জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্টেশনে আগেও অনেকবার এসেছি। ঘুরতে। আজও অবশ্য আমি অপেক্ষমাণ যাত্রীদের কেউ নই। এই অপেক্ষা একজনের সাক্ষাৎ পেতে। আজই আমাদের প্রথমবারের মতো দেখা হবে।
তার সম্পর্কে বলে রাখা ভালো। আমাদের পরিচয় ফেসবুকে। ‘সাদা’ তার ছদ্মনাম। কয়েক মিনিটের জন্য ট্রেন বিরতি দিলে তখনই এক চকিত আমাদের দেখা হবে। সত্যিই কি আজ দেখা হবে?
নিজে নিজে উত্তর খুঁজি। ট্রেনে ওঠার আগে জানিয়েছিল, তার সিট ‘চ’ বগিতে। জানালা লাগোয়া। ভেবে পাচ্ছি না, কোথায় দাঁড়ালে বগির কাছাকাছি থাকা যাবে।
মনে শঙ্কার পারদ তীব্র বেগে ওঠানামা করছে। ভয়ও কাজ করছে, হবে তো দেখা? সময়টা অল্প হলেও আজ আমাদের কথাগুলো প্রাণ পাবে। ফেসবুকে আমাদের অনেক কথা হয়। কি-বোর্ডে টাইপ করা কথায় কি কোনো রং থাকে? নিজের মতো রং মিশিয়ে নিতে হয়। কোন কথাটা রাগ করে বলছে, কোনটা হাসির, কোনটা যে অভিমানের সুর, আবার কোনটা যে মন খারাপের, তা বুঝে নিতে হয়। এসব বুঝতে চাইলে নানা রঙের সঠিক ব্যবহার করতে হয়। মাঝেমধ্যে ভুল রঙের আঁচড়ও লেগে যায় কথায়। শব্দ, বাক্যের সঙ্গে এসব যোগ করেই তো পথ হাঁটছি আমরা।
সাদা যখন মন খারাপ করে থাকে, তার টাইপ করা বাংলিশ শব্দগুলো পড়ে যেন দেখতে পাই সাদাকে। সে যখন হাসির ইমোটিকন পাঠায়, আমি যেন ওর হাসিটাও শুনতে পাই। কখনো কখনো ভেংচি কাটার ইমোটিকন পাঠায়, তা-ও দেখতে পাই। আচ্ছা, ও যদি আজ কোনো কথায় ভেংচি কাটে, তবে কি ওই ইমোটিকনের মতোই দেখাবে ওর মুখ? হায়ারা...।
বিকেল সাড়ে পাঁচটায় ট্রেন স্টেশনে পৌঁছানোর কথা ছিল, এখন ছয়টা বেজে ২০ মিনিট। বাংলাদেশের ট্রেনের টাইমটেবল বলতে কিছু আছে? স্টেশনে দিনের আলো ফুরিয়ে নিয়ন আলোয় আলোকিত তখন। এদিকে অপেক্ষা যেন ফুরাচ্ছে না। হঠাৎ ট্রেনের সাইরেন শুনতে পেয়ে মনটা ভীষণ আনন্দে নেচে উঠল। হৃদ্যন্ত্রের লম্ফঝম্ফের গতিটা বেড়ে গেল। অপেক্ষা শব্দটি চাকায় পিষ্ট করে দিয়ে স্টেশনে থামল ট্রেনটি। আর আমি ছুটলাম ‘চ’ বগির খোঁজে। অবশেষে পেয়েও গেলাম। জানালার পাশেই সিটটা। আমি সাদার খুব কাছে দাঁড়ানো, অথচ বন্দী জানালার অস্বচ্ছ কাচে। দূরত্ব বলতে এতটুকুই। আঁধারের হাতে বন্দী আমিকে ভীষণ অসহায় লাগছিল। এত কাছে থেকেও যেন অনেক দূরে আমরা। অস্বচ্ছ কাচের ভেতর থেকে সাদার আবছা অবয়ব দেখতে পেলেও আমাকে আবছা আলো ও অস্বচ্ছ কাচ উপেক্ষা করে দেখতে পেল না সে।
ইকরাম মাহমুদ, টাঙ্গাইল