জানালাময়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুগ্ণ দাড়িওয়ালা লিকলিকে এক ভদ্রলোক দরজা খুললেন। তাকেই জিজ্ঞেস করলাম, ‘ভাই! এখানে কি শামীম থাকে?’ লোকটি খানিকটা অবাক চোখে আমাকে দেখল। তারপর হঠাৎ জাপটে ধরে বলল—‘এখানে কেন এসেছিস?’অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। তারপর সে-ই বলল— ‘ঠিকানা পেয়েছিস কোথায়?’‘তোদের বাসা থেকে...।’ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন কারও সঙ্গে শামীম কোনো যোগাযোগ রাখেনি। জীবন থেকে পালিয়ে বেড়ানোর কথা শুনেছি, কিন্তু এই প্রথম কাছ থেকে দেখলাম, যাকে বলে স্বেচ্ছানির্বাসন। আমার স্কুলজীবনের বন্ধু। কলেজ পেরোনোর পর আর দেখা হয়নি। অনেক কষ্টে খুঁজে বের করেছি। অবস্থা দেখে আর জিজ্ঞেস করতে সাহস হলো না, ‘কেমন আছিস?’ একটু ঘুরিয়ে বললাম—‘তারপর, কী খবর বল?’কোনো উত্তর না দিয়ে বলল—‘ভিতরে আয়, বস।’ঘরে হাতে গোনা কয়েকটি জিনিসপত্র—একটা ট্রাংক, একটা টেবিল-চেয়ার, মেঝেতে এলোমেলো বিছানা। দেয়ালে আধখোলা মশারিটা কবে থেকে ঝুলে আছে, কে জানে। এদিক-ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলাম— ‘এত বেহাল অবস্থায় পড়লি কীভাবে?’‘সে অনেক কথা।’‘বিয়ে-শাদি করবি না?’শামীম মুখ তুলে আহত চোখে তাকাল। কোনো উত্তর দিল না। তাই প্রসঙ্গ ঘুরিয়ে বললাম—‘তুই না ক্যাম্পাসে রাজনীতি করতি?’অস্ফুট স্বরে বলে উঠল—‘তাই তো এই দশা...।’অনেক দিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হলে কথার সুর, তাল কিছুই মেলে না। সময় লাগে। তাই আবারও প্রসঙ্গ ঘোরালাম— ‘তোর চোখ এত লাল কেন?’‘জ্বর।’‘জ্বর বাঁধালি কী করে?’একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে শামীম নিচু স্বরে বলা শুরু করল— ‘সেদিন বিকেলে পাবলিক লাইব্রেরিতে যাচ্ছিলাম। বিশ-পঁচিশ মিনিট হেঁটেও একটা রিকশা পাচ্ছিলাম না। সকাল থেকেই আকাশটা ঘোলা ঘোলা ছিল, কিন্তু ওই মেঘ যে এত জলবতী, প্রলয়ংকরী হতে পারে ভাবতেই পারিনি। নিরুপায় হয়ে একটি একতলা বাড়ির জানালার কার্নিশের নিচে আশ্রয় নিয়েছি। মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। একবার ডান দিকে ভেজে তো আরেকবার বাঁ দিকে। আমি মাদারীপুরে চাকরি-সূত্রে নবাগত। কোথায় যাব? কাউকেই তো চিনি না। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ভাবছি, বাড়িতে কেউ আছে কি না কে জানে! জানালার পাশেই বিছানা, বাতাসে জানালার পর্দা উড়িয়ে বিছানা-বালিশ ভিজিয়ে দিচ্ছিল। হঠাৎ প্রচণ্ড জোরে জানালার একটা কপাট টান দেওয়ার শব্দ হলো। অল্পের জন্য রক্ষা। তারপর ধমকের স্বরে বলল—‘সরে দাঁড়ান তো। জানালা বন্ধ করব। সব ভিজে যাচ্ছে!’ ‘জীবনে কখনো কারও ধমক এত মিষ্টি লাগেনি। ঘাড় ঘুরিয়ে দেখি নীলা। চোখের পাতা স্থির হয়ে গেল। আজকাল আমাকে কেউ তেমন চিনতে পারে না। কিন্তু নীলার একটুও দেরি হলো না। দুজনেই বলে উঠলাম, ‘তুমি এখানে!’ অনেক দিন এত বিস্মিত হইনি। কত কথা মনে পড়ে গেল! কথা ছিল পাস করেই বিয়ে...। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক মারামারিতে আমার একটা পা আর চোয়াল ভেঙে গেল। দেখিস না? বাঁকা মুখ ঢাকার জন্য দাড়ি রেখেছি।’ ‘তারপর?’‘পুরো বছরটা হাসপাতালেই থাকতে হলো। বন্ধুরা সবাই পাস করে চলে গেল। কিন্তু নীলা নিয়মিত হাসপাতালে আসত। কান্নাকাটি করত। শেষ পর্যন্ত আমিই সিদ্ধান্তটা নিয়েছিলাম, এমন জীবনের সঙ্গে ওকে জড়াব না। পরিবারের চাপে অনেক দিন পর বেচারি বিয়েতে রাজি হলো। বর সরকারি কর্মকর্তা। শ্বশুরবাড়ি মাদারীপুর। নীলাই জানিয়েছিল। খবরটা আমার জন্য যতই কষ্টের হোক, তার পরেও ভালো। একজীবনে দুজন কষ্ট করার চেয়ে একজনই করি। কী বলিস?’‘হু। তারপর?’‘জানালার গ্রিল ধরে পরস্পর কতক্ষণ তাকিয়ে ছিলাম, বুঝতে পারিনি। বৃষ্টিতে তো ভিজছিলামই, কিন্তু কখন যে চোখের জলেও ভিজেছি তা খেয়ালই করিনি। অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেল। একবার নীলাকে ফোনে বলেছিলাম—‘বিকেলে এসো।’‘কোথায়?’‘ভালোবাসা টাওয়ারে।’‘সেটা কোথায়?’‘প্রেম চক্করের কাছে।’‘আসব কীভাবে?’‘জীবনওয়ালাকে বলবে, মনের ভেতর দিয়ে ঢুকে বামে।’ নীলার কথায় সংবিৎ ফিরে পেলাম। সে বলল—‘এভাবে ভিজছ কেন? ঘরে আসো।’জানালা দিয়ে বিছানায় পাশাপাশি বালিশ দুটি চোখে পড়ল। বুকের মধ্যে কেমন জানি উথাল-পাতাল করে উঠল। নীলা দরজা খুলে একটা ছাতা নিয়ে এগোচ্ছে। তক্ষুনি অসুরের মতো গোঁফওয়ালা এক লোক রিকশা থেকে বাসার সামনে নামল। নীলা গিয়ে তার মাথায়ই ছাতাটা ধরল। আমি নিঃসঙ্গতাকে সঙ্গী করে ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে অপরিচিতের মতো হাঁটা দিলাম। এত দিন পরে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, এখনো তাকে ভুলি নাই...।’ শাখাওয়াৎ নয়নঅস্ট্রেলিয়া[email protected]