জাদুঘরে মসলিন নিয়ে অন্তত একটি গ্যালারি হোক

মসলিন নিয়ে এই প্রদর্শনীর ভাবনা কীভাবে মাথায় এল?
২০১৩ সালের নভেম্বর। আমি তখন লন্ডনে। সেখানকার দাতব্য সংস্থা স্টেপনি ট্রাস্ট আমাকে বলল, তারা এখনকার কাপড়ে পুরোনো মসলিনের নকশা ফুটিয়ে তুলেছেন। লন্ডনে এর একটি প্রদর্শনী হয়েছে। তাদের চাওয়া, দৃক যেন সেটা বাংলাদেশে নিয়ে যায়। সব শুনে আমার প্রচণ্ড আগ্রহ হলো। মসলিন নিয়ে ছেলেবেলায় কত গল্প শুনেছি! আমি তাদের বললাম, কেন আমরা এখনকার কাপড়ে মসলিনের নকশা ফুটিয়ে তুলি? কেন আবার মসলিন তৈরি করছি না? তারা বলল, এটা খুব কঠিন। সেই থেকে আমার বইপত্র ঘাঁটাঘাঁটি শুরু।
মসলিন সুতা তৈরির তুলার সন্ধান পেলেন কী করে?
মেঘনার তীরে ফুটি কার্পাসের চাষ হতো। পুরোনো মানচিত্র দেখে সেসব জায়গায় গেলাম। কাছাকাছি তিন-চার ধরনের তুলা পেলাম। আরও বইপত্র ও দলিল খুঁজতে গেলাম ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, তুরস্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স ও জর্ডানে। এরপর ভারতের নাগপুরে পেলাম মসলিনের তুলা, আদি ফুটি কার্পাসের খুব কাছাকাছি। এর নামও ফুটি কার্পাস। দেখতেও প্রায় একই রকম।
এই ফুটি কার্পাস থেকে মসলিন করলেন?
না, আগে যে তুলা পেয়েছিলাম, সেগুলো দিয়েই করেছি। তবে ফুটি কার্পাসের এত কাছাকাছি নয়। তবু কাজ শুরু করে দিলাম। তুলা নিয়ে গবেষণায় যদি আরও পাঁচ বছর লাগে, তত দিনে তাঁতিদের তৈরি করা দরকার।
তাঁতিদের সঙ্গে যোগাযোগ কীভাবে হলো?
আমাদের তাঁতিরা সর্বোচ্চ ১০০ কাউন্টের সুতা বুনতেন। আমরা ভাবলাম, ৩০০ কাউন্টের সুতা দিয়ে কাজ শুরু করব। বিভিন্ন জায়গায় খোঁজ করে ছয়-সাতজন ভালো তাঁতি পেয়েছিলাম।
মসলিনের মিথগুলো কতটা সত্য?
অনেকটাই। এর সূক্ষ্মতা-স্বচ্ছতা-সৌন্দর্য সন্দেহাতীত। তবে ইংরেজরা তাঁতিদের আঙুল কেটে দিয়েছিল, এ নিয়ে ধোঁয়াশা আছে। কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, অমুক সময়ে অমুকের আঙুল কাটা হয়েছে। ১৯২১ সালের ঢাকা মিউনিসিপ্যাল রিপোর্টে আছে, একজন লোক আঙুল কাটার অভিযোগ করেছেন। তখন এমন কথা ছড়ানোও হতে পারে। সে সময়টায় ব্রিটিশবিরোধী আন্দোলন ছিল তুঙ্গে। মসলিন, আওয়ার স্টোরি বইটিতে আমি লিখেছি, বাকিটা মানুষই বিবেচনা করুক।
সরকারের দিক থেকে সাড়া কেমন?
খুব ভালো। তবে এখনো অনেক কিছু করতে হবে। শুনেছি বস্ত্র পরিদপ্তরের অধীনে ‘মসলিন কমিশন’ হচ্ছে। আমি চাই, জাতীয় জাদুঘরে মসলিন নিয়ে অন্তত একটি গ্যালারি হোক।
সাইফুল ইসলাম প্রধান নির্বাহী কর্মকর্তা, দৃক
সাক্ষাৎকার নিয়েছেন: প্রণব ভৌমিক
আরও পড়ুন: