ইট-সুরকির কারুকাজ করা মনোমুগ্ধকর কিছু স্তম্ভ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। মিয়ানমারের ভাষাভাষী মগ বা রাখাইনরা এসব স্তম্ভকে ‘জাদি’ বলেন। অনেকে বলে ‘প্যাগোডা’। পাহাড়চূড়ায় এসব জাদি কে কখন নির্মাণ করেছিলেন তার সঠিক হিসাব নেই। ধারণা করা হয়, এগুলো ১৫০ থেকে ২০০ বছরের পুরনো। কক্সবাজারের ইতিহাস থেকে জানা যায়, ১৭৯০ সালের পর আরাকান থেকে মগরা এ অঞ্চলে পালিয়ে এসে পাহাড়ের চূড়ায় জাদিগুলো নির্মাণ করে। এ রকম একটি জাদির নাম ‘আবায়া সুখা টেংচ্যাংদং জাদি’। কক্সবাজার শহরের ঘোনাপাড়ায় ১৫০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় প্রায় ২০০ বছর আগে এটি স্থাপন করা হয়। কয়েক বছর আগে পাহাড় ধসে জাদিটি ভেঙে পড়ে। এরপর রাখাইন সম্প্রদায়ের সদস্যরা নতুন করে জাদিটি তৈরি করেন। তখন থেকে এই জাদিকে কেন্দ্র করে প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি থেকে টানা তিন দিন ‘জাদি উৎসব’ পালন করা হচ্ছে। জেলা সদর ছাড়াও টেকনাফ, মহেশখালী, চকরিয়া, চৌফলদন্ডি, হারবাং, খুরুশকুল, রামুসহ বিভিন্ন এলাকার রাখাইনরা এ উৎসবে সমবেত হয়। মেতে উঠে আনন্দ উল্লাসে। ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় পাহাড়চূড়ার ওই জাদি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ অধ্যাপিকা এ্যাথিন রাখাইন। তিনি উৎসবের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে কক্সবাজারসহ দেশের আনাচ-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৌদ্ধ ধর্মীয় নিদর্শন, প্রতিষ্ঠানগুলোর রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এরপর শুরু হয় ধর্মীয় গুরুদের প্রার্থনা। তারপর বেলা ১২টা পর্যন্ত চলে স্থানীয় রাখাইন তরুণীদের নাচ-গান। সন্ধ্যায় শুরু হয় পাহাড়ের নিচে ২০০ বছরের পুরোনো ‘অগ্গামেধা ক্যাং’-এ উৎসবের দ্বিতীয় পর্ব। প্রথমে আলোচনা সভা। রাত আটটার পর থেকে ভোররাত পর্যন্ত চলে মিয়ানমারের মংডু শহর থেকে আসা রাখাইন তরুণ-তরুণীদের বর্ণাঢ্য নৃত্য ও গান। ‘মহা সাংগ্রাং পোয়ে’ অর্থাৎ ‘বর্ষবরণ উৎসব’। রাখাইনরা পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে তিন দিনের ‘জলকেলি’ অথবা ‘পানিখেলা’ উৎসবের আয়োজন করে। তরুণ-তরুণীরা মূলত এই পানি খেলায় অংশ নেয়। এ সময় তরুণীরা ‘লে লে, মংরো মংরো, পেং পাদাউশে/ সাংগ্রেং ক্যালো,মংরো প্যয়ে...’। অর্থাৎ ‘ রাঙা পুষ্প শোভিত এ মাসে/ আত্মহারা হই সাংগ্রেং’র আনন্দে....’ এই গানটির সঙ্গে ফুল ছিটিয়ে পুষ্পনৃত্য পরিবেশন করেন মিয়ানমারের রাখাইন তরুণীরা। তরুণীদের পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক থামি-ব্লাউজ। এটা তাদের জাতীয় পোশাক। তারপর অতিথিদের স্বাগত জানিয়ে কক্সবাজারের রাখাইন শিল্পীদের আবার পুষ্পনৃত্য। প্রদীপ নৃত্য, মালানৃত্য, প্রজাপতি নৃত্য ছাড়াও বার্মিজ ভাষার নানা গান দর্শকদের বিমোহিত করে। মঞ্চের বাইরে খোলা মাঠে উপস্থিত রাখাইন তরুণ-তরুণীরা শেষরাত পর্যন্ত নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে। সমাপনী দিনে ধর্মীয় সভায় সকল জাতির জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে চলে বিশেষ প্রার্থনা। এই প্রার্থনা সভায় মিয়ানমারের ধর্মীয় গুরুরাও অংশ নেন। সবশেষে সদ্য সমাপ্ত এসএ গেমসের স্বর্ণপদক জয়ী জ উ প্রু এবং আদিবাসী প্রিয়দর্শিনী প্রো মা সেকে রাখাইনকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাখাইন বৌদ্ধ কল্যাণ সমিতির সভাপতি উ ক্য থিন, উৎসব উদ্যাপন কমিটির সভাপতি অং ক্য ছিন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং প্রমুখ।