তাঁর হাতের পরশে বদলে যায় অনেক কিছু। আস্ত একটা মানুষকে শূন্যে ভাসিয়ে রাখতে পারেন। জাদু-মন্ত্রে বানাতে পারেন মুণ্ডু ছাড়া মানুষও। তাঁর জাদুর ক্ষমতা দর্শকদের চোখে বিস্ময় জাগিয়ে তোলে। নিজের স্টাইলে জাদুর পরশ লাগানো এই ব্যক্তির নাম জুয়েল আইচ। পোশাকে ফুল হাতা শার্টই তাঁর সবচেয়ে পছন্দের। নানা রকমের উজ্জ্বল রঙের শার্ট পরেন তিনি। ছোট-বড় চেকের শার্ট মাঝেমধ্যে পরলেও একরঙা শার্টই বেশি ভালো লাগে তাঁর।নিজের স্টাইল সম্পর্কে জুয়েল আইচের বক্তব্য এ রকম, ‘আমি আসলে ফুল হাতা শার্ট আর ফুল প্যান্টেই স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক ধরনের ফ্যাশনই তো আসে একেক সময়। কিন্তু এই একটা পোশাকই মনে হয় কোনো প্রজন্মের সঙ্গে বেমানান হয় না। তা ছাড়া আমি সাধারণ মানুষ থেকে নিজেকে আলাদা করতেও পছন্দ করি না।’সাধারণ সাজেই যে পরিপাটি আর পরিচ্ছন্ন থাকা যায়, জুয়েল আইচ তার উদাহরণ। ঘুমানোর সময়ও ফুল হাতা শার্ট পরে বিছানায় গা এলিয়ে দেন। সকালে ঘুম থেকে উঠে নিয়মিত ইয়োগা করেন। এরপর নাশতা সেরে পত্রিকায় চোখ বোলান। তিন বেলা খাওয়ার পরেই দাঁত ব্রাশ করেন। নানা ধরনের টুথপেস্ট ব্যবহার করেন। তবে টুথপেস্টে থাকা চাই ফ্লোরাইড। শেভিং লোশনের মধ্যে ওল্ড স্পাইস ও ব্রুট পছন্দের।অনেক সময় জাদু দেখানোর অনুষ্ঠানে দ্রুত পোশাক পরিবর্তন করতে হয়। তাই আধা মিনিট সময়ের মধ্যেও তিনি তৈরি হতে পারেন। ঘড়ির প্রতি আছে আলাদা দুর্বলতা। নিয়মিত হাতে ঘড়ি পরেন। তা ছাড়া নিজের ফ্ল্যাটের প্রতিটি ঘরে আছে নানা আকারের ঘড়ি। বাড়িতে আছে লাইব্রেরি। দেশ-বিদেশের নানা বই ঠাসা সেখানে। সময় পেলেই পড়ার নেশা চাপে। বিশেষ অনুষ্ঠানে বেছে নেন পাঞ্জাবি। সাদামাটা আবার বেশ জমকালো কাজ করা দুই ধরনের পাঞ্জাবিই পরেন। অনুষ্ঠানের ধরন বুঝেই ফরমাল পোশাকে সাজান নিজেকে। শার্ট-প্যান্ট তো সব সময়ই থাকে। বাড়তি যোগ হয় টাই আর কোট। কালো রঙের জুতা পরেন সব সময়। তবে ফিতা বাঁধা জুতা একদম পছন্দ করেন না। স্যান্ডেল সাধারণত ঘরেই পরেন। চুলেও একটা নিজস্ব স্টাইল আছে। পোশাক পরার আগে ব্যবহার করেন বডি স্প্রে।বাইরে বেরোলে সঙ্গে থাকে নোটবই, কলম, টাকা আর মুঠোফোন। জাদুর পাশাপাশি বাঁশি বাজানোর নেশা আছে।যে নেশা থেকে নিজেই আবিষ্কার করেছেন একটি নতুন ধরনের বাঁশি। সংগ্রহে আছে দেশি-বিদেশি অনেক বাঁশি। নানা জাদুসামগ্রী আর দুষপ্রাপ্য জিনিস সংগ্রহে রাখার শখ আছে তাঁর। প্রতিটি শো করার আগে নিজেকে পরিচ্ছন্ন আর পরিপাটি করেই মঞ্চে আসেন। তাঁর মতে, ‘একজন জাদুকর সবার সামনে যেমন জাদু দেখাবেন, তেমনি নিজেকেও উপস্থাপন করবেন। তাই তাঁকে অবশ্যই ফিটফাট হয়ে সবার সামনে দাঁড়ানো উচিত।’