জানতে চাইলে প্রশ্ন করুন
কোনো কিছু জানার জন্য সবচেয়ে সুন্দরতম মাধ্যম কী? জবাবটা খুবই সোজা, প্রশ্ন করা। শুধু জানার জন্যই কি প্রশ্ন করে মানুষ? না, সর্বাংশে তা–ও ঠিক নয়। নতুন কিছু জানা কিংবা জানানোর জন্য মানুষ যেমন প্রশ্ন করে, তেমনি প্রশ্ন করার অন্যান্য হাজারটা কারণ থাকতে পারে। তথ্য সংগ্রহ, সচেতনতা সৃষ্টি, সম্পর্ক রক্ষা, ঝগড়া মেটানো, সমস্যা সমাধান, এমনকি সিদ্ধান্ত গ্রহণ—এমন কত কারণই তো থাকে। আবার প্রশ্ন করারও নানান ধরন থাকে। কারও প্রশ্নে থাকে আন্তরিকতার ছোঁয়া, কারও প্রশ্নে তীব্র কঠোরতা—যাকে বলে প্রশ্নবাণ। আবার আছে, বোকা প্রশ্ন—যে প্রশ্নে প্রশ্নকর্তা কিংবা উত্তরদাতা, উভয়ই পড়েন বিব্রতকর অবস্থায়। অনেক শিক্ষক হয়তো ক্লাসে কারও প্রশ্ন পছন্দ না হলেই বলেন, ‘বোকা বোকা প্রশ্ন করবে না।’ তার মানে, সুন্দর এবং যথাযথ প্রশ্ন করতে পারাও একটি বিশেষ যোগ্যতা।
সে না হয় হলো; কিন্তু প্রশ্ন করা নিয়ে এত কথা কেন? এটি একটি সুন্দর প্রশ্ন বটে। আজ ১৪ মার্চ। বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন। আমৃত্যু অসংখ্য প্রশ্নের ঝুলি কাঁধে নিয়ে জবাব খুঁজে বেড়িয়েছেন যিনি। জ্ঞানানুসন্ধানে তাঁর একটি বক্তব্য বেদবাক্যের মতো মানা হয়ে থাকে। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রশ্ন করা থামানো যাবে না।’ তাঁর এবং তাঁর জ্ঞানচর্চার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ১৪ মার্চকে পালন করা হয় ‘আন্তর্জাতিক প্রশ্ন করা দিবস’ হিসেবে।
এই পর্যায়ে কিন্তু আরেকটি প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। বছরের প্রতিটি দিনই প্রশ্ন করার দিবস নয় কেন? তবে কি বছরজুড়ে সব প্রশ্ন ঝোলাবন্দী করে রেখে দেব এই দিবসটির জন্য? না, ব্যাপারটি মোটেই সে রকম নয়। বরং যখনই মনে জানার তৃষ্ণা অনুভব করবেন, তখনই প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্ন যেমনই হোক না কেন। হতে পারে ভীষণ বোকা বোকা প্রশ্ন, কিংবা উদ্ভট, অবান্তর বা অপ্রাসঙ্গিক। যদি সত্যিই আপনি জানার আগ্রহ থেকে করে থাকেন প্রশ্নটি, তবে সেটি কোনোভাবেই বোকা বা উদ্ভট প্রশ্ন নয়। জানার আগ্রহে প্রশ্ন করায় কোনো লজ্জা, অস্বস্তি বা হীনম্মন্যতা নেই। নির্দ্বিধায় যে কাউকে যখন-তখন প্রশ্ন করার ব্যাপারটিকে জনপ্রিয় করে তোলার জন্যই বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি।
ডেইজ অব দ্য ইয়ার ও ননস্টপ সেলিব্রেশনস অবলম্বনে কবীর হোসাইন