থানীয় সরকার, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) জলাশয় ও উন্মুক্ত স্থান সংরক্ষণ করবে। কিন্তু এ আইনকে বিভিন্নভাবে ফাঁকি দিয়ে জলাশয় ভরাটের কাজ চলছিল। তাই আইনটি আরও শক্তিশালী করার জন্য গত ৫ অক্টোবর সংশোধন করা হয়। সংশোধিত আইনে বলা হয়েছে, জাতীয় স্বার্থ ছাড়া কোনো জলাশয় ভরাট করা যাবে না। জলাশয় ভরাটের জন্য অবশ্যই পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগবে। নয়তো দুই থেকে ১০ লাখ টাকা জরিমানা এবং দুই থেকে ১০ বছর কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘যেহেতু জলাশয় আমাদের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম উপাদান, তাই এর সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত জলাশয়ও যদি স্থানীয় পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে তবে তা-ও ভরাট করা যাবে না। এ ক্ষেত্রে সব মহলের সচেতনতা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ অত্যন্ত জরুরি।’