জাদুময় অনুভূতির দ্যোতনা
আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস চিলেকোঠার সেপাই পড়া শেষ করে আবার পড়তে শুরু করি। যতবার শেষ করি ততবার আবার পড়ি। তবু আমার পড়ার আনন্দ শেষ হয় না। এই উপন্যাসের ভাষা, শব্দচয়ন, চরিত্র বিন্যাসের বৈচিত্র্যময়তা আমাকে পুরোপুরি গল্পের মধ্যে নিমগ্ন করে রাখে। কাহিনির সঙ্গে সঙ্গে আমি কখনো শহরে, কখনো গ্রামে, কখনো বস্তিতে অথবা ধু ধু চরের মধ্যে মাইলের পর মাইল হেঁটে যাই।
উপন্যাসের দুই প্রধান চরিত্র হাড্ডি খিজির ও ওসমান। এই দুজন বইয়ের ছাপা অক্ষরের বাইরে এসে চোখের সামনে আমার আশপাশের মানুষ হয়ে ঘুরতে থাকে। ১৯৬৯-এর গণ-আন্দোলনের উত্তাল দিনগুলোতে ঢাকা শহরের অবস্থা, আন্দোলনকারী মানুষদের দিনপঞ্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা, রাজনৈতিক বিশৃঙ্খলা আর অরাজকতার মধ্যে সাধারণ নাগরিকদের মানিয়ে চলা—প্রতিটি বিষয় এতই বাস্তবভাবে উপস্থাপিত যে আমি নিজেকে সেই সময়ের একজন মানুষ ভাবতে থাকি।
বইয়ের ৩০০টি পাতার প্রতিটি লাইন আমাকে ওই সময়ের কথা বলতে থাকে। ওই সময়ে জন্ম না নিয়েও আমি লেখকের চোখ দিয়ে আমার দেশের জন্মলগ্নের ইতিহাসের সাক্ষী হয়ে যাই।
এই বইয়ের প্রতিটি পাতা, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যার জাদুময় অনুভূতির দ্যোতনা আমাকে ২০টি বছর ধরে আবিষ্ট করে রেখেছে।