জাতীয় স্বার্থে ঈদ সেলামির ব্যবহার
শিশু–কিশোর, এমনকি যুবকদের কাছেও ঈদ মানে সেলামি! কিন্তু এই সেলামিগুলো কোথায় যায়? হচ্ছে কি সেলামির সঠিক ব্যবহার? আমরা অনেক ভেবে দেখেছি, জাতীয় স্বার্থে কী করে সেলামি ব্যবহার করা যায়। এবার দেখুন আপনারাও।

জাতীয় অর্থনীতি শক্তিশালীকরণ
সরকার ইচ্ছা করলেই ঈদের সেলামির ওপর কর আরোপ করতে পারে। এই খাত থেকে বেশ বড়সড় একটা অঙ্ক জমা হতে পারে সরকারি কোষাগারে। শিশু–কিশোরদের মন বড়, তারা নিশ্চয়ই তাদের সেলামিবাবদ কর দিতে রাজি হবে। তবে সতর্ক থাকতে হবে। কারণ, কেউ কেউ কর দেওয়ার ভয়ে তার প্রকৃত সেলামি বা আয় না–ও বলতে পারে। সে ক্ষেত্রে সেলামি দেওয়ার সময় মানি রিসিটের ব্যবস্থা থাকলে এ সমস্যা থাকবে না।
পদ্মা সেতু নির্মাণ
পদ্মা নদী বয়ে চলছে, অথচ পদ্মা সেতুর দৃশ্যমান কোনো অগ্রগতি নেই! পদ্মা সেতু নির্মাণের পেছনে অর্থই যে একটা বড় সংকট, তা বলার অপেক্ষা রাখে না। ঈদ সেলামি হতে পারে পদ্মা সেতু নির্মাণে প্রধান অর্থের উৎস। দেশের বৃহত্তর স্বার্থে শিশু–কিশোরদের কাছ থেকে তাদের সেলামির কিছু অংশ পদ্মা সেতু ফান্ডে দান করার আহ্বান জানানো যেতে পারে। দেশের কথা চিন্তা করে অনেকেই এগিয়ে আসবে এ উদ্যোগে।
ব্যাংক বাঁচাতে
অনেক ব্যাংকই তারল্য সংকটে ভোগে। এ সংকট কাটিয়ে উঠতে ঈদ সেলামি জমা দেওয়ার জন্য তারা খুলতে পারে বিভিন্ন স্কিম। এ ছাড়া থাকতে পারে স্পেশাল অ্যাকাউন্ট, যেখানে ঈদ সেলামি জমা দিলে উচ্চহারে মুনাফা দেওয়া হবে। ফলে, অনেকেই তার ঈদ সেলামিটুকু জমা দেবে ব্যাংকগুলোতে। অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এই ব্যাংকগুলো।
ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাতে
ঈদ শেষ, এখনো অনেক মার্কেটে পড়ে আছে ঈদের অবিক্রীত পণ্য। এসব পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীরা দিতে পারে সেলামির টাকায় কেনাকাটা করার বিশেষ অফার। যারা সেলামির টাকায় পণ্যগুলো কিনবে, তাদের জন্য থাকবে ছাড়। একদিকে তুলনামূলকভাবে সস্তায় কেনা যাবে অনেক কিছু, অন্যদিকে ব্যবস্যায়ীরা দেখবে দুটো লাভের মুখ।