জানা নেই সমাধান

একদিন তাঁরা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছিলেন। আজ তাঁরাই অচল। সাভারে রানা প্লাজার ট্র্যাজেডির শিকার হয়ে যাঁরা বেঁচে আছেন, তাঁদের বেশির ভাগই কাটাচ্ছেন অনিশ্চিত জীবন।
ভবনধস, কারখানায় আগুন লাগা—এসব ঘটনার জন্য আমরা সবাই দায়ী। আমাদের দেশের পোশাক কারখানার মালিকেরা উপকারীর উপকার স্বীকার করা তো দূরের কথা, তাঁদের জীবন নিয়ে খেলতেও দ্বিধা করেন না। আর এ জন্যই কখনো স্পেকট্রাম, কখনো তাজরীন ফ্যাশনস, আবার কখনো রানা প্লাজার হয়ে দল বেঁধে প্রাণ দিতে হচ্ছে এসব কঠোর পরিশ্রমী মানুষকে।
দুবেলা দুমুঠো ভাত জোগানোর আশায় ভোর হওয়ার আগেই ঘর থেকে রাস্তায় বের হতে কেমন লাগে! অসুস্থতার জন্য ছুটি চাইলে চাকরি হারানোর ভয় দেখালে বুকে কেমন চাপা ক্ষোভ সৃষ্টি হয়, সেটি কি আমরা কখনো বোঝার চেষ্টা করি? সাভারে ভবনধসে আহত এক ব্যক্তির মুখে শোনা গেল আরও ভয়ংকর কথা। একটু সচ্ছলতার আশায় তিন মাস আগে ঢাকায় এসে যোগ দিয়েছিলেন রানা প্লাজার এক কারখানায়। তিন মাস একটি টাকাও বেতন পাননি, উল্টো দুর্ঘটনায় একটি হাত হারিয়েছেন। সাভারে ভবনধসে প্রতিমুহূর্তের খবর আর ছবি দেখিয়েছে আমাদের গণমাধ্যমগুলো। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিৎকার বুকে তিরের মতো আঘাত হেনেছে। মনে হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডে কারখানার মালিক আর ভবনমালিক দুজনেরই স্বার্থ জড়িয়ে ছিল। আজ বুঝলাম, জীবনের চেয়ে স্বার্থ বড়। আর যদি তা না-ই হয়, তবে কেন একটি পিলার ধসে পড়ার পরও ধমকিয়ে, চাকরি হারানোর ভয় দেখিয়ে ওই সব মানুষকে কাজ করতে বাধ্য করা হয়েছিল?
গত ২৪ এপ্রিলের আগের রাতটা তাঁরা কীভাবে কাটিয়েছেন, ভাবার চেষ্টা করি। কারণ, সেই রাতই ছিল সাভারের ঘটনায় আহত ও নিহত সব মানুষের জীবনের শেষ, সুন্দর, সুস্থ আর স্বাভাবিক রাত। মমতাময়ী মা শেষবারের মতো প্রাণপ্রিয় সন্তানকে নিজের হাতে ভাত খাইয়েছেন, জড়িয়ে ধরে ঘুমিয়েছেন। একসঙ্গে গাদাগাদি করে থাকা মেয়েগুলো হয়তো একে অন্যের সঙ্গে খুনসুটি করেছেন, মনের কথা বলেছেন। মায়ের একমাত্র ছেলে হয়তো ঘুমোতে যাওয়ার আগে উদ্গ্রীব মাকে মোবাইল ফোনে জানিয়েছেন, তিনি ঠিকমতো খেয়েছেন কি না। তাঁরা কি জানতেন, এই রাতই শেষ, আর কখনো এমন একটা রাত পাবেন না। বেঁচে আসা সব মানুষ এর পর থেকে রাতে ঘুমিয়ে স্বপ্নের বদলে সেই দুর্বিষহ স্মৃতি মনে করে চমকে উঠবেন। আর স্বজনহারা ব্যক্তিরা পরম যত্নে মনে করবেন তাঁদের আপনজনদের সঙ্গে কাটানো সুন্দর সময়গুলো। যাঁরা স্বজনের খোঁজ পাননি, লাশটাও পাননি, যাঁরা জানেনও না তাঁদের প্রিয় মানুষেরা বেঁচে আছেন, না মরে গেছেন, তাঁরা হয়তো পরম মায়াভরা ওই মুখগুলোর ছবিকে সম্বল করে বেঁচে থাকবেন চিরকাল। ২৪ এপ্রিলের পর থেকে এমনই নানা কথা ও ভাবনা ভর করছে মনে। কিন্তু সমাধান কী হবে জানি না।
সাদিয়া আজগর
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়